খুঁজুন
                               
, ,
           

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, কালের আলো
প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:১৭ অপরাহ্ণ
নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

নিজের সন্তানের ভবিষ্যতের কথা বিবেচনা করে ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে গড়ে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সন্তানদের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হলে শুধু নিজের বাড়ি বা এলাকার পরিচ্ছন্নতা নয়, পুরো শহরকে পরিচ্ছন্ন রাখার চেষ্টা করতে হবে।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবন পরিদর্শনকালে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘সবার কথা বাদ দেন, নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি। আসুন, আমরা সবাই মিলে সেই চেষ্টা করি।’ তারেক রহমান বলেন, কেউই চান না তাঁর সন্তান নোংরা, জীবাণুযুক্ত ও অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠুক। একটি শিশু শুধু নিজের বাড়ি বা এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাকে স্কুল, কলেজ, খেলার মাঠসহ শহরের বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয়। তাই সন্তানের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিত করতে পুরো ঢাকা শহরের পরিবেশ ভালো রাখার ওপর গুরুত্ব দেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার সন্তান তো শুধু আপনার এলাকায় থাকবে না। সে সারা ঢাকা শহরে বিচরণ করবে। কাজেই আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি। চেষ্টা করলে আমরা পারব।’

ঢাকার অন্যতম বড় সমস্যা হিসেবে আবর্জনা ও অপরিচ্ছন্নতার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এ সমস্যা এক দিন বা সাত দিনের মধ্যে সমাধান করা সম্ভব নয়। তবে সবাই আন্তরিকভাবে কাজ করলে ধীরে ধীরে পরিস্থিতির পরিবর্তন আনা সম্ভব। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, তাঁরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সমস্যার সমাধানের সঙ্গে যুক্ত। পরিবর্তন আনতে সময় লাগতে পারে, কিন্তু চেষ্টা অব্যাহত রাখলে ফল পাওয়া যাবে। এ জন্য নিজেদের মধ্যে আত্মবিশ্বাস ও কাজ করার ইচ্ছা থাকতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সমস্যার সমাধানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সদিচ্ছা। সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীলভাবে কাজ করলে ঢাকা শহরের পরিচ্ছন্নতা পরিস্থিতির উন্নতি করা সম্ভব। কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, তিনি বিভিন্ন জায়গায় গেলে সেখানকার সমস্যা খেয়াল করেন এবং পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের ফোন করে বিষয়গুলো জানান। একইভাবে সিটি করপোরেশনের কর্মকর্তারাও নগরীর সমস্যা চিহ্নিত করে সমাধানে উদ্যোগ নিতে পারেন। তিনি মনে করেন, সমস্যা শনাক্ত করার পর তা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া গেলে শহরের সামগ্রিক পরিস্থিতিতে পরিবর্তন আসবে। এ জন্য শুধু দায়িত্ব পালনের আনুষ্ঠানিকতা নয়, নিজের অবস্থান থেকে উদ্যোগী হওয়ার মানসিকতাও প্রয়োজন।

ঢাকার পরিচ্ছন্নতা পরিস্থিতির উন্নয়নের প্রসঙ্গে যুক্তরাজ্যের লন্ডন শহরের উদাহরণ তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ষাট ও সত্তরের দশকে লন্ডনের অনেক জায়গাতেও ময়লা-আবর্জনার সমস্যা ছিল। দীর্ঘদিনের প্রচেষ্টা ও নাগরিক সচেতনতার মাধ্যমে সেখানকার পরিস্থিতির পরিবর্তন হয়েছে। তাই ঢাকার সমস্যার কথা বলে হতাশ হয়ে বসে না থেকে প্রত্যেককে নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করার তাগিদ দেন তিনি। তাঁর বক্তব্যে উঠে আসে, পরিকল্পিত উদ্যোগ, ধারাবাহিক প্রচেষ্টা ও নাগরিকদের সচেতন অংশগ্রহণের মাধ্যমে পরিচ্ছন্ন শহর গড়ে তোলা সম্ভব। ঢাকার পরিচ্ছন্নতা পরিস্থিতিতে কিছুটা উন্নতি হয়েছে বলে উল্লেখ করেন তারেক রহমান। এ প্রসঙ্গে দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের কর্ণধারের সঙ্গে তাঁর সাম্প্রতিক কথোপকথনের কথা তুলে ধরেন তিনি। প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি আগের তুলনায় শহরের পরিচ্ছন্নতা পরিস্থিতি কিছুটা ভালো হয়েছে বলে জানিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, এতে বোঝা যায় পরিবর্তন সম্ভব। সবাই মিলে চেষ্টা করলে পরিস্থিতির আরও উন্নতি করা যাবে।নগরীর বিভিন্ন সড়ক ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের খোঁজখবর রাখছেন বলেও জানান তিনি। কোথাও সড়ক বিভাজক নতুন করে তৈরি হচ্ছে, আবার কোথাও বর্জ্য স্থানান্তর কেন্দ্রের অবস্থার উন্নতি হচ্ছে। এসব উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আত্মোপলব্ধির আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, অন্যের সমালোচনা করার পাশাপাশি প্রত্যেককে নিজের কাজের মূল্যায়নও করতে হবে। নিজের দায়িত্ব কতটা সঠিকভাবে পালন করা হচ্ছে এবং সমস্যা সমাধানে কতটা চেষ্টা করা হচ্ছে, তা ভেবে দেখার পরামর্শ দেন তিনি। তাঁর মতে, নগরীর পরিচ্ছন্নতা পরিস্থিতির উন্নয়নে প্রত্যেকের ব্যক্তিগত দায়িত্ববোধ গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট সবাই নিজের কাজের প্রতি যত্নবান হলে সম্মিলিতভাবে বড় পরিবর্তন আনা সম্ভব।

মতবিনিময় সভার আগে প্রধানমন্ত্রী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তিনি আবহাওয়ার তথ্য, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ভূমিকম্পসংক্রান্ত হালনাগাদ তথ্য, বাতাসের গতিবেগ, বন্যার পূর্বাভাস এবং বায়ুর মান পর্যবেক্ষণের বিভিন্ন ওয়েবসাইট দেখেন।এসব তথ্য কীভাবে পর্যবেক্ষণ করা হয় এবং জরুরি পরিস্থিতি সম্পর্কে কীভাবে জানা যায়, সে বিষয়েও খোঁজখবর নেন তিনি। এ ছাড়া ফেসবুক লাইভের মাধ্যমে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর উন্নয়ন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে তৈরি একটি ভিডিও চিত্রও দেখেন তিনি।

এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব শহীদুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসকে/এমএসআইপি

ডিজিটাল বোতাম চেপে আখচাষিদের প্রণোদনা বিতরণ উদ্বোধন প্রধানমন্ত্রীর

রাজশাহীর সংবাদদাতা,কালের আলো
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
ডিজিটাল বোতাম চেপে আখচাষিদের প্রণোদনা বিতরণ উদ্বোধন প্রধানমন্ত্রীর

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভা থেকে প্রায় ৩৯ হাজার আখচাষির জন্য কৃষি প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির আওতায় ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য মোট ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ উচ্চারণ করে ডিজিটাল বোতাম চাপার মাধ্যমে প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় জনসভায় উপস্থিত হাজারো মানুষও সমস্বরে ‘বিসমিল্লাহ’ উচ্চারণ করেন। মঙ্গলবার বিকেল ৩টা ২৫ মিনিটে রাজশাহীর জনসভাস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে উপস্থিত বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা তাঁকে স্বাগত জানান। পরে জনসভায় অংশ নিয়ে আখচাষিদের জন্য প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

কর্মসূচির আওতায় ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি ২৩ লাখ ৭৫ হাজার টাকা কৃষি প্রণোদনা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়। কৃষকদের সহায়তায় নেওয়া এ উদ্যোগের মাধ্যমে আখচাষিদের কাছে প্রণোদনার অর্থ পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হলো।

প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, রাজশাহী-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম এবং রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ।

মঞ্চে আরও উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা। এর আগে মঙ্গলবার দুপুর ২টা ৫৫ মিনিটে সামরিক বিমানে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে জনসভাস্থলে যাওয়ার পথে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা বিপুলসংখ্যক মানুষ তাঁকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও বাসের ভেতর থেকে হাত নেড়ে তাঁদের শুভেচ্ছার জবাব দেন।

রাজশাহীর জনসভা শেষে ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। রাজশিয়ার কর্মসূচি শেষ করে তাঁর চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। এর আগে শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে মঙ্গলবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে যাত্রা করেন তারেক রহমান। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর রংপুরে যাওয়ার পথে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেন তিনি। পরে রংপুরের রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

কালের আলো/এসকে/এমএসআইপি

ব্যয়ের দৌড়ে নিঃশেষ হচ্ছে সঞ্চয়

কালের আলো রিপোর্ট:
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
ব্যয়ের দৌড়ে নিঃশেষ হচ্ছে সঞ্চয়

একসময় যে টাকা জমছিল মেয়ের ভালো স্কুলে ভর্তির জন্য, এখন সেই টাকাই খরচ হচ্ছে চাল, ডাল, তেল আর বাড়িভাড়ায়। তিন বছরে কষ্ট করে জমানো দুই লাখ টাকার অর্ধেক শেষ। মাসে ৩৫ হাজার টাকা বেতন পেয়েও সংসার চালাতে ঘাটতি থাকছে আট থেকে ১০ হাজার টাকা। প্রথমে ধারদেনা, তারপর ব্যাংকের স্থায়ী আমানত ভাঙা—এভাবেই দিন কাটছে রাজধানীর কল্যাণপুরের বেসরকারি চাকরিজীবী আনিসুর রহমানের। সামনে কীভাবে সংসার চলবে, সেই উত্তর তাঁর জানা নেই।

একই সংকটের আরেক চিত্র রাজধানীর কড়াইল বস্তিতে। পোশাকশ্রমিক আয়েশা বেগম ও তাঁর রিকশাচালক স্বামীর মাসিক আয় ২৫ হাজার টাকা। একসময় সংসার চালিয়ে গ্রামের বাড়িতে পাঁচ হাজার টাকা পাঠাতে পারতেন। এখন টানা তিন মাস সেই টাকা পাঠানো বন্ধ। উল্টো সংসারের খরচ জোগাতে গ্রামের বাড়িতে মায়ের জমানো ৩০ হাজার টাকা এনে খরচ করতে হচ্ছে।

  • নিত্যপণ্যের দাম, জ্বালানি ও বাড়িভাড়ার চাপে দিশেহারা পরিবার
  • জমানো টাকা ফুরিয়ে গেলে ভরসা ধারদেনা
  • বাড়ছে আর্থিক নিরাপত্তাহীনতা

আনিসুরের সঞ্চয় কমছে, আয়েশার পরিবারের শেষ ভরসাও ক্ষয়ে যাচ্ছে। তাঁদের গল্প আলাদা হলেও সংকটের কারণ এক—আয় দিয়ে আর সংসার চলছে না। চাল, ডাল, তেল, গ্যাস, বাসাভাড়া, যাতায়াত, সন্তানের পড়াশোনা—প্রায় প্রতিটি খাতেই বাড়তি খরচ। অথচ সেই অনুপাতে বাড়েনি বেতন কিংবা মজুরি। ফলে মাসের হিসাব মেলাতে গিয়ে প্রথমে বাদ পড়ছে সঞ্চয়, এরপর কমছে খাবারের মান, সবশেষে ভরসা হয়ে উঠছে ধারদেনা। শহর থেকে গ্রাম—মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও খেটে খাওয়া বহু পরিবার এখন এই বৃত্তে আটকে পড়ছে।

বাংলাদেশ ব্যাংকের মাসিক প্রতিবেদনের বরাতে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত আট মাসে ব্যাংকিং খাতে নিট আমানত প্রত্যাহারের পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ হাজার ২০০ কোটি টাকা। অর্থাৎ, এ সময়ে ব্যাংকে যত টাকা জমা পড়েছে, তার চেয়ে বেশি টাকা তুলে নেওয়া হয়েছে। এই অর্থের কতটা জীবনযাত্রার ব্যয় মেটাতে তোলা হয়েছে, তা আলাদাভাবে যাচাই করা প্রয়োজন। তবে সংসারের ব্যয় মেটাতে সঞ্চয় ভাঙা, এফডিআর নগদায়ন এবং ঋণের ওপর নির্ভরতার যে চিত্র সামনে আসছে, তা সাধারণ পরিবারের আর্থিক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলছে।

তিন বছরে পণ্যের দাম বেড়েছে, আয় বাড়েনি সমান তালে
সংকটের মূলে রয়েছে আয় ও ব্যয়ের ভয়াবহ অসামঞ্জস্য। বিভিন্ন গবেষণায় উদ্ধৃত তথ্য অনুযায়ী, গত তিন বছরে চাল, ডাল ও ভোজ্যতেলের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে প্রায় ৪০ থেকে ৬০ শতাংশ। বিপরীতে, বেসরকারি চাকরি, তৈরি পোশাক ও নির্মাণ খাতের অনেক শ্রমিকের মজুরি বেড়েছে আনুমানিক ১৫ থেকে ২০ শতাংশ।

অর্থাৎ, যে পরিবার আগে ১০০ টাকায় যতটুকু প্রয়োজনীয় পণ্য কিনতে পারত, এখন সেই পণ্য কিনতে অনেক বেশি অর্থ লাগছে। অথচ আয় বাড়ছে তুলনামূলক কম। মূল্যস্ফীতির সঙ্গে পাল্লা দিতে না পেরে প্রতিদিনই কমছে মানুষের প্রকৃত ক্রয়ক্ষমতা। মূল্যস্ফীতির হার কিছুটা কমলেও বাজারে পণ্যের দাম আগের অবস্থায় ফিরে আসে না। দাম বাড়ার গতি কমতে পারে, কিন্তু আগের তুলনায় বেশি দামে পণ্য কিনতে হলে পরিবারের ব্যয়ের চাপ থেকেই যায়।

কয়েক বছর ধরে এই চাপ জমতে জমতে এখন অনেক পরিবারের সঞ্চয় প্রায় নিঃশেষ হওয়ার পথে। বিশেষ করে নির্দিষ্ট বেতনে চলা চাকরিজীবীদের হাতে খরচ কমানোর সুযোগ সীমিত। বাসাভাড়া কমানো সহজ নয়, প্রতিদিনের খাবার বাদ দেওয়া যায় না, সন্তানের পড়াশোনাও বন্ধ করা যায় না। ফলে কাটছাঁটের শেষ জায়গাটি হয়ে ওঠে ভবিষ্যতের জন্য জমানো টাকা।

৩৫ হাজার টাকার বেতনে কোথায় যাবে সংসার?
আনিসুর রহমানের মাসিক বেতন ৩৫ হাজার টাকা। এর মধ্যে বাসাভাড়া ১৫ হাজার টাকা। অর্থাৎ, বেতন পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রায় ৪৩ শতাংশ চলে যাচ্ছে বাড়িভাড়ায়। এরপর খাবার, গ্যাস, বিদ্যুৎ, যাতায়াত, সন্তানের খরচ ও অন্যান্য প্রয়োজন মেটাতে গিয়ে আয়-ব্যয়ের হিসাব আর মিলছে না।

বর্তমান বাজারদরের উদাহরণ হিসেবে চালের কেজি ৭৫ থেকে ৮৫ টাকা, ভোজ্যতেল ২০০ থেকে ২১০ টাকা এবং ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকা উল্লেখ করা হচ্ছে। এসব দামের সঙ্গে পরিবারের অন্যান্য ব্যয় যোগ হলে সীমিত আয়ের মানুষের জন্য মাস চালানো কঠিন হয়ে পড়ে।

আনিসুরের ক্ষেত্রে মাসিক ঘাটতি আট থেকে ১০ হাজার টাকা। তিন বছরে জমানো দুই লাখ টাকা থেকে ইতিমধ্যে ৫০ হাজার টাকা খরচ হয়ে গেছে। এই অর্থ ছিল মেয়ের ভবিষ্যতের জন্য। এখন তা ব্যয় হচ্ছে বর্তমানের সংকট সামলাতে।

এটাই মধ্যবিত্তের আর্থিক বিপর্যয়ের কঠিন দিক। বাইরে থেকে নিয়মিত চাকরি ও নির্দিষ্ট বেতনের কারণে পরিবারটিকে সচ্ছল মনে হতে পারে। কিন্তু মাস শেষে হাতে কিছু না থাকলে এবং প্রতিটি জরুরি ব্যয় মেটাতে সঞ্চয় ভাঙতে হলে সেই পরিবারের আর্থিক ভিতও দুর্বল হয়ে পড়ে। আজ মেয়ের শিক্ষার জন্য জমানো টাকা যাচ্ছে সংসারের বাজারে। কাল অসুস্থতা, চাকরি হারানো কিংবা অন্য কোনো বিপদ এলে কোথা থেকে আসবে অর্থ—সেই প্রশ্নের উত্তর নেই।

রান্নার গ্যাস কিনতেই আয়ের বড় অংশ শেষ
সংসারের ব্যয় বৃদ্ধির নতুন চাপ হয়ে উঠেছে এলপিজি। পাইপলাইনের গ্যাসের সুবিধা না থাকা বহু পরিবারকে এখন সিলিন্ডার কিনে রান্না করতে হয়। ফলে রান্নার জ্বালানি কিনতেই মাসিক বাজেটের বড় অংশ ব্যয় হচ্ছে।

জানা যায়, ১২ কেজি সিলিন্ডারের সরকার নির্ধারিত দাম ১ হাজার ৮৩৭ টাকা হলেও বাজারে অনেক ক্ষেত্রে তা ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে বলে অভিযোগ রয়েছে। নির্ধারিত মূল্য ও বাজারদরের এই ব্যবধান যাচাই করা প্রয়োজন; তবে সিলিন্ডারের দাম বেশি হলে তার চাপ যে সরাসরি ভোক্তার ওপর পড়ে, তা স্পষ্ট।

একটি নিম্ন আয়ের পরিবারকে যখন খাবার এবং রান্নার জ্বালানির মধ্যে বেছে নিতে হয়, তখন সংকট আর শুধু অর্থের থাকে না। তা হয়ে ওঠে খাদ্য ও পুষ্টির সংকটও। জ্বালানির খরচ বেড়ে যাওয়ায় অনেক পরিবার ডাল, ছোলা কিংবা মাংসের মতো খাবার রান্না কমিয়ে দিতে পারে। পুষ্টিকর খাবার বাদ দিয়ে কেবল পেট ভরানোর খাবারের ওপর নির্ভরতা বাড়লে শিশু ও নারীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ে।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলমের মতে, এলপিজির ব্যয় এখন খাদ্যনিরাপত্তার সঙ্গেও যুক্ত। কারণ, রান্নার গ্যাসের পেছনে বেশি অর্থ খরচ হলে অনেক পরিবারকে খাবারের খরচ কমাতে হয়।

কাজ কমছে, আয়ও কমছে; ঋণই শেষ ভরসা
দাম বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের অনিশ্চয়তা পরিস্থিতিকে আরও কঠিন করছে। নির্মাণশিল্প, আবাসন, ইটভাটা ও ক্ষুদ্র ব্যবসার মতো খাতে কাজ কমে যাওয়ার অভিযোগ রয়েছে। বিভিন্ন খাতের জন্য উদ্ধৃত হিসাবে কাজের সুযোগ কমার হার প্রায় ৩০ শতাংশ বলা হলেও এর ভিত্তি ও সময়কাল যাচাই করা প্রয়োজন।

কাজ কমলে দিনমজুরের আয় কমে। আবার যাঁরা চাকরিতে রয়েছেন, তাঁদের অনেকের ওভারটাইম, বোনাস কিংবা নিয়মিত বেতন বৃদ্ধির সুযোগও সংকুচিত হচ্ছে। কিছু প্রতিষ্ঠানে কয়েক বছর ধরে বেতন না বাড়ার অভিযোগ রয়েছে। এতে একদিকে সংসারের খরচ বাড়ছে, অন্যদিকে আয় স্থবির থাকছে কিংবা কমছে। এই দ্বিমুখী চাপ থেকে বেরিয়ে আসতে প্রথমে সঞ্চয় ভাঙতে হচ্ছে। সঞ্চয় শেষ হলে শুরু হচ্ছে ধারদেনা।

ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া ২০ শতাংশ বৃদ্ধি এবং ঋণ পরিশোধে খেলাপির হার ৮ শতাংশ থেকে ১৪ শতাংশে ওঠার কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থার মূল তথ্য যাচাই সাপেক্ষে এসব সংখ্যা ঋণনির্ভরতার ঝুঁকি বোঝার গুরুত্বপূর্ণ সূচক হতে পারে। ঋণ নিয়ে ব্যবসা করলে ভবিষ্যতে আয় হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ঋণ নিয়ে চাল-ডাল কিনলে সেই অর্থ খরচ হয়ে যায়, অথচ ঋণ পরিশোধের দায় থেকে যায়। আয় না বাড়লে পুরোনো ঋণ শোধ করতে নতুন ঋণ নেওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে।

অর্থনীতির ভাষায়, ভবিষ্যতের জন্য জমানো অর্থ দিয়ে বর্তমানের খরচ মেটানোকে বলা হয় ডিস-সেভিং বা ঋণাত্মক সঞ্চয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. এম এম আকাশের মতে, মানুষ যখন ভবিষ্যতের জন্য জমানো টাকা দিয়ে নিত্যপ্রয়োজনীয় খাবার কিনতে বাধ্য হয়, তখন বুঝতে হবে পরিবারটি গুরুতর আর্থিক চাপের মধ্যে রয়েছে এবং খাদ্যনিরাপত্তার ঝুঁকিও বাড়ছে।

সঞ্চয় শেষ হলে শুধু টাকা নয়, হারায় ভবিষ্যৎও
সঞ্চয় ভাঙার প্রভাব শুধু ব্যাংক হিসাবের অঙ্কে সীমাবদ্ধ থাকে না। এর সঙ্গে জড়িয়ে থাকে সন্তানের শিক্ষা, পরিবারের চিকিৎসা, জরুরি পরিস্থিতি মোকাবিলা এবং ভবিষ্যতে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা। গ্রামের কোনো পরিবার সংসার চালাতে গরু-ছাগল বিক্রি করলে হারায় তার সম্পদ ও সম্ভাব্য আয়ের উৎস। শহরের কোনো পরিবার এফডিআর ভেঙে ফেললে হারায় ভবিষ্যতের নিরাপত্তাবলয়। আর কোনো পরিবার ঋণ নিয়ে নিয়মিত খাবার কিনতে বাধ্য হলে তার ওপর জমতে থাকে পরবর্তী মাসের দায়।

খাদ্যতালিকা থেকে মাছ, মাংস, ডিম ও দুধের মতো পুষ্টিকর খাবার বাদ পড়লে সংকট আরও গভীর হয়। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী ও অসুস্থ সদস্যদের জন্য এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে। খাদ্যনিরাপত্তা মানে শুধু পেট ভরে খাওয়া নয়; প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিত করাও এর অংশ। অর্থাৎ, আজকের ব্যয় মেটাতে সঞ্চয় শেষ হয়ে গেলে আগামী দিনের শিক্ষা, স্বাস্থ্য ও জীবিকার ওপরও চাপ তৈরি হয়। একটি পরিবারের আর্থিক সংকট এভাবেই দীর্ঘমেয়াদি সামাজিক সংকটে রূপ নিতে পারে।

সমাধান কোথায়: সহায়তা চাই এখনই
অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে, এই সংকট মোকাবিলায় শুধু মূল্যস্ফীতির হার কমানোর উদ্যোগ যথেষ্ট নয়। মানুষের হাতে পর্যাপ্ত আয় নিশ্চিত করা, কর্মসংস্থান বাড়ানো এবং সবচেয়ে বেশি চাপে থাকা পরিবারগুলোর কাছে সরাসরি সহায়তা পৌঁছে দেওয়াও জরুরি।

প্রথমত, ওএমএসের মতো স্বল্পমূল্যে খাদ্য বিক্রির কর্মসূচি আরও কার্যকর ও বিস্তৃত করা যেতে পারে। শহরের দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য নিয়মিত খাদ্যসহায়তা নিশ্চিত করা প্রয়োজন। সুবিধাভোগী নির্বাচনে স্বচ্ছতা এবং প্রকৃত অভাবীদের অগ্রাধিকার দিতে হবে।

দ্বিতীয়ত, দরিদ্র পরিবারগুলোর জন্য লক্ষ্যভিত্তিক নগদ সহায়তা চালু বা সম্প্রসারণ করা যেতে পারে। এতে পরিবারগুলো নিজেদের জরুরি প্রয়োজন অনুযায়ী খাবার, ওষুধ, শিক্ষা কিংবা জ্বালানির খরচ মেটাতে পারবে। তবে সহায়তার পরিমাণ, উপকারভোগীর সংখ্যা এবং অর্থের উৎস নির্ধারণ করতে হবে বাস্তবসম্মত হিসাবের ভিত্তিতে।

তৃতীয়ত, এলপিজির বাজারে নির্ধারিত মূল্য কার্যকর হচ্ছে কি না, তা তদারক করা জরুরি। সরবরাহ স্বাভাবিক রাখা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ঠেকানো এবং দরিদ্র পরিবারের জন্য লক্ষ্যভিত্তিক জ্বালানি সহায়তা চালু করা গেলে ব্যয়ের চাপ কমানো সম্ভব হতে পারে।

চতুর্থত, শহর ও গ্রামে কর্মসংস্থান বাড়ানোর উদ্যোগ প্রয়োজন। স্থানীয় অবকাঠামো রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা, নগর উন্নয়ন ও জনসেবামূলক কাজে অস্থায়ী কর্মসংস্থান তৈরি করা গেলে সীমিত আয়ের মানুষ সরাসরি উপকৃত হবেন।

পঞ্চমত, বেসরকারি খাতের শ্রমিক ও কর্মীদের মজুরি নিয়মিত পর্যালোচনা এবং সামাজিক সুরক্ষা জোরদার করতে হবে। আয় না বাড়লে শুধু বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করে সাধারণ মানুষের জীবনযাত্রার মান ধরে রাখা কঠিন।

আর কত দিন সঞ্চয় ভেঙে চলবে মানুষ?
বিশিষ্ট অর্থনীতিবিদ ও নলেজ হাব ইনস্টিটিউটের চেয়ারম্যান ড. খোন্দকার গোলাম মোয়াজ্জেম হোসেনের মতে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি, জ্বালানি ব্যয়, বাড়িভাড়া, যাতায়াত ও শিক্ষা খরচের সম্মিলিত চাপ সাধারণ মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। বেসরকারি খাতের বহু কর্মীর আয় সেই অনুপাতে বাড়েনি। ফলে সংসার চালাতে সঞ্চয় ভাঙা কিংবা ধারদেনার ওপর নির্ভর করা ছাড়া অনেকের সামনে বিকল্প থাকছে না।

সংকটের সবচেয়ে বড় বিপদ এখানেই—সঞ্চয় ভাঙা একসময় শেষ হয়ে যায়, কিন্তু মাসের খরচ শেষ হয় না। ঋণ নেওয়ারও সীমা আছে, অথচ খাবার, বাড়িভাড়া ও জ্বালানির প্রয়োজন প্রতিদিনই থাকে।

আনিসুর রহমানের মতো বাবারা তখন মেয়ের ভবিষ্যতের জন্য জমানো অর্থ খরচ করেন। আয়েশা বেগমের মতো শ্রমজীবী পরিবারকে নিতে হয় গ্রামের বাড়ির মায়ের সঞ্চয়ে হাত। অন্যদিকে যাদের সঞ্চয় নেই, তাদের সামনে অপেক্ষা করে ঋণের বোঝা। এই পরিস্থিতি শুধু পরিবারের বাজেটের সমস্যা নয়; এটি মানুষের ক্রয়ক্ষমতা, পুষ্টি, কর্মসংস্থান ও ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্ন। অর্থনীতির প্রকৃত স্বস্তি তখনই ফিরবে, যখন সাধারণ মানুষ মাসের খরচ মিটিয়েও কিছু টাকা জমাতে পারবেন—যখন সংসার চালাতে ভবিষ্যৎ বিক্রি করতে হবে না।

কালের আলো/টিইকে/এমকে

সৈয়দপুরে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি ও কুশল বিনিময়

সৈয়দপুর সংবাদদাতা,কালের আলো
প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:৪১ অপরাহ্ণ
সৈয়দপুরে শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর সেলফি ও কুশল বিনিময়

রংপুরে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের সামনে বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান, নিজেই সেলফি তোলেন এবং ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলার সামগ্রী উপহার দেন। প্রধানমন্ত্রীর এমন আকস্মিক উপস্থিতিতে উচ্ছ্বসিত হয়ে ওঠেন কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১০টা ১০ মিনিটে সৈয়দপুর থেকে রংপুরে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রধানমন্ত্রী কলেজের প্রয়োজনীয়তা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন প্রস্তাবের কথাও শোনেন।

কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল কালাম আজাদ জানান, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার একপর্যায়ে প্রধানমন্ত্রী জানতে চান, তাদের কী প্রয়োজন। তখন তিনি প্রতিষ্ঠানের ইতিহাস, অবকাঠামোগত সীমাবদ্ধতা এবং শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। অধ্যক্ষ জানান, শহীদ জিয়াউর রহমানের উদ্যোগে প্রতিষ্ঠানটি স্কুল থেকে কলেজে উন্নীত হয়েছিল। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানানোর পর তিনি কলেজের বর্তমান অবস্থা এবং উন্নয়নের জন্য কী কী প্রয়োজন, সে বিষয়ে আরও জানতে চান। এ সময় অধ্যক্ষ কলেজের পাঠদানের সুযোগ বাড়ানো এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য কয়েকটি প্রস্তাব তুলে ধরেন।

বর্তমানে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজে এক শিফটে পাঠদান কার্যক্রম পরিচালিত হয়। শিক্ষার্থীদের জন্য আরও বেশি সুযোগ তৈরি করতে কলেজটিতে ডাবল শিফট চালুর প্রস্তাব দিয়েছেন অধ্যক্ষ। এ ছাড়া ছেলেদের ও মেয়েদের জন্য পৃথক দুটি ভবন নির্মাণ এবং একটি অডিটোরিয়াম প্রতিষ্ঠার দাবিও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। অধ্যক্ষের ভাষ্য অনুযায়ী, এসব প্রস্তাবে প্রধানমন্ত্রী ইতিবাচক সাড়া দিয়েছেন। এ বিষয়ে কলেজের পক্ষ থেকে লিখিত আবেদনও দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে আকস্মিক এই সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, বিমানবন্দর থেকে রংপুরে যাওয়ার পথে প্রধানমন্ত্রী তাঁদের শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বাস থামিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি নিজেই জানতে চান, তাঁদের কী প্রয়োজন।

এ সময় গাড়িতে বসেই শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান প্রধানমন্ত্রী। পাশাপাশি নিজে সেলফি তোলেন এবং ফুটবল ও ক্রিকেটসহ বিভিন্ন খেলার সামগ্রী উপহার দেন। অধ্যক্ষ বলেন, একজন প্রধানমন্ত্রী নিজে এগিয়ে এসে শিক্ষার্থী ও শিক্ষকদের কথা শুনছেন—এটি তাঁদের জন্য অত্যন্ত আনন্দের ও অভূতপূর্ব অভিজ্ঞতা।

নির্ধারিত গন্তব্যে যাওয়ার পথে শিক্ষার্থীদের দেখে প্রধানমন্ত্রীর এই যাত্রাবিরতি কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের কাছে স্মরণীয় হয়ে উঠেছে। সরাসরি কথা বলা, একসঙ্গে সেলফি তোলা এবং খেলাধুলার সামগ্রী উপহার দেওয়ার ঘটনায় কলেজজুড়ে আনন্দের সৃষ্টি হয়। পরে রংপুর সফর শেষে দুপুর দেড়টার দিকে সৈয়দপুর থেকে বিমানে রাজশাহীর উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কালের আলো/এএএন/এমএসআইপি