তিনশ’ ফিটের বাড়িতে নিয়মিত ডিজে পার্টি, নিবন্ধন ফি ৬০০ টাকা
রাজধানীর তিনশ’ ফিট এলাকায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে প্রতি মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টির আয়োজন করা হতো বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। ২০২৫ সাল থেকে বাড়িটিতে এসব আয়োজন চলছিল। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীদের কাছ থেকে জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো।
বুধবার (২১ অক্টোবর) ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) ইলিয়াস কবির এসব তথ্য জানান।
তিনি বলেন, বাড়িটিতে ডিজে পার্টির আগে অনলাইনে নিবন্ধন করতে হতো। নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত ফি দিয়ে এসব আয়োজনে অংশ নেওয়া যেত। প্রায় দুই বছর ধরে সেখানে উচ্চ শব্দে গান বাজিয়ে পার্টির আয়োজন চলছিল।
ডিবির এই কর্মকর্তা জানান, পার্টিতে অংশ নিতে অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসতেন। ঘটনার দিন বাড়িটির নিচে ২২টি গাড়ি রাখা ছিল। পুলিশ অভিযান চালানোর সময় বাড়িটির ভেতর সিসার ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। ভবনটিতে মোট পাঁচটি কক্ষ ছিল বলেও জানান তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) ওই বাড়িতে অভিযান চালিয়ে ৮৫ জনকে আটক করে ডিবি পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তরুণ-তরুণী এবং ব্যাংকার ছিলেন। অভিযানকালে বাড়িটি থেকে পাঁচ বোতল মদ, কুশ ও ইয়াবা উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
ডিসি ইলিয়াস কবিরের ভাষ্য অনুযায়ী, ‘এয়ারবিএনবি’ ও ‘ট্রাভেলা’ নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অংশগ্রহণকারীদের নিবন্ধন করা হতো। নিবন্ধনের জন্য জনপ্রতি প্রায় ৬০০ টাকা নেওয়া হতো।

আটক ব্যক্তিদের আদালতে হাজির করা হলে আদালত তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, পুরুষদের এক মাসের কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের আরও ১৫ দিন কারাভোগের আদেশ দেওয়া হয়। অন্যদিকে নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন দিন কারাভোগের আদেশ দেওয়া হয়েছে।
পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটি নিয়ে তদন্ত ও আইনি প্রক্রিয়া এগিয়ে চলছে।
কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]