যুব উন্নয়নের আলোচিত নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ, লিখিত পরীক্ষার অপেক্ষা
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে স্থগিত হওয়ার পর পুনরায় অনুষ্ঠিত যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বাছাই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৩৮৬ জন প্রার্থী। তবে উত্তীর্ণদের পরবর্তী ধাপের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র এখনো ঘোষণা করা হয়নি।
শনিবার (১৭ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডি এম আতিকুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে পরীক্ষার ফল প্রকাশের তথ্য জানানো হয়। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে ২৪২টি শূন্য পদ পূরণের লক্ষ্যে এ নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। পদটি ১১তম গ্রেডের। আগে এ পদের নাম ছিল ক্রেডিট সুপারভাইজার।
প্রকাশিত ফল অনুযায়ী, বাছাই পরীক্ষায় ৫ হাজার ৩৮৬ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। পরবর্তী ধাপে তাঁদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষার বিস্তারিত সূচি প্রকাশ করা হলে উত্তীর্ণ প্রার্থীরা সে অনুযায়ী প্রস্তুতি নিতে পারবেন। অফিস আদেশে বলা হয়েছে, উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার তারিখ, সময় ও পরীক্ষাকেন্দ্র পরবর্তী সময়ে জানানো হবে। এ-সংক্রান্ত তথ্য যুব উন্নয়ন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পাশাপাশি টেলিটকের মাধ্যমে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়েও প্রয়োজনীয় তথ্য জানানো হবে। তাই উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী পরীক্ষার সূচি জানতে অধিদপ্তরের ওয়েবসাইট ও টেলিটকের বার্তার দিকে নজর রাখতে হবে।
নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে অফিস আদেশে সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, নিয়োগের যেকোনো পর্যায়ে কোনো প্রার্থী অনিয়ম বা অসাধু উপায় অবলম্বন করলে তাঁর প্রার্থিতা কিংবা পরীক্ষার ফল বাতিল বলে গণ্য হবে। নিয়োগের পরবর্তী ধাপগুলোতে অংশগ্রহণের ক্ষেত্রেও প্রার্থীদের নির্ধারিত নিয়ম অনুসরণ করতে হবে।এর আগে সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের বাছাই পরীক্ষা ১০ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ২৪২টি পদের বিপরীতে আবেদন করেছিলেন প্রায় ৩ লাখ ১৯ হাজার প্রার্থী।তবে পরীক্ষা শুরুর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ছড়িয়ে পড়ার অভিযোগ ওঠে। এ পরিস্থিতিতে নির্ধারিত দিনের পরীক্ষা স্থগিত করা হয়। পরে নতুন প্রশ্নপত্রে ১৬ অক্টোবর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত পুনরায় বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
কালের আলো/এসকে/এমএসআইপি

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]