মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধ শুরুর আশঙ্কার মধ্যে হরমুজ প্রণালিতে এক রাতেই সাতটি তেলবাহী জাহাজ হামলার শিকার হয়েছে। এসব জাহাজে আগুন ধরে যায় এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছে ইরান। বৃহস্পতিবার, ২২ অক্টোবর দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। ঘটনাটি ঘিরে গুরুত্বপূর্ণ এই নৌপথে উত্তেজনা আরও বেড়েছে।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত সাতটি জাহাজের মধ্যে তিনটি নৌমাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি চারটি জাহাজে সরাসরি হামলা চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
ইরানের দাবি, জাহাজগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ছিল এবং ওয়াশিংটনের উৎসাহে হরমুজ প্রণালি দিয়ে চলাচল করছিল। তবে জাহাজগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
সামুদ্রিক অবরোধকেও যুদ্ধ হিসেবে দেখছে ইরান
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ মোকাবিলায় নতুন নীতির কথা জানিয়েছে আইআরজিসি। ওই নীতি অনুযায়ী, ইরানের ওপর সামুদ্রিক অবরোধ আরোপ করা হলে সেটিকেও যুদ্ধের অংশ হিসেবে বিবেচনা করা হবে।
এ অবস্থানে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, তেহরান সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে শুধু সরাসরি সামরিক হামলার প্রতিক্রিয়া জানানোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে চায় না। বরং দেশটির ওপর চাপ সৃষ্টি করতে সমুদ্রপথে নেওয়া পদক্ষেপকেও পাল্টা ব্যবস্থার কারণ হিসেবে দেখছে তারা।
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর বিষয়ে আইআরজিসি সতর্কবার্তাও দিয়েছে। তাদের অভিযোগ, এসব জাহাজের চলাচলে যুক্তরাষ্ট্র উৎসাহ ও সহায়তা দিচ্ছে এবং পরোক্ষভাবে সমর্থন জোগাচ্ছে।
নতুন করে যুদ্ধের আশঙ্কা
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকে শিগগিরই আবার যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কার কথা বলা হচ্ছে। এমন পরিস্থিতিতে ইরানও সম্ভাব্য সংঘাত মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে। দেশটির দাবি, যেকোনো হামলার জবাব দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে।
আগামী দিনগুলোতে আরও জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করলে ইরান তার হুমকি বাস্তবায়ন করে কি না, তা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কারণ, এই প্রণালিতে জাহাজ চলাচল ঘিরে সংঘাত বাড়লে তা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও আন্তর্জাতিক জ্বালানি পরিবহনে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে।
কালের আলো/এমএসআইপি/জেএন
















-20261119145050.jpg)

-20261121140412.jpg)

