শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে মণ্ডপে পাহারা দেবে বিএনপি
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে দেশের বিভিন্ন পূজামণ্ডপে পাহারার ব্যবস্থা করবে বিএনপি। পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে দলটির নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতারা নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করবেন।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান দলটির যুগ্ম মহাসচিব ও কমিটির আহ্বায়ক খায়রুল কবির খোকন।
খায়রুল কবির খোকন বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিএনপি প্রয়োজনীয় সহযোগিতা দেবে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় দলের নেতারা এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন। প্রতিটি ওয়ার্ডের পূজামণ্ডপে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে স্থানীয় নেতাকর্মীরা কাজ করবেন।
তিনি আরও বলেন, প্রতিটি এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বিএনপি নেতারা পূজা উদযাপন কমিটি ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করবেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ যাতে নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, দুর্গাপূজা বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব। শান্তিপূর্ণভাবে এ উৎসব উদযাপনের পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের ধর্মীয় অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার পক্ষে বিএনপি।
অতীতেও পূজামণ্ডপের নিরাপত্তায় দলের নেতাকর্মীরা দায়িত্ব পালন করেছেন উল্লেখ করে খায়রুল কবির খোকন বলেন, এবারও যাতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, সে বিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
বৈঠকে বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির সদস্যসচিব ও যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সসহ কমিটির সদস্য জয়ন্ত কুমার কুণ্ডু, অপর্ণা রায় দাস, অমলেন্দু দাস অপু, জন গোমেজ, অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, রমেশ দত্ত, পার্থ দে মণ্ডল, জয়দেব রায়, মিল্টন বৈদ্য ও গণেশ চন্দ্র রায় সাহস উপস্থিত ছিলেন।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array