খুঁজুন
                               
, ,
           

শেখ রেহানার ফেসবুক পোস্ট যাচাই করা দরকার: রাশেদ খান

মাগুরা সংবাদদাতা
প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৩১ অপরাহ্ণ
শেখ রেহানার ফেসবুক পোস্ট যাচাই করা দরকার: রাশেদ খান

অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আর আসবেন না’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শেখ রেহানার সাম্প্রতিক একটি ফেসবুক পোস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ ধরনের তথ্য যাচাই করা প্রয়োজন। পাশাপাশি গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে জুলাই আন্দোলনে নিহত মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, ‘অনেক ডিসেম্বর আসবে, শেখ হাসিনা আসবেন না।’ শেখ রেহানা সম্প্রতি ফেসবুকে এ ধরনের তথ্য দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি যাচাই করা দরকার।

রাশেদ খান আরও বলেন, দেশে হত্যাকাণ্ডের ঘটনায় যাঁরা আদালতে মৃত্যুদণ্ড পেয়েছেন, তাঁরা দেশে ফিরতে চাইবেন কি না, সেটিও প্রশ্নের বিষয়। তাঁর মতে, আওয়ামী লীগের রাজনীতি এখন ফেসবুক ও ইউটিউবনির্ভর হয়ে পড়েছে। এ কারণে গুজব ছড়ানো সহজ হচ্ছে। তাই গুজবে কান না দেওয়াই ভালো।

উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাগুরা-ঢাকা সড়কের ব্রিজ এলাকায় নিহত হন তৎকালীন জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান রাব্বি। ওই সময় তাঁর স্ত্রী কানিজ ফাতেমা রুমি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বর্তমানে তাঁদের কন্যাসন্তানের বয়স দুই বছর।

সাক্ষাৎকালে রাশেদ খান রাব্বির পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

আশুলিয়ায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, ছুটে গেল ৪ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
আশুলিয়ায় তুলার গোডাউনে অগ্নিকাণ্ড, ছুটে গেল ৪ ইউনিট

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে জামগড়া এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গোডাউনে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছিল। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

শ্রীপুরে গুলি ছুড়ে প্রাইভেটকার থামিয়ে ৩ কোটি টাকা লুট

গাজীপুর সংবাদদাতা
প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
শ্রীপুরে গুলি ছুড়ে প্রাইভেটকার থামিয়ে ৩ কোটি টাকা লুট

গাজীপুরের শ্রীপুরে বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের কর্মীকে গুলি করে তিন কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ ব্যবস্থাপক হিমেল গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়া প্রাইভেটকারচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ আহত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় গজারি বনের পাশে এ ঘটনা ঘটে।

প্রাইভেটকারচালক লাল মিয়া ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ নামের একটি বিকাশ এজেন্ট প্রতিষ্ঠানের চার কোটি টাকা তিনটি প্লাস্টিকের বস্তায় ভরে নরসিংদী থেকে প্রাইভেটকারে করে নেওয়া হচ্ছিল। গাড়িটি শ্রীপুরের কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি গুলি ছুড়ে গাড়িটির গতিরোধ করেন।

এ সময় হিসাবরক্ষণ ব্যবস্থাপক হিমেল গুলিবিদ্ধ হন। পরে দুর্বৃত্তরা টাকা ভর্তি তিনটি বস্তার মধ্যে দুটি নিয়ে পালিয়ে যায়। ওই দুটি বস্তায় তিন কোটি টাকা ছিল বলে দাবি করা হয়েছে। ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তিতে চালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদও আহত হন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনিক সরকার জানান, গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, টাকা ছিনতাইয়ের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

কালের আলো/এসকে/এমএসআইপি 

১২৪ রানের উদ্বোধনী জুটি, দিন শেষে বাংলাদেশের ৩১৭

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
১২৪ রানের উদ্বোধনী জুটি, দিন শেষে বাংলাদেশের ৩১৭

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন শেষে ৮ উইকেট হারিয়ে ৩১৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। আবুধাবিতে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেলেও দিনের দ্বিতীয় ও শেষ সেশনে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেছেন তানজিদ হাসান। সাদমান ইসলাম করেছেন ৬৭ রান।

শুক্রবার (৯ অক্টোবর) দিনের শুরুতে তানজিদ ও সাদমানের ব্যাটে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে দুজন যোগ করেন ১২৪ রান। আক্রমণাত্মক ব্যাটিংয়ে মাত্র ৭১ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৩ রান করেন তানজিদ। অন্যদিকে ১১১ বল মোকাবিলা করে ৭টি চারের সাহায্যে ৬৭ রান করেন সাদমান।

ওপেনিং জুটি ভাঙার পরও ভালো অবস্থানে ছিল বাংলাদেশ। মুমিনুল হক করেন ৩৯ রান। একপর্যায়ে ৩ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ছিল ২২১ রান। কিন্তু এরপর দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে দল। কোনো রান না করেই সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত করেন ২৯ রান। ফলে ২২১ থেকে ২২৫ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ।

এরপর লিটন দাসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দল। ৮৯ বলে ৫৩ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি। তাঁর সঙ্গে মেহেদী হাসান মিরাজ যোগ করেন ২৪ রান। লিটনের হাফসেঞ্চুরিতে তিনশ রানের গণ্ডি পেরোয় বাংলাদেশ। তবে সপ্তম উইকেট হিসেবে লিটন আউট হলে আবারও চাপে পড়ে স্বাগতিকরা।

দিনের খেলা শেষে নাঈম হাসান ১১ এবং তাইজুল ইসলাম ৪ রানে অপরাজিত রয়েছেন।

আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল মোহাম্মদ সেলিম। ৭০ রান দিয়ে তিনি নিয়েছেন ৩ উইকেট। ইয়ামিন আহমদজাই ও ইসমত আলম পেয়েছেন ২টি করে উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন কায়েস আহমেদ।

প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ তিনশ ছাড়ালেও শেষ সেশনে ধারাবাহিকভাবে উইকেট হারানোয় বড় সংগ্রহের সম্ভাবনা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। অন্যদিকে পিচে স্পিনারদের টার্ন ও পেসারদের রিভার্স সুইং থাকায় পরের দিন ম্যাচে লড়াই আরও জমে ওঠার সম্ভাবনা রয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি