খুঁজুন
                               
, ,
           

অবৈধ সম্পদ ও অর্থ পাচারের মামলা, কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৪১ অপরাহ্ণ
অবৈধ সম্পদ ও অর্থ পাচারের মামলা, কাতারে গ্রেপ্তার সাবেক বিমানপ্রধান

বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের মামলার আসামি তিনি। রোববার (১৮ অক্টোবর) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম তাঁর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে শেখ আব্দুল হান্নানকে কাতারে কীভাবে এবং কোন কর্তৃপক্ষ গ্রেপ্তার করেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে পারেননি দুদকের এই কর্মকর্তা।

অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে মামলা

শেখ আব্দুল হান্নান ও তাঁর স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে ২০২৫ সালের ২৭ জুলাই অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে পৃথক দুটি মামলা করে দুদক। দুদকের অভিযোগ অনুযায়ী, অনুসন্ধানে শেখ আব্দুল হান্নানের জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তাঁর নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০০ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক অসদাচরণের মাধ্যমে তিনি এসব সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি সন্দেহজনক ব্যাংক লেনদেনের মাধ্যমে অর্থের উৎস গোপন করার অভিযোগও করা হয়েছে। এসব অভিযোগে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করা হয়।

স্ত্রীর বিরুদ্ধেও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগ

শেখ আব্দুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও সন্দেহজনক আর্থিক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। দুদকের তথ্য অনুযায়ী, তাহমিদা বেগমের বিরুদ্ধে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তাঁর নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে ১ কোটি ১৮ লাখ ১৯ হাজার ৯২৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। মামলার অভিযোগে বলা হয়েছে, স্বামীর সহায়তায় তাহমিদা এসব সম্পদ অর্জন করেছেন। এ কারণে ওই মামলায় তাহমিদা বেগমের পাশাপাশি শেখ আব্দুল হান্নানকেও আসামি করা হয়েছে।

শেখ আব্দুল হান্নানের গ্রেপ্তারের খবর নিশ্চিত করলেও তাঁকে গ্রেপ্তারের প্রক্রিয়া, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি দুদক। কাতারে গ্রেপ্তারের পর তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে সম্পর্কেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

কালের আলো/এএএন/এমএসআইপি

 

সরকারের পতন নয়, সফলতা চেয়েছিলাম:শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
সরকারের পতন নয়, সফলতা চেয়েছিলাম:শফিকুর রহমান

সরকারের পতন নয়, বরং সরকারের সফলতা চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তবে সরকার বিরোধীদলের সহযোগিতা নেওয়ার যোগ্যতা দেখাতে পারেনি বলে অভিযোগ করেছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) শফিকুল কবির মিলনায়তনে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর, প্রতিশ্রুতি ও প্রত্যাশার সালতামাম’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, “আমরা সরকারের পতন চাইনি, চেয়েছিলাম সফলতা। কারণ সরকারের সফলতা মানে দেশের সফলতা।” তাঁর অভিযোগ, বিএনপি জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে গেছে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলেও বিএনপি সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়নি। এর মধ্য দিয়ে জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির আরও বলেন, বিএনপিই বিরোধীদলকে আন্দোলনের পথে ঠেলে দিয়েছে। তাঁর অভিযোগ, গত সাত মাসে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করা হয়েছে এবং আগের স্বৈরাচারী শাসনের পথেই সরকার হাঁটছে। এমন পরিস্থিতিতে বিরোধীদল নীরব থাকতে পারে না।

তিনি বলেন, তাঁরা সরকারের পতন নয়, দেশের সফলতা চেয়েছিলেন। দেশকে কোনো সিন্ডিকেটের হাতে তুলে দেওয়া হবে না। তরুণেরা জেগে উঠেছে এবং পূর্ণ মুক্তি অর্জিত না হওয়া পর্যন্ত তারা থামবে না। ২০২৪ সালের আন্দোলন থেকে শিক্ষা নিয়ে নব্য ফ্যাসিবাদেরও পতন ঘটানো হবে বলে মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান বলেন, শত কারচুপির পরও জনগণ জামায়াতকে যে আসন দিয়েছে, সেই ৮৯ জন সংসদ সদস্য ১৮ কোটি মানুষের পাহারাদার হিসেবে কাজ করবেন। বিএনপি অবস্থান পরিবর্তন করলেও জামায়াত তাদের অবস্থান বদলাবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি আদায় করেই ছাড়বেন তাঁরা।

সংস্কার সনদ বাস্তবায়নের আহ্বান

আলোচনা সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ (বীর বিক্রম) বলেন, সরকার পরিচালনায় জনগণের চাহিদাকে গুরুত্ব দিতে হবে। সংস্কার সনদ বাস্তবায়নের মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য গড়ে তোলা প্রয়োজন।

তিনি বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়। তাই ব্যক্তিগত, পারিবারিক ও দলীয় স্বার্থের পরিবর্তে মানুষের কল্যাণে কাজ করতে হবে। নির্বাচনের আগে সরকারি সুবিধা বিতরণের মাধ্যমে ভোটকে প্রভাবিত করা যাবে না। একই সঙ্গে রাজনৈতিক বক্তব্যে দায়িত্বশীলতা বজায় রাখতে হবে এবং অদক্ষ ও অযোগ্য ব্যক্তিদের নির্বাচিত করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।

অলি আহমদ আরও বলেন, সমাজ ও রাষ্ট্রে আমূল পরিবর্তন আনতে হলে সবার আগে নিজেদের মন-মানসিকতা পরিবর্তন করতে হবে। যোগ্য, সৎ ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তিদের নির্বাচিত করার ওপরও গুরুত্ব দেন তিনি।

‘জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে সরকার’

সভাপতির বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সরকার জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে, যা গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়।

তিনি বলেন, জুলাই সনদে ৮৪টি সংস্কার প্রস্তাব ও সাত দফা অঙ্গীকার ছিল। প্রথম অধিবেশন শুরুর ১৮০ কার্যদিবসের মধ্যে সনদ বাস্তবায়ন এবং ৩০ কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার ও দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের অঙ্গীকারও ছিল। কিন্তু সরকার এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে পিছিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মজিবুর রহমান মঞ্জু বিএনপিকে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। অন্যথায় সরকারকে প্রতিটি পদক্ষেপে জনগণের ঘৃণা ও প্রতিবাদের মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেন তিনি।

আলোচনা সভায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এবি পার্টির মহাসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসকে/এমএসআইপি 

মিথ্যা সংবাদ ও পোস্টের বিরুদ্ধে দেওয়ানি আইনে ক্ষতিপূরণ চান শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
মিথ্যা সংবাদ ও পোস্টের বিরুদ্ধে দেওয়ানি আইনে ক্ষতিপূরণ চান শফিকুল আলম

সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রচলিত সংবাদমাধ্যমে মিথ্যা তথ্য প্রকাশ এবং ব্যক্তির চরিত্রহননের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব ও দৈনিক ওয়াদার সম্পাদক শফিকুল আলম। মিথ্যা সংবাদ বা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা পোস্টের কারণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সুরক্ষায় মানহানি আইন কার্যকর করা এবং দেওয়ানি আইনের আওতায় জরিমানা বা আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা চালুর ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে রাজধানীর মাইডাস সেন্টারে ‘প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ বিষয়ে মিডিয়া কমিটি ও নাগরিক সমাজের সংগঠনগুলোর গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

শফিকুল আলম বলেন, বিদ্যমান আইন অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় সুরক্ষা দিতে পারছে না। বর্তমানে মতপ্রকাশের বড় একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক হয়ে উঠেছে। ইউটিউবার ও সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সাররা অনেক সময় বড় সংবাদমাধ্যমের চেয়েও বেশি মানুষের ওপর প্রভাব ফেলতে পারেন। তাঁদের বক্তব্য থেকে ব্যাপক আলোচনা তৈরি হওয়ার পাশাপাশি কখনো কখনো সামাজিক নিরাপত্তা নিয়েও সমস্যা দেখা দেয়।

তিনি বলেন, মানুষ রাগ, ক্ষোভ কিংবা বিভিন্ন মতামত প্রকাশে ক্রমেই সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। অনেক ক্ষেত্রে এ সময় প্রতিষ্ঠান ও সামাজিক চিন্তাভাবনার বিষয়গুলো বিবেচনায় নেওয়া হয় না। ফলে নানা ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এসব সমস্যা কীভাবে মোকাবিলা করা যায়, তা নিয়ে ভাবতে হবে।

মানহানি আইন কার্যকরের তাগিদ

শফিকুল আলম বলেন, বাংলাদেশে মানহানিসংক্রান্ত যে আইন রয়েছে, তা কার্যকর করা উচিত। তাঁর মতে, দীর্ঘদিন ধরে আইনটি থাকলেও এর আওতায় কার্যকর প্রতিকার নিশ্চিত করার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। ফলে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম বা সংবাদমাধ্যমে অন্যের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশ করছেন।

তিনি বলেন, দেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা নেই—এমন দাবি করা হলেও অনেক ক্ষেত্রে টেলিভিশন কিংবা ইন্টারনেটে ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রকাশের ঘটনা দেখা যায়। কেউ নিজের নাম দিয়ে অনলাইনে অনুসন্ধান করলে তাঁর বিরুদ্ধে শত শত মিথ্যা সংবাদ পেতে পারেন। এসব তথ্য তাঁর পরিবারের সদস্যদেরও দেখতে হতে পারে।

শফিকুল আলমের ভাষ্য, এ ধরনের ঘটনা শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের ইনফ্লুয়েন্সারদের মাধ্যমে ঘটছে না; ক্লিকবেটের কারণে সংবাদপত্রও অনেক সময় এ ধরনের কাজ করছে। এসব সমস্যা প্রচলিত আইন দিয়ে মোকাবিলা করা হবে, নাকি সাইবার আইনের মাধ্যমে—তা নিয়ে আলোচনা প্রয়োজন।

তিনি আরও বলেন, প্রচলিত মানহানি আইনে মামলা হলে তা বছরের পর বছর ঝুলে থাকতে পারে। ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদালতের রায় চাইলেও তাঁর ক্ষতির দ্রুত ও কার্যকর প্রতিকার নিশ্চিত করার ব্যবস্থা পর্যাপ্ত নয়।

‘মিথ্যা সংবাদে ক্ষতিগ্রস্তদের সুরক্ষা কে দেবে’

শফিকুল আলম বলেন, খারাপ সাংবাদিকতা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা পোস্টের কারণে যাঁরা ক্ষতিগ্রস্ত হন, তাঁদের সুরক্ষা কে দেবে—এ প্রশ্ন গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা এসব ঘটনার শিকার হচ্ছেন।

তিনি বলেন, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে মানহানির বিষয়টি দেওয়ানি আইনের আওতায় মোকাবিলার যে ব্যবস্থা রয়েছে, বাংলাদেশেও সে ধরনের ব্যবস্থা বিবেচনা করা যেতে পারে। তিনি মানহানিকে ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করার পরিবর্তে দেওয়ানি আইনের আওতায় প্রতিকার নিশ্চিত করার পক্ষে মত দেন। তবে কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা সংবাদ প্রকাশ করে অন্যের চরিত্রহনন করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।

শফিকুল আলমের মতে, কোনো সংবাদমাধ্যম মিথ্যা তথ্য প্রকাশ করে কারও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করলে তার দায় নিতে হবে। এ ক্ষেত্রে জরিমানা বা আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা থাকা প্রয়োজন। যুক্তরাজ্যে সংবাদপত্রগুলোর মামলা হারলে জরিমানা দেওয়ার জন্য বাজেটে অর্থ বরাদ্দ রাখার উদাহরণ তুলে ধরে তিনি বাংলাদেশেও এ ধরনের ব্যবস্থা বিবেচনার কথা বলেন।

‘ফ্রি স্পিচের নামে ওয়াইল্ড ওয়েস্ট তৈরি হচ্ছে’

শফিকুল আলম বলেন, কেউ ভুলবশত কোনো তথ্য প্রকাশ করেছেন, নাকি ইচ্ছাকৃতভাবে কাউকে লক্ষ্য করে মিথ্যা তথ্য ছড়িয়েছেন—তা বিবেচনায় নেওয়া জরুরি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে কারও সামাজিক মর্যাদা নষ্ট করার সুযোগ থাকা উচিত নয়।

তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো ব্যক্তি সরকারি চুক্তি না পাওয়ার কারণে সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব বা যুগ্ম সচিবের বিরুদ্ধে দিনের পর দিন মিথ্যা তথ্য প্রকাশ করতে পারেন। অথচ এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতিকার পাওয়ার কার্যকর ব্যবস্থা নেই।

তাঁর মতে, মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে গেলে অভিযুক্ত ব্যক্তি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতা খর্বের অভিযোগ তুলতে পারেন। তবে মিথ্যা তথ্য প্রকাশের পরিণতি নিয়েও আলোচনা হওয়া প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারের সঙ্গে ১৮ মাস কাজ করার সময় তিনি এসব বিষয় কাছ থেকে দেখেছেন উল্লেখ করে শফিকুল আলম বলেন, ভবিষ্যতে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

ইন্টারনেটে থেকে যায় মিথ্যা সংবাদ

শফিকুল আলম বলেন, ইন্টারনেটে প্রকাশিত তথ্য শুধু তাৎক্ষণিকভাবে মানুষের কাছে পৌঁছায় না, বরং দীর্ঘদিন থেকে যায়। কেউ জনজীবন থেকে সরে গেলেও তাঁর নাম দিয়ে অনলাইনে অনুসন্ধান করলে পুরোনো নেতিবাচক বা মিথ্যা প্রতিবেদন সামনে আসতে পারে। এতে দীর্ঘমেয়াদে তাঁর সামাজিক মর্যাদা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে।

তিনি বলেন, টেলিভিশনসহ বিভিন্ন মাধ্যমে মিথ্যা তথ্য প্রকাশের ঘটনা দেখা যাচ্ছে। এর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না থাকলে পরিস্থিতির পরিবর্তন হবে না।

নিজেকে একজন সাংবাদিক হিসেবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, তিনি দায়িত্বশীল সাংবাদিকতা চান। মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই থাকতে হবে, তবে মানুষকে সত্য বলতে হবে। ইচ্ছাকৃতভাবে কাউকে লক্ষ্য করে মিথ্যা তথ্য প্রচার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন নিয়ে আলোচনায় উত্থাপিত বিষয়গুলোর সঙ্গে একমত পোষণ করে তিনি মানহানি আইন কার্যকর করা এবং দেওয়ানি আইনের আওতায় যথাযথভাবে প্রয়োগের ওপর গুরুত্ব দেন।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩১৯

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
হাম উপসর্গে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৩১৯

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১৯ জন।

রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ১ হাজার ২৫৪ জন শনাক্ত হয়েছেন। অন্যদিকে, নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৬৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জন। এ সময় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২৩ হাজার ১২২ জন।

এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।

মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৯২ জন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়সীমায় নিশ্চিত হামে মোট ১০৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি