‘আরেকটু ভালো বুট পেলে সুবিধা হতো’, অধিনায়কের কথায় সাড়া প্রতিমন্ত্রীর
বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রস্তুতি নিচ্ছে দেশের কিশোর ফুটবলাররা। আজারবাইজানের রাজধানী বাকুতে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে অংশ নিতে যাওয়ার আগে তাদের জন্য এলো বিশেষ উপহার। বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের অধিনায়ক ফাহিম হাসানের আবদারে দলের ১৪ জন খেলোয়াড়কেই নিজ খরচে পছন্দমতো উন্নত মানের ফুটবল বুট কিনে দেওয়ার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
সোমবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘটনা ঘটে। প্রতিযোগিতায় অংশ নিতে দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ দল। এ সময় প্রতিমন্ত্রীর কাছে নিজেদের চাওয়ার কথা সরাসরি তুলে ধরে কিশোর অধিনায়ক ফাহিম হাসান। বাফুফের পক্ষ থেকে বুট দেওয়া হলেও আরও উন্নত মানের বুটের প্রয়োজনীয়তার কথা জানান ফাহিম। তিনি আমিনুল হককে বলেন, ‘স্যার, বাফুফে থেকে আমাদের বুট দেওয়া হয়েছে। তবে আরেকটু ভালো গ্রেডের বুট পেলে মাঠে আমাদের জন্য খুব সুবিধা হতো।’ কিশোর অধিনায়কের এমন সরাসরি আবদারে বিরক্ত না হয়ে বরং খুশি হন প্রতিমন্ত্রী। খেলোয়াড়দের উন্নত সরঞ্জামের চাহিদাকে ইতিবাচকভাবে নিয়ে তিনি বলেন, ‘না, ওরা আরেকটু বেটার চাচ্ছে। এতে কোনো অসুবিধা বা সমস্যা নেই।’
এরপরই দলের ১৪ জন খেলোয়াড়ের পছন্দ ও পায়ের মাপ জেনে দ্রুত বুটের ব্যবস্থা করতে বাফুফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন আমিনুল হক। খেলোয়াড়দের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা এখনই চলে যাও। গিয়ে নিজেদের পছন্দমতো বুটের সাইজ দাও। আমাকে জানালেই আমি এখনই পাঠিয়ে দিচ্ছি। ইনশাআল্লাহ, আমার তরফ থেকে এটা তোমাদের জন্য উপহার।’ কিশোর ফুটবলারদের জন্য শুধু উন্নত মানের বুটের ব্যবস্থাই নয়, প্রতিযোগিতায় ভালো ফল করার জন্য বাড়তি উৎসাহও দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। বিশ্বমঞ্চে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে পারলে ভবিষ্যতে আরও বড় উপহার দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
আমিনুল হক বলেন, ‘ওদের বড় কিছু চাওয়ার সাহস হয়েছে। তোমরা টুর্নামেন্ট খেলে আসো, আল্লাহর রহমতে ভালো কিছু করতে পারলে পরবর্তীতে তোমাদের আরও দারুণ কিছু উপহার দেওয়া হবে ইনশাআল্লাহ।’
প্রতিমন্ত্রীর এই ঘোষণায় বিশ্বমঞ্চে খেলতে যাওয়া কিশোর ফুটবলারদের জন্য নতুন অনুপ্রেরণার সুযোগ তৈরি হয়েছে। নিজেদের পছন্দের উন্নত মানের বুট নিয়ে মাঠে নামার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভালো ফল করার লক্ষ্য নিয়েই প্রস্তুতি নিচ্ছে দলটি। আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ‘জি’ গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে লাল-সবুজের প্রতিনিধিদের প্রতিপক্ষ পর্তুগাল, ওয়েলস, ইন্দোনেশিয়া, বুরুন্ডি ও ফিজি। আগামী ২৪ অক্টোবর ওয়েলসের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতায় নিজেদের অভিযান শুরু করবে বাংলাদেশ। আটজনের দল নিয়ে ছোট মাঠে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। প্রতিটি ম্যাচের দুই অর্ধ হবে ২০ মিনিট করে।
কালের আলো/এএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]