এল ক্লাসিকোয় হারের কারণ জানালেন পেদ্রি ও ফ্লিক
নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হার। লা লিগায় টানা নয় জয়ের পর এই পরাজয় বার্সেলোনার জন্য বড় ধাক্কা। হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিজেদের ভুলের কথা স্বীকার করেছেন বার্সার মিডফিল্ডার পেদ্রি। অন্যদিকে কোচ হান্সি ফ্লিক মনে করছেন, খেলোয়াড়দের ক্লান্তি ও চোটের সমস্যাও দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।
ম্যাচের প্রথমার্ধে নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি বার্সেলোনা। বারবার বল হারানো এবং রক্ষণে ভুলের কারণে প্রতিপক্ষকে সুযোগ করে দিয়েছে তারা। পেদ্রির মতে, এসব ভুলের মাশুলই দিতে হয়েছে দলকে।
ম্যাচ শেষে পেদ্রি বলেন, ‘প্রথমার্ধে আমরা নিজেদের মতো খেলতে পারিনি। খুব ধীরগতিতে খেলেছি, আর অনেকবার বোকামি করে বল হারিয়েছি। এসব ভুলের মাশুল দিতে হয়েছে আমাদের। দ্বিতীয় গোলটার সময়ও আমরা ঠিকভাবে রক্ষণ সামলাতে পারিনি। ওরা দ্রুত আক্রমণে উঠেছিল, আর আমরা সেটা ঠেকাতে পারিনি।’
এক সপ্তাহে দ্বিতীয় হার বার্সার
লা লিগায় প্রথম নয় ম্যাচ জয়ের পর রিয়ালের কাছে হেরে থামল বার্সেলোনার জয়যাত্রা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের পর প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) কাছে হেরেছিল কাতালান ক্লাবটি। এবার এল ক্লাসিকোয় পরাজয়ে এক সপ্তাহের মধ্যে টানা দ্বিতীয় হারের মুখ দেখল ফ্লিকের দল।
তবে এই হারকে দলের সামর্থ্য নিয়ে বড় কোনো সতর্কবার্তা হিসেবে দেখতে রাজি নন বার্সা কোচ। তাঁর মতে, খেলোয়াড়দের শারীরিক অবস্থা, ক্লান্তি এবং রক্ষণভাগে একাধিক খেলোয়াড়ের অনুপস্থিতি পারফরম্যান্সে প্রভাব ফেলেছে।
ফ্লিক বলেন, ‘দুটি হার নিয়ে আমি হতাশ। তবে এটাকে রিয়েলিটি চেক বলব না। বিষয়টা হলো, খেলোয়াড়েরা কতটা সতেজ আছে এবং তাদের শারীরিক অবস্থা কেমন। প্রথমার্ধে আমরা ভালো খেলিনি, কিন্তু সমতা ফেরানোর পর দ্বিতীয়ার্ধে আমাদের খেলায় উন্নতি হয়েছিল। দুর্ভাগ্যজনকভাবে, আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি। রিয়াল আমাদের খুব বেশি জায়গা দেয়নি।’
ব্যস্ত সূচি ও ভ্রমণের ধকল
বার্সেলোনার সাম্প্রতিক ব্যস্ত সূচির কথাও তুলে ধরেছেন ফ্লিক। একের পর এক ম্যাচের পাশাপাশি দীর্ঘ ভ্রমণ ও হোটেলে অবস্থান খেলোয়াড়দের ওপর বাড়তি চাপ তৈরি করেছে বলে মনে করেন তিনি।
বার্সা কোচ বলেন, ‘গত কয়েকটা সপ্তাহ সহজ ছিল না। আপনারা শুধু ম্যাচগুলোই দেখেন, কিন্তু সেভিয়ার পথে তিন ঘণ্টা বিমানে থাকা, হোটেলে ফেরা, এরপর প্যারিসে যাওয়া—এগুলো অনেক কিছু। তবে হেরে যাওয়ার পর আমি এ নিয়ে কথা বলতে চাই না; জেতার সময় এগুলো বলা ভালো।’
টানা দুই হারে হতাশা থাকলেও লা লিগার পয়েন্ট তালিকায় এখনো ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে বার্সেলোনা। ফলে শিরোপার লড়াইয়ে এখনই পিছিয়ে পড়েছে, এমনটা বলার সুযোগ নেই।
এল ক্লাসিকোর জয় নয়, রিয়ালের লক্ষ্য শিরোপা
বার্সেলোনার মাঠে জয় পেলেও আত্মতুষ্টিতে ভুগতে চান না রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিও। তাঁর কাছে এল ক্লাসিকোর জয় গুরুত্বপূর্ণ হলেও মৌসুমের চূড়ান্ত লক্ষ্য লা লিগার শিরোপা জেতা।
ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে মরিনিও বলেন, ‘এটা দারুণ একটা জয়, কিন্তু কাজে ফেরার পর আমি কাউকে অতিরিক্ত আত্মতুষ্ট হতে দেব না। আজ জিতে যদি আমরা এল সারদিনেরোয় গিয়ে হেরে যাই, তাহলে আজকের জয়ের গুরুত্বও একই থাকবে না। কারণ, রিয়াল মাদ্রিদ ক্যাম্প ন্যুতে জেতার জন্য খেলে না। রিয়াল মাদ্রিদ শিরোপা জেতার জন্য খেলে। আমাদের এগিয়ে যেতে হবে।’
এল ক্লাসিকোয় জয় নিয়ে উচ্ছ্বাস থাকলেও সামনে আরও কঠিন পথ পাড়ি দিতে হবে রিয়ালকে। অন্যদিকে বার্সেলোনার সামনে এখন ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ।
কালের আলো/এমএসআইপি/জেএন
আপনার মতামত লিখুন
[gs-fb-comments]