খুঁজুন
                               
, ,
           

হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯০

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩৯০

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৯০ শিশু। এ ছাড়া ১০২ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে দুজন এবং নিশ্চিত হামে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে একজন ও সিলেটে একজন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৪০ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩৬ জনের মৃত্যু হয়েছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮০ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে দেশে সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২ হাজার ২৯৩ জনে।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১১০ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২০ জনে।

সরকারি হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ২২ হাজার ৩১৩ জন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

বন্দরের গতি বাড়াতে এনসিটিতে ডিপি ওয়ার্ল্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
বন্দরের গতি বাড়াতে এনসিটিতে ডিপি ওয়ার্ল্ড

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার চুক্তির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন বাম রাজনৈতিক ও শ্রমিক সংগঠন। মিছিলটি ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ের সামনে পৌঁছালে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ করেছে আন্দোলনকারীদের একটি জোট; তবে পুলিশ বলছে, কাউকে লাঠিপেটা করা হয়নি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টার দিকে ‘সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট’সহ বিভিন্ন বাম রাজনৈতিক ও শ্রমিক সংগঠনের ব্যানারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচ থেকে মিছিল নিয়ে ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ের দিকে যান তারা।

  • ১৫ বছরের চুক্তি সই; আধুনিকায়ন ও প্রযুক্তিতে ১,০০০ কোটির বেশি বিনিয়োগ
  • থাকবে কঠোর কর্মদক্ষতা নজরদারি

গাড়ি আটকে বিক্ষোভ, মুখোমুখি পুলিশ
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ইনভেস্ট বাংলাদেশ কার্যালয়ের সামনে পৌঁছে আন্দোলনকারীরা ভবনে গাড়ি প্রবেশে বাধা দেন। এ সময় বিদেশি প্রতিষ্ঠানের হাতে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্লোগান দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
শেরেবাংলা নগর থানার ওসি মনিরুল ইসলাম মনির বলেন, বিক্ষোভকারীদের কয়েকজন মন্ত্রী-এমপিসহ বিভিন্ন ব্যক্তির গাড়ির নিচে শুয়ে পড়ছিলেন। এতে গাড়ি চলাচলে বাধা তৈরি হওয়ায় পুলিশ তাদের সরিয়ে দেয়। তিনি বলেন, ‘লাঠি দিয়ে কাউকে আঘাত করা হয়নি।’

আহতের অভিযোগ আন্দোলনকারীদের
পুলিশের বক্তব্যের বিপরীতে ‘গণতান্ত্রিক অধিকার কমিটি’ অভিযোগ করেছে, বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করা হয়েছে। সংগঠনটির বিবৃতিতে বলা হয়, পুলিশের লাঠিচার্জে কমিটির সদস্য সীমা দত্ত, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও নেতা মনিরুজ্জামান মিলন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনীষা চক্রবর্তী এবং ছাত্র ইউনিয়নের আসিফ জামানসহ কয়েকজন আহত হয়েছেন।
চুক্তির প্রতিবাদ এবং পুলিশের হামলার নিন্দা জানিয়ে দেওয়া বিবৃতিতে সংগঠনটি বলেছে, বন্দর পরিচালনার মতো গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে প্রতিবাদ জানানোর অধিকার বাধাগ্রস্ত করা হয়েছে।

‘বন্দর বিদেশিদের হাতে দেওয়া যাবে না’
আন্দোলনকারীদের দাবি, দেশের প্রধান সমুদ্রবন্দরের গুরুত্বপূর্ণ টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকি তৈরি করবে। তাদের ভাষ্য, দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদের ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া দীর্ঘমেয়াদে দেশের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে।

তারা আরও দাবি করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে দেশি অপারেটরের মাধ্যমে এনসিটি পরিচালিত হয়ে লাভজনক অবস্থানে ছিল। এরপর টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডের হাতে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে প্রক্রিয়াটি আরও এগিয়ে নেয়। শ্রমিক আন্দোলনের মুখে গত ৮ ফেব্রুয়ারি উদ্যোগটি স্থগিত হলেও বর্তমান সরকার আবার আলোচনা শুরু করে চুক্তি সম্পন্ন করেছে ।

কালের আলো/এসকে/এমএসআইপি

আদালতে পলকের ক্ষোভ, পিপিকে বললেন ‘আমার স্থান বেশি দূরে নয়’

আদালত প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
আদালতে পলকের ক্ষোভ, পিপিকে বললেন ‘আমার স্থান বেশি দূরে নয়’

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় আদালতে হাজির করার সময় পেছনে হাতকড়া পরানো ও লিফট চালু থাকা সত্ত্বেও সিঁড়ি দিয়ে ষষ্ঠ তলায় ওঠানো নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় আদালতের পাবলিক প্রসিকিউটরকে (পিপি) উদ্দেশ করে তিনি বলেন, ‘পিপি সাহেবের বোঝা উচিত, তার সেই স্থান থেকে আমার এই স্থান বেশি দূরে নয়।’

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলমের আদালতে দাঁড়িয়ে এসব কথা বলেন পলক।

আদালতে পলক বলেন, ‘হাতকড়ি পেছনে দিয়ে আমাকে সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। আদালতের কাছে আমার অনুরোধ, হাতকড়ি সামনে দেওয়ার ব্যবস্থা করা হোক।’

আদালত থেকে নামার সময়ও তিনি প্রশ্ন করেন, ‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’

পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বলেন, আদালতে আনার সময় লিফট চালু থাকা সত্ত্বেও পলককে সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে। তাদের হাতে জংধরা হ্যান্ডকাফ এবং পরনে বুলেটপ্রুফ জ্যাকেটও ছিল। এসব কারণে তারা অসুস্থ হয়ে পড়তে পারেন বলে দাবি করেন তিনি।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন জানান, এ মামলার দুই আসামি সাজ্জাদ হোসেন ও নাইমুল হাসান রাসেলের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি থাকায় তাদের আদালতে হাজির করতে পারেনি কারা কর্তৃপক্ষ। এ কারণে বিচারক মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন।

আদালত সূত্র জানায়, এদিন কারাগারে থাকা আট আসামিকে আদালতে হাজির করা হয়। মামলায় মোট ৩৪ আসামির মধ্যে ১০ জন কারাগারে আটক রয়েছেন। বাকি ২৪ জন শুরু থেকেই পলাতক।

মামলার অভিযোগ অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ওই ঘটনায় ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক আকরামুজ্জামান শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাসহ আরও অনেকে। এ মামলায় পলক, সাদেক, ফুরকান ও শাহজাহান কারাগারে আটক রয়েছেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে গুলি, গ্রেপ্তার ৫

চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
জঙ্গল সলিমপুরে পুলিশের অভিযানে গুলি, গ্রেপ্তার ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় পুলিশের অভিযানের খবর পেয়ে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। পরে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইয়াছিনের পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরের দিকে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে গোলাগুলিতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছিল। পুলিশের উপস্থিতি ও অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পরে অভিযান চালিয়ে ইয়াছিনের পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি ও অস্ত্র মজুতের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পাহাড়ের ভেতরে আত্মগোপনের চেষ্টা করে। পরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় জমি দখল, পাহাড় কাটা, প্লট বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে। এর মধ্যে ইয়াছিন বাহিনী অন্যতম। স্থানীয় সূত্রের দাবি, আলীনগর এলাকায় ইয়াছিনের নিয়ন্ত্রণ ছিল।

এর আগে গত ৯ মার্চ জঙ্গল সলিমপুরে প্রায় ৩ হাজার ২০০ সদস্যের অংশগ্রহণে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি। ওই অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা হলেও ইয়াছিন ও রোকন উদ্দিনসহ কয়েকজন শীর্ষ ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হন।

কালের আলো/এসকে/এমএসআইপি