খুঁজুন
                               
, ,
           

অপরাধ দমনে সর্বাত্মক চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম সংবাদদাতা
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:৫৩ অপরাহ্ণ
অপরাধ দমনে সর্বাত্মক চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ‘অপারেশন ক্লিনহার্ট’-এর মতো কোনো অভিযান পরিচালনার পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি। একই সঙ্গে অপরাধীদের গ্রেপ্তার বা পালিয়ে যেতে কেউ সহায়তা করলে তার বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম নগরের দামপাড়া পুলিশ লাইন্সে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব এবং সাইবার পুলিশ সেন্টারের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ ও বিভিন্ন ষড়যন্ত্রের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের কথা গণমাধ্যমে আসছে। এসব বিষয়ে সরকারের দায়িত্ব রয়েছে, তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

অপরাধ দমন করতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা নতুন নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, পুলিশ অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে কখনো কখনো তাদের ওপর হামলার ঘটনা ঘটে। তবে অপরাধ দমনে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। অপরাধীদের গ্রেপ্তার কিংবা পালিয়ে যেতে কেউ সহায়তা করলে তার বিরুদ্ধেও যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে।

চট্টগ্রামে চালু হলো ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব

এদিন চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে সিআইডির বিশেষায়িত ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই অনুষ্ঠানে সাইবার পুলিশ সেন্টারেরও উদ্বোধন করা হয়।

সাইবার অপরাধের তদন্তে ডিজিটাল আলামত পরীক্ষা ও বিশ্লেষণের জন্য চট্টগ্রাম অঞ্চলের তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের এত দিন ঢাকার ওপর নির্ভর করতে হতো। নতুন ল্যাব চালুর ফলে স্থানীয় পর্যায়ে ডিজিটাল আলামত বিশ্লেষণের সুযোগ বাড়বে এবং ঢাকানির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।

অনলাইন প্রতারণা, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়ে অপরাধ, অ্যাকাউন্ট হ্যাকিংসহ বিভিন্ন সাইবার অপরাধের তদন্তে ডিজিটাল তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও বিশ্লেষণ গুরুত্বপূর্ণ। নতুন এই ল্যাবের মাধ্যমে এসব তদন্তে স্থানীয় পর্যায়ে প্রযুক্তিগত সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হবে।

এর আগে বুধবার সকালে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্যরা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি দামপাড়া পুলিশ লাইন্সে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

বেতন বৃদ্ধির দাবিতে উত্তরা ও বিমানবন্দর সড়কে শ্রমিকদের বিক্ষোভ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ণ
বেতন বৃদ্ধির দাবিতে উত্তরা ও বিমানবন্দর সড়কে শ্রমিকদের বিক্ষোভ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। বুধবার (১৪ অক্টোবর) সকাল থেকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা দফায় দফায় সড়কে অবস্থান নিলে দুপুর পর্যন্ত যান চলাচলে বিঘ্ন ঘটে।

শ্রমিকদের অবরোধের কারণে বিমানবন্দর, আজমপুর ও আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী, অফিসগামী মানুষসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা উত্তরা এলাকার আজমপুর সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে তাঁরা বিমানবন্দর সড়কের দিকে গিয়ে অবরোধ চালিয়ে যান। দুপুরের দিকে উত্তরখান এলাকা থেকেও একটি বড় মিছিল এসে সড়কে অবস্থান নেয়।

অবরোধের কারণে বিমানবন্দর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। সড়কে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেক যাত্রী দুর্ভোগে পড়েন। তাঁদের কেউ কেউ বাস ও অন্যান্য যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে রওনা হন।

জানা গেছে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণসহ কয়েকটি দাবিতে গত সোমবার (১২ অক্টোবর) থেকে শ্রমিকেরা আন্দোলন করছেন। বুধবার ছিল তাঁদের আন্দোলনের তৃতীয় দিন।

উত্তরা ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবেল হক ঢাকা মেইলকে বলেন, সকালে কয়েকটি কারখানার শ্রমিকেরা আজমপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন। পরে তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, শ্রমিকেরা সড়ক ছেড়ে যাওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

যুক্তরাষ্ট্রের কাছে আরও অর্থনৈতিক সহায়তা প্রত্যাশা বাংলাদেশের

কালের আলো ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রের কাছে আরও অর্থনৈতিক সহায়তা প্রত্যাশা বাংলাদেশের

যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানোর পাশাপাশি দেশটির কাছ থেকে আরও অর্থনৈতিক সহযোগিতা প্রত্যাশা করছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দুই দেশের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতির পরিপ্রেক্ষিতে এ প্রত্যাশা তৈরি হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতীতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যাশা অনুযায়ী সহযোগিতা পায়নি বাংলাদেশ। তবে বর্তমানে দুই দেশের সম্পর্কের উন্নতির ফলে সরকার আরও অর্থনৈতিক সহায়তা পাওয়ার আশা করছে।

অর্থমন্ত্রী জানান, বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়া, ঋণ ব্যবস্থাপনা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ কেনার পাশাপাশি সয়াবিনসহ বিভিন্ন পণ্য আমদানি করছে। আমদানি কার্যক্রম বাড়ানোর পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাও সম্প্রসারণ করতে চায় বাংলাদেশ।

বৈঠকে আলোচনার বিষয়গুলোর বিষয়ে বিস্তারিত তথ্য না জানালেও অর্থমন্ত্রীর বক্তব্যে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা উঠে এসেছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে ১ হাজার ৩২৭ জন।

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে পাঁচ শিশু এবং ময়মনসিংহ ও বরিশাল বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ১৭৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন ১০৪ জন। বাকি ১ হাজার ৭৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

সন্দেহভাজন রোগী ২ লাখ ছাড়িয়েছে

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯৯ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৫৭০ জনে।

একই সময়ে পরীক্ষাগারে নতুন করে হাম শনাক্ত হয়েছে ১২৮ জনের। এ পর্যন্ত দেশে নিশ্চিতভাবে হাম আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৮৪০ জনে।

সুস্থ হয়ে ফিরেছেন ১ লাখ ৭৭ হাজারের বেশি

প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ১ লাখ ৮৫ হাজার ৩৯০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৭ হাজার ৬৯৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত পরিসংখ্যানে হামের উপসর্গে শিশুদের মৃত্যু এবং হাসপাতালে রোগী ভর্তির ধারাবাহিকতা উঠে এসেছে।

কালের আলো/এসকে/এমএসআইপি