Kaler Alo
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের বহুমুখী দক্ষতা অর্জনের পরামর্শ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী
কালের আলো

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ১১:১৮ পিএম

ডিসেম্বরে চালুর লক্ষ্য, পঞ্চবটি-মুক্তারপুর সড়কের টোল নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ১১:১৮ পিএম

ডিসেম্বরে চালুর লক্ষ্য, পঞ্চবটি-মুক্তারপুর সড়কের টোল নির্ধারণ

পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত সড়কের টোল হার নির্ধারণ করেছে সরকার। যানবাহনের ধরন ও চলাচলের রুট অনুযায়ী এ সড়কে টোল দিতে হবে ২০ থেকে ৮০০ টাকা পর্যন্ত। নির্ধারিত হারে মোটরসাইকেল, ব্যক্তিগত গাড়ি, বাস, ট্রাক ও ট্রেইলারের টোল আলাদা করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে পঞ্চবটি থেকে চর সৈয়দপুর এবং পঞ্চবটি থেকে কাশীপুর—এই দুই রুটে বিভিন্ন শ্রেণির যানবাহনের জন্য টোল নির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, পঞ্চবটি থেকে চর সৈয়দপুর রুটে মোটরসাইকেলের টোল ৪০ টাকা। একই যানবাহনের জন্য পঞ্চবটি থেকে কাশীপুর রুটে দিতে হবে ২০ টাকা। সিএনজিচালিত তিন চাকার যানবাহনের টোল নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫০ ও ৩০ টাকা। ও জিপের ক্ষেত্রে চর সৈয়দপুর রুটে টোল ১০০ টাকা এবং কাশীপুর রুটে ৫০ টাকা। মাইক্রোবাস ও পিকআপের জন্য দুই রুটে টোল দিতে হবে যথাক্রমে ১৫০ ও ১০০ টাকা। মিনিবাসের টোল নির্ধারণ করা হয়েছে ২০০ ও ১২৫ টাকা।

৩১ বা তার বেশি আসনের বাসের জন্য পঞ্চবটি-চর সৈয়দপুর রুটে ৩০০ টাকা এবং পঞ্চবটি-কাশীপুর রুটে ১৫০ টাকা টোল দিতে হবে। ছয় চাকার ট্রাকের ক্ষেত্রে টোল যথাক্রমে ৪০০ ও ২০০ টাকা। ১০ চাকার ট্রাকের জন্য নির্ধারিত টোল ৬০০ ও ৪০০ টাকা। প্রজ্ঞাপনে সবচেয়ে বেশি টোল নির্ধারণ করা হয়েছে ট্রেইলারের জন্য। পঞ্চবটি থেকে চর সৈয়দপুর রুটে ট্রেইলারের টোল ৮০০ টাকা এবং পঞ্চবটি থেকে কাশীপুর রুটে ৫০০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, যানবাহন চলাচলের জন্য সড়কটি উন্মুক্ত করার তারিখ থেকে নির্ধারিত টোল কার্যকর হবে। অর্থাৎ টোলের হার নির্ধারণ করা হলেও সড়কটি চালুর তারিখের সঙ্গে এর কার্যকারিতা যুক্ত থাকবে। গত ১৫ অক্টোবর সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের মুক্তারপুর সেতু পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও দোতলা সড়ক নির্মাণ প্রকল্পের চলমান কাজ সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি ডিসেম্বর নাগাদ প্রকল্পটি চালু হবে বলে জানান।

প্রকল্পের তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত এর ভৌত অগ্রগতি ছিল ৯৮ দশমিক ৫০ শতাংশ। একই সময়ে আর্থিক অগ্রগতি ছিল ৮২ দশমিক ৮৬ শতাংশ। প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে থাকায় এটি চালু হলে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগব্যবস্থায় পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

পঞ্চবটি-মুক্তারপুর সড়ক প্রশস্তকরণ ও দোতলা সড়ক নির্মাণ প্রকল্প বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ ও সময়সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি সড়কের যানজট কমানো এবং শিল্পাঞ্চলের পণ্য পরিবহনে গতি বাড়াতেও প্রকল্পটি ভূমিকা রাখতে পারে। বিশেষ করে শিল্পকারখানার পণ্য পরিবহন ও আঞ্চলিক যোগাযোগের ক্ষেত্রে সড়কটি গুরুত্বপূর্ণ হওয়ায় প্রকল্প চালুর পর এর কার্যকারিতা নিয়ে সংশ্লিষ্টদের প্রত্যাশা রয়েছে। তবে নির্ধারিত টোল কার্যকর হবে সড়কটি যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করার পর থেকে।

কালের আলো/এসকে/এমএসআইপি

Link copied!