Kaler Alo
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
৩০ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনৈতিক সমর্থন ব্যালট বাক্সে, সরকারি অফিসে নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৭:৪৫ পিএম

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ এমপি রতনের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৭:৪৫ পিএম

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ এমপি রতনের

সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদ নিয়ে একটি টেলিভিশন টকশোতে দেওয়া মন্তব্যের জেরে সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি নেতা কামরুজ্জামান রতন। নিজের বক্তব্যকে ভুল স্বীকার করে তিনি মন্তব্যটি পুরোপুরি প্রত্যাহার করেছেন। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন ও প্রবাসী বাংলাদেশিদের মনে কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন তিনি।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ক্ষমা প্রার্থনা করেন কামরুজ্জামান রতন। এর আগে স্টার নিউজের একটি টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা নিয়ে আলোচনার সময় তাঁর দেওয়া মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা শুরু হয়। ফেসবুক পোস্টে কামরুজ্জামান রতন জানান, সম্প্রতি স্টার নিউজের একটি টকশোতে সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের শিরশ্ছেদের দুঃখজনক ঘটনা নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি সংকীর্ণভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কথা বলেছিলেন। এ সময় আবেগবশত তিনি বলেছিলেন, ‘আমি এই পাপের লাশ বাংলাদেশে আসুক তা চাই না।’

নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি স্বীকার করেন, এমন মন্তব্য করা তাঁর ঠিক হয়নি। পোস্টে তিনি বলেন, ‘আমার এই মন্তব্যটি করা একেবারেই ঠিক হয়নি এবং আমি তা পূর্ণাঙ্গভাবে প্রত্যাহার করছি।’ মন্তব্যের কারণে নিহত ব্যক্তিদের স্বজন এবং প্রবাসী বাংলাদেশিদের মনে যে কষ্ট ও আঘাত লেগেছে, তার জন্যও দুঃখ প্রকাশ করেন তিনি। কামরুজ্জামান রতন বলেন, ‘আমার এই মন্তব্যের মাধ্যমে নিহত ব্যক্তিদের পরিবার-পরিজন এবং আমাদের প্রবাসী ভাইবোনদের মনে যে কষ্ট ও আঘাত দিয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং সবার কাছে ক্ষমাপ্রার্থী।’

নিজের বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার সুযোগের কথাও উল্লেখ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, ‘মানুষ ভুল করতেই পারে, আর ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ার সুযোগ মহান আল্লাহর এক বিশেষ নেয়ামত। আমার ওই মন্তব্যটির জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।’ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের মতো সংবেদনশীল ঘটনা নিয়ে দেওয়া মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার মাধ্যমে নিজের আগের অবস্থান থেকে সরে আসার কথা জানান তিনি

স্টার নিউজের অনলাইনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার (১৭ অক্টোবর) রাতে চ্যানেলটির টকশো ‘কড়া আলাপ’-এ ‘সৌদিতে মৃত্যুদণ্ড ও আমাদের কূটনীতির ব্যর্থতা’ শীর্ষক আলোচনায় অংশ নেন কামরুজ্জামান রতন। সেখানে সৌদি আরবে দুই বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনা নিয়ে আলোচনার সময় তিনি ওই মন্তব্য করেন। পরে তাঁর বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতেই সোমবার নিজের ফেসবুক পেজে দেওয়া পোস্টে মন্তব্যটি প্রত্যাহার করে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন তিনি।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!