খুঁজুন
                               
, ,
           

প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
প্রকৃত মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: রাষ্ট্রপতি

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বঙ্গভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীরের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, দেশের জন্য মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ তালিকা প্রণয়ন ও স্বীকৃতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও উপস্থাপনের ক্ষেত্রে সবাইকে দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে, যাতে কোনো ধরনের বিভ্রান্তি বা অস্পষ্টতা তৈরি না হয়।

রাষ্ট্রপতি জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন। একই সঙ্গে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মুক্তিযুদ্ধের ঐতিহাসিক মূল্যবোধ সমুন্নত রাখার আহ্বান জানান।

সাক্ষাতে প্রতিনিধি দলের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি ও কল্যাণসংক্রান্ত বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরা হয়। তারা বিগত সরকারের সময়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি এবং মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস, আদর্শ ও চেতনাকে বিকৃত করার অভিযোগ করেন।

এ সময় মুক্তিযোদ্ধারা নিজেদের উদ্যোগে একটি শান্তিপূর্ণ সমাবেশ আয়োজনের বিষয়টিও রাষ্ট্রপতিকে জানান। তাদের বক্তব্য শোনার পর মুক্তিযোদ্ধাদের কল্যাণ ও মর্যাদা রক্ষায় উত্থাপিত বিষয়গুলো যথাযথভাবে বিবেচনার আশ্বাস দেন রাষ্ট্রপতি।
সাক্ষাৎকালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মেজর সৈয়দ মুনিবুর রহমান (অব.), সদস্য-সচিব সাদেক আহমেদ খানসহ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

আশুলিয়ায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, ছুটে গেল ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
আশুলিয়ায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, ছুটে গেল ৪ ইউনিট

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছিল। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

শ্রীপুরে গুলি ছুড়ে প্রাইভেটকার থামিয়ে ৩ কোটি টাকা লুট

গাজীপুর সংবাদদাতা
প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
শ্রীপুরে গুলি ছুড়ে প্রাইভেটকার থামিয়ে ৩ কোটি টাকা লুট

গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের কর্মীকে গুলি করে তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ ব্যবস্থাপক হিমেল গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া প্রাইভেটকারচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় গজারি বনের পাশে এ ঘটনা ঘটে।

প্রাইভেটকারচালক লাল মিয়া ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ নামের একটি বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের চার কোটি টাকা তিনটি প্লাস্টিকের বস্তায় ভরে নরসিংদী থেকে প্রাইভেটকারে করে নেওয়া হচ্ছিল। গাড়িটি শ্রীপুরের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি গুলি ছুড়ে গাড়িটির গতিরোধ করেন।

এ সময় হিসাবরক্ষণ ব্যবস্থাপক হিমেল গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা টাকা ভর্তি তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায়। ওই দুটি বস্তায় তিন কোটি টাকা ছিল বলে দাবি করা হয়েছে। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদও আহত হন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনিক সরকার জানান, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, টাকা ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

১২৪ রানের উদ্বোধনী জুটি, দিন শেষে বাংলাদেশের ৩১৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
১২৪ রানের উদ্বোধনী জুটি, দিন শেষে বাংলাদেশের ৩১৭

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেলেও দিনের দ্বিতীয় ও শেষ সেশনে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেছেন তানজিদ হাসান। সাদমান ইসলাম করেছেন ৬৭ রান।

শুক্রবার (৯ অক্টোবর) দিনের শুরুতে তানজিদ ও সাদমানের ব্যাটে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১২৪ রান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন তানজিদ। অন্যদিকে ১১১ বল মোকাবিলা করে ৭টি চারের সাহায্যে ৬৭ রান করেন সাদমান।

ওপেনিং জুটি ভাঙার পরও ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। মুমিনুল হক করেন ৩৯ রান। একপর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ২২১ রান। কিন্তু এরপর দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দল। কোনো রান না করেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৯ রান। ফলে ২২১ থেকে ২২৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

এরপর লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দল। ৮৯ বলে ৫৩ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। তাঁর সঙ্গে মেহেদী হাসান মিরাজ যোগ করেন ২৪ রান। লিটনের হাফসেঞ্চুরিতে তিনশ রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ। তবে সপ্তম উইকেট হিসেবে লিটন আউট হলে আবারও চাপে পড়ে স্বাগতিকরা।

দিনের খেলা শেষে নাঈম হাসান ১১ এবং তাইজুল ইসলাম ৪ রানে অপরাজিত রয়েছেন।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ সেলিম। ৭০ রান দিয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট। ইয়ামিন আহমদজাই ও ইসমত আলম পেয়েছেন ২টি করে উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন কায়েস আহমেদ।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ তিনশ ছাড়ালেও শেষ সেশনে ধারাবাহিকভাবে উইকেট হারানোয় বড় সংগ্রহের সম্ভাবনা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে পিচে স্পিনারদের টার্ন ও পেসারদের রিভার্স সুইং থাকায় পরের দিন ম্যাচে লড়াই আরও জমে ওঠার সম্ভাবনা রয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি