গাজীপুরের টঙ্গীতে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় অগ্নিকাণ্ড এবং রাজধানীর উত্তরার আজমপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েক কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন দীর্ঘক্ষণ আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকেরা।
বুধবার (১৪ অক্টোবর) বেলা ১১টার দিকে আজমপুর এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। সকাল থেকেই সেখানে শ্রমিকেরা জড়ো হতে থাকেন। পরে তাঁরা মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, টঙ্গীর চেরাগআলীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে যান চলাচল আরও ব্যাহত হয়। আগুনের খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আশপাশের বিভিন্ন স্টেশন থেকে আরও ১৭টি ইউনিট যোগ দেয়। মোট ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, কারখানার ভেতরে ওষুধ উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকায় আগুনের তীব্রতা বেড়েছে। সেখানে উৎপাদনযন্ত্র, রাসায়নিক ও অন্যান্য শিল্পসামগ্রী থাকায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা শাহীন আলম জানান, অগ্নিকাণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং আগুনের সূত্রপাত কীভাবে, তা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত করে জানা যাবে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও কাজ করছেন।
দুটি ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
কালের আলো/এএইচ/এমএসআইপি
