শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপন এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক ও দর্শনার্থীদের জন্য একগুচ্ছ পরামর্শ দিয়েছে বাংলাদেশ পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব যাচাই না করে শেয়ার না করা, মণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র রাখা, নারী-পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথ নিশ্চিত করা এবং প্রতিমা বিসর্জনে নির্ধারিত পথ অনুসরণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি দুর্গাপূজা চলাকালে জরুরি পরিস্থিতিতে পুলিশ, ফায়ার সার্ভিস ও অন্যান্য সেবা পেতে কয়েকটি যোগাযোগ নম্বর প্রকাশ করা হয়েছে।
গুজব ছড়ানো ও যাচাইহীন তথ্য শেয়ার না করার আহ্বান
পূজাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো ঘটনার সত্যতা যাচাই না করে তা প্রচার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। যাচাই না করে কোনো তথ্য লাইক, কমেন্ট বা শেয়ার না করার আহ্বান জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে তা জনমনে উদ্বেগ সৃষ্টি করতে পারে। তাই কোনো ঘটনা সম্পর্কে নিশ্চিত না হয়ে মন্তব্য করা বা তথ্য প্রচার না করার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
পূজামণ্ডপে নিরাপত্তায় সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র
পূজামণ্ডপে দর্শনার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে নারী ও পুরুষের জন্য আলাদা প্রবেশ ও বের হওয়ার পথ রাখার পরামর্শ দিয়েছে পুলিশ। পাশাপাশি মণ্ডপে ব্যাগ, থলে বা পোটলা নিয়ে প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
নিরাপত্তা জোরদার করতে পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও অগ্নিনির্বাপণ যন্ত্র স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মণ্ডপে আর্চওয়ে গেট স্থাপন এবং মণ্ডপ ও প্রতিমা বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার পরামর্শও দিয়েছে পুলিশ।
বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে যাতে নিরাপত্তা ও স্বাভাবিক কার্যক্রম ব্যাহত না হয়, সে জন্য সম্ভব হলে বিকল্প বিদ্যুৎব্যবস্থা হিসেবে স্ট্যান্ডবাই জেনারেটর বা চার্জার লাইট রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নিরাপত্তায় স্বেচ্ছাসেবক নিয়োগের পরামর্শ
পূজামণ্ডপের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবক নিয়োগের ওপর গুরুত্ব দিয়েছে পুলিশ সদরদপ্তর। স্বেচ্ছাসেবকদের সহজে শনাক্ত করার জন্য তাঁদের আলাদা পোশাক, দৃশ্যমান পরিচয়পত্র এবং ‘স্বেচ্ছাসেবক’ লেখা আর্মব্যান্ড রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
মণ্ডপে দর্শনার্থীদের চলাচল নিয়ন্ত্রণ, শৃঙ্খলা বজায় রাখা এবং প্রয়োজনে নিরাপত্তাকর্মীদের সহযোগিতা করার ক্ষেত্রে স্বেচ্ছাসেবকেরা ভূমিকা রাখতে পারেন। এ জন্য তাঁদের পরিচয় স্পষ্ট ও সহজে দৃশ্যমান রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান
দুর্গাপূজা উদ্যাপনের সময় অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। আজান ও নামাজের সময় মসজিদের পাশের পূজামণ্ডপে এবং প্রতিমা বিসর্জনের সময় শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে বলা হয়েছে।
এ ছাড়া আতশবাজি ও পটকা ফোটানো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উৎসব উদ্যাপনের সময় পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়টিও গুরুত্ব পেয়েছে পুলিশের নির্দেশনায়।
প্রতিমা বিসর্জনে নির্ধারিত পথ অনুসরণের নির্দেশনা
প্রতিমা বিসর্জনের সময় যানবাহন চলাচল স্বাভাবিক রাখা এবং জনদুর্ভোগ কমানোর জন্য নির্ধারিত পথ অনুসরণ করার পরামর্শ দিয়েছে পুলিশ। একই সঙ্গে স্থানীয় প্রশাসন নির্ধারিত স্থানে বিসর্জন কার্যক্রম সম্পন্ন করতে বলা হয়েছে।
বিসর্জনস্থলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার পাশাপাশি সার্বিক নিরাপত্তার বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের এসব নির্দেশনা অনুসরণের মাধ্যমে উৎসবের পরিবেশ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানিয়েছে পুলিশ।
জরুরি প্রয়োজনে +৭৬৪ নম্বরে ফোন করবেন
দুর্গাপূজা চলাকালে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে কয়েকটি নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ নম্বর প্রকাশ করেছে বাংলাদেশ পুলিশ। নম্বরগুলো হলো—
পুলিশ হেডকোয়ার্টার্স কন্ট্রোল রুম: ০২২২৩৩৮০৬৬১, ০২২২৩৩৮১৯৬৭ ,০১৩২০০০১২৯৯, ০১৩২০০০১৩০০
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি): ০২২২৩৩৫৫৫০০, ০১৮১৭৬০২০৫০
ঢাকেশ্বরী মন্দির সেন্ট্রাল কন্ট্রোল রুম: ০২৯৬১১৩৫৩ ,০১৭০৫৫০৫৫২৯
এসআরবি কন্ট্রোল রুম: ০১৭৭৭৭২০০৯
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম: ০২২২৩৩৫৫৫৫৫, ০১৭১৩০৩৮১৮১, ০১৭১৩০৩৮১৮২, ০১৭৩০৩৩৬৬৯৯
২৪ ঘণ্টা জরুরি সহায়তায় ৯৯৯
পুলিশ জানিয়েছে, যেকোনো জরুরি পরিস্থিতিতে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে বিনা মূল্যে ফোন করে সহায়তা নেওয়া যাবে। এ সেবা ২৪ ঘণ্টা চালু রয়েছে। প্রয়োজন অনুযায়ী পুলিশ, অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের সহায়তা পাওয়া যায়।
এ ছাড়া জেলা পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) যোগাযোগ নম্বর জানতে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
সন্ধানী বার্তা/ডিএইচ/এমএসআইপি
