Kaler Alo
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
৪ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ১১:১৬ এএম

দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ১১:১৬ এএম

দুপুরে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক

রাতভর নানা নাটকীয়তা ও আলোচনা-সমালোচনার পর মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি। এর আগে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে—এমন খবর ছড়িয়ে পড়লেও সেটিকে গুজব বলে দাবি করেছিলেন ইশরাক। সোমবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন পদত্যাগের ঘোষণা ও পরবর্তী রাজনৈতিক কর্মকাণ্ডের পরিকল্পনার কথা জানান। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করা এবং সংগঠনের সাংগঠনিক শক্তি বাড়াতে কাজ করার কথাও উল্লেখ করেন তিনি।

ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘আজ (সোমবার) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’ তাঁর এই ঘোষণার মধ্য দিয়ে প্রতিমন্ত্রীর পদত্যাগ নিয়ে চলমান আলোচনা নতুন মাত্রা পেয়েছে। তবে সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের বিষয়ে বিস্তারিত কী ব্যাখ্যা দেন, তা এখনো জানা যায়নি।

নিজের ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের উল্লাসসূচক মন্তব্য তাঁর চোখে পড়েছে। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁদের জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশে ফিরে আন্দোলনে অংশ নেওয়ার আশাও প্রকাশ করেন তিনি। পোস্টে তিনি আরও লেখেন, ‘এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, একজন বিএনপি কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে শতগুণ বেশি উদ্দীপনা নিয়ে কাজ করব, ইনশাআল্লাহ।’ মাদকবিরোধী কার্যক্রমের পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি আরও জোরদার করার কথা জানান ইশরাক। এ ছাড়া দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি। ফেসবুক পোস্টের শেষাংশে ইশরাক লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

এর আগে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন—এমন খবর বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে ইশরাক হোসেন একটি অডিও বার্তায় ওই খবরকে গুজব বলে মন্তব্য করেন। এদিকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকেও প্রধানমন্ত্রীর নির্দেশসংক্রান্ত প্রকাশিত খবরের প্রতিবাদ জানানো হয়। মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবাদলিপিতে ওই সংবাদকে অসত্য ও ভিত্তিহীন বলে উল্লেখ করা হয়েছিল। পরে রোববার মধ্যরাতে পদত্যাগের নির্দেশসংক্রান্ত বিষয় নিয়ে ফেসবুকে আরেকটি বার্তা দেন ইশরাক হোসেন। এরপর সোমবার সকালে তিনি নিজেই সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান।

সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে ইশরাক হোসেনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় তাঁর সঙ্গে থাকা কয়েকজনের হাতেও অস্ত্র দেখা যায় বলে বিভিন্ন আলোচনায় উঠে আসে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এর পরপরই প্রতিমন্ত্রীর পদত্যাগের নির্দেশসংক্রান্ত খবর সামনে আসে। তবে অস্ত্র হাতে অভিযানে অংশ নেওয়ার ঘটনা, পদত্যাগের গুঞ্জন এবং সোমবারের ঘোষণার মধ্যে কোনো সরাসরি যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে ইশরাকের দেওয়া বক্তব্যে স্পষ্ট কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!