জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণে রাজধানীর ওসমানী উদ্যানে নির্মিত ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৯ অক্টোবর) সকালে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে তিনি স্মৃতিস্তম্ভটির উদ্বোধন করেন। একই অনুষ্ঠানে আধুনিকায়নকৃত ওসমানী উদ্যানেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
সকাল ১০টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। পরে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের বাবা মো. মকবুল হোসেন, মীর মাহফুজুর রহমান মুগ্ধের বাবা মোস্তাফিজুর রহমান, শাহারিয়ার খাঁন আনাসের মা সানজিদা খান দীপ্তি এবং ওয়াসিম আকরামের বাবা মোহাম্মদ শফিউল আলমকে সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভটি উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন প্রধানমন্ত্রী। এরপর আধুনিকায়নকৃত ওসমানী উদ্যান ঘুরে দেখেন এবং উদ্যানের পাশে স্থাপিত গ্রন্থাগার পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
৯০ ফুট উঁচু স্মৃতিস্তম্ভে ৮৩৪ শহীদের নাম
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণে প্রায় এক একর জায়গাজুড়ে নির্মাণ করা হয়েছে ৯০ ফুট উঁচু ‘জুলাই স্মৃতিস্তম্ভ’। স্মৃতিস্তম্ভটির গায়ে লেজার কাটিংয়ের মাধ্যমে খোদাই করা হয়েছে ৮৩৪ জন শহীদের নাম। এর সামনে স্থাপন করা হয়েছে ২০টি প্রতীকী সমাধিফলক। স্মৃতিস্তম্ভটির বাইরের দিকে রয়েছে ১৬৩ ফুট দীর্ঘ ও সাড়ে ৪ ফুট উঁচু রিলিফ ভাস্কর্য। ভেতরের দিকে রয়েছে ১৭১ ফুট দীর্ঘ ও সাড়ে ৭ ফুট উঁচু আরেকটি রিলিফ ভাস্কর্য।
এসব ভাস্কর্যে বাংলাদেশের দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়েছে। এতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণআন্দোলন এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন অধ্যায় স্থান পেয়েছে। স্মৃতিস্তম্ভটির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি সংরক্ষণের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন সময়ের আন্দোলন-সংগ্রামের ইতিহাসও তুলে ধরা হয়েছে।
আধুনিকায়নে নতুন রূপ পেল ঐতিহাসিক ওসমানী উদ্যান
জুলাই স্মৃতিস্তম্ভের পাশাপাশি উদ্বোধন করা হয়েছে রাজধানীর পুরান ও নতুন ঢাকার সংযোগস্থলে অবস্থিত ২৩ একর আয়তনের ঐতিহাসিক ওসমানী উদ্যানের আধুনিকায়ন প্রকল্প। উদ্যানটিকে সবুজ, নিরাপদ ও আধুনিক নাগরিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন করা হয়েছে। প্রকল্পের আওতায় পুরোনো জলাশয় সংস্কারের পাশাপাশি পাঁচটি নতুন জলাশয় নির্মাণ করা হয়েছে। বিদ্যমান গাছপালা সংরক্ষণ করে নতুন বৃক্ষরোপণ করা হয়েছে এবং তৈরি করা হয়েছে সবুজ দ্বীপ। এসব উদ্যোগের মাধ্যমে উদ্যানটির প্রাকৃতিক পরিবেশ ও সৌন্দর্য বাড়ানোর ব্যবস্থা রাখা হয়েছে।
হাঁটার পথ, ব্যায়ামাগার ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা
আধুনিকায়নকৃত ওসমানী উদ্যানে প্রায় ৩ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ হাঁটার পথ নির্মাণ করা হয়েছে। পাশাপাশি রয়েছে ব্যায়ামাগার, প্যাগোডা, গণশৌচাগার, পার্কিং সুবিধা এবং জলাশয়ের ঘাট। উদ্যানটিতে ৫০ হাজার লিটার ধারণক্ষমতার বৃষ্টির পানি সংরক্ষণব্যবস্থাও রাখা হয়েছে। দুই স্তরে সাজানো উদ্যানটির সড়ক থেকে দুই মিটার উঁচুতে রয়েছে দ্রুত চলাচলের পথ। নতুন অবকাঠামো ও সবুজায়নের মাধ্যমে ওসমানী উদ্যানকে নগরবাসীর বিনোদন, হাঁটাচলা ও শরীরচর্চার উপযোগী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
শহীদদের স্মৃতি সংরক্ষণ ও নাগরিক পরিবেশ উন্নয়নের উদ্যোগ
জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ এবং ওসমানী উদ্যান আধুনিকায়নের প্রকল্প দুটি বাস্তবায়ন করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি সংরক্ষণ ও রাজধানীর নাগরিক পরিবেশ উন্নয়নের লক্ষ্যে। একটি প্রকল্পে শহীদদের নাম ও বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের ইতিহাস সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে, অন্যটিতে নাগরিকদের জন্য সবুজ ও আধুনিক উন্মুক্ত পরিসর গড়ে তোলা হয়েছে।
কালের আলো/এএএন/এমএসআইপি
