১৮৪ কোটির প্রশ্ন: বাঁচবে কি তুরাগ?
নদ কালো, পানি দুর্গন্ধময়; শিল্পবর্জ্যে বিপর্যস্ত তুরাগের প্রাণপ্রকৃতি। দূষণ ঠেকাতে এবার প্রায় ১৮৪ কোটি টাকার প্রকল্প নিতে যাচ্ছে সরকার। ১৭৩টি কারখানার বর্জ্য শোধনাগার তদারকি, নদীর পানির মান তাৎক্ষণিক পর্যবেক্ষণ, ড্রোনে নজরদারি এবং অন্তত ১০০টি অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে এতে। কিন্তু প্রশ্ন হলো, এত আয়োজনের পরও কি থামবে নদে বিষাক্ত বর্জ্য ফেলা? নাকি আগের অনেক প্রকল্পের মতো বিপুল অর্থ ব্যয়ের পরও অধরাই থেকে যাবে দৃশ্যমান সুফল?
- ১৭৩ কারখানার ইটিপি পরীক্ষা, ড্রোনে নজরদারি ও ১০০ অভিযানের পরিকল্পনা
- তুরাগের দূষণ ঠেকাতে নতুন উদ্যোগ, বাস্তবায়নেই নির্ধারিত হবে তুরাগের ভবিষ্যৎ
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ‘মেট্রো ঢাকা ওয়াটার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রোগ্রাম: তুরাগ নদের পরিবেশগত সংকটাপন্ন এলাকায় সমন্বিত দূষণ পর্যবেক্ষণ ও প্রয়োগ ব্যবস্থা’ শীর্ষক প্রকল্পটি একনেকের আসন্ন সভায় অনুমোদনের জন্য উপস্থাপনের কথা রয়েছে। প্রকল্পের প্রস্তাবিত ব্যয় ১৭৩ কোটি ৭০ লাখ টাকা। এর মধ্যে বিশ্বব্যাংকের প্রকল্পঋণ থেকে ১৭৩ কোটি ৬০ লাখ এবং সরকারি তহবিল থেকে ১০ লাখ টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রকল্প বাস্তবায়নের সময় নির্ধারণ করা হয়েছে।
ইটিপি আছে, তবু নদে বিষ!
গাজীপুর, টঙ্গী ও আশুলিয়ার শিল্পাঞ্চলে বহু ডাইং ও ওয়াশিং কারখানায় বর্জ্য শোধনাগার বা ইটিপি থাকলেও সেগুলোর কার্যকারিতা নিয়ে গুরুতর অভিযোগ রয়েছে। খরচ বাঁচাতে কিছু কারখানা রাতে কিংবা গোপনে শোধনাগার বন্ধ রেখে অপরিশোধিত বর্জ্য নদে ফেলছে বলে অভিযোগ। ফলে তুরাগের পানি কালচে হয়ে পড়ছে, ছড়াচ্ছে দুর্গন্ধ; ক্ষতিগ্রস্ত হচ্ছে জলজ পরিবেশ।
এই বাস্তবতায় নতুন প্রকল্পের লক্ষ্য শুধু দূষণ শনাক্ত করা নয়, দূষণকারীদের চিহ্নিত করে আইন প্রয়োগের আওতায় আনা। নদীর দূষণপ্রবণ এলাকাগুলোর মানচিত্র তৈরি, ১৭৩টি কারখানার ইটিপির কার্যকারিতা যাচাই এবং পানির মান অনলাইনে তাৎক্ষণিক পর্যবেক্ষণের ব্যবস্থা গড়ে তোলা হবে। নদপাড়ে বর্জ্য ফেলার ঘটনা শনাক্তে ব্যবহার করা হবে ড্রোন; নৌযানে টহল এবং নদীর তলদেশ পরিষ্কারের উদ্যোগও রয়েছে।
পরিকল্পনায় আরও আছে, অন্তত ১০০টি অভিযান, নিয়মিত পরিদর্শন, নোটিশ প্রদান এবং আইন ভঙ্গকারী শিল্পপ্রতিষ্ঠানকে জরিমানা। প্রকল্পের মেয়াদে অন্তত ৩৬ দফা পানির নমুনা সংগ্রহ ও বিশ্লেষণের কথাও রয়েছে। তবে এসব উদ্যোগের কার্যকারিতা নির্ভর করবে একটি মৌলিক প্রশ্নের উত্তরের ওপর—দূষণ ধরা পড়ার পর দায়ী কারখানার বিরুদ্ধে ব্যবস্থা কতটা দ্রুত ও ধারাবাহিকভাবে নেওয়া হবে?
প্রকল্প নিয়ে প্রশ্ন বাপার
বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির নতুন প্রকল্পটির সম্ভাব্য সুফল নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, দেশে এর আগেও পরিবেশ রক্ষায় বড় অঙ্কের অর্থ ব্যয়ে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে; কিন্তু সেসব উদ্যোগের সুফল জনগণ ও প্রকৃতি কতটা পেয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
হাজারীবাগ থেকে সাভারের হেমায়েতপুরে ট্যানারি শিল্প স্থানান্তরের উদাহরণ টেনে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে বিপুল অর্থ ব্যয়ের পরও পরিবেশদূষণের সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। তাঁর অভিযোগ, ট্যানারি এলাকার আশপাশে ধলেশ্বরী নদীর দূষণ ও ভূগর্ভস্থ পানির মান নিয়ে উদ্বেগ রয়ে গেছে।
আলমগীর কবিরের প্রশ্ন, তুরাগের ১৭৩টি কারখানার দূষণ নিয়ন্ত্রণে নতুন প্রকল্প নেওয়া হলেও দূষণকারী মালিকদের শাস্তি নিশ্চিত করা হবে কি না, ক্ষতিপূরণ আদায় করা হবে কি না এবং সরকারি অর্থ ব্যয়ের দৃশ্যমান ফল জনগণের সামনে তুলে ধরা হবে কি না। তাঁর মতে, শুধু প্রকল্প গ্রহণ ও অর্থ ব্যয় নয়, দূষণের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনাই হওয়া উচিত প্রধান অগ্রাধিকার।
নজরদারির পর কী হবে?
প্রকল্পটির সবচেয়ে বড় পরীক্ষা হবে মাঠপর্যায়ে। ড্রোনে বর্জ্য ফেলার দৃশ্য ধরা পড়ল, অনলাইন পর্যবেক্ষণে পানির মান খারাপ পাওয়া গেল কিংবা কোনো কারখানার ইটিপি বন্ধ শনাক্ত হলো—এরপর কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেটিই নির্ধারণ করবে উদ্যোগটির বাস্তব কার্যকারিতা।
কোন কারখানায় কতবার অনিয়ম ধরা পড়েছে, কতটি নোটিশ দেওয়া হয়েছে, কত টাকা জরিমানা আদায় হয়েছে এবং অপরাধের পুনরাবৃত্তি ঠেকানো গেছে কি না—এসব তথ্য প্রকাশ করা জরুরি। একই সঙ্গে প্রকল্পের ব্যয়ের হিসাবের পাশাপাশি নদীর পানির মানে পরিবর্তনের তথ্যও জনসমক্ষে আনতে হবে।
কারণ ইটিপি স্থাপন আর সেটি নিয়মিত চালানো এক বিষয় নয়; অভিযান পরিচালনা আর দূষণ বন্ধ করা আরেক বিষয়। নজরদারি ও শাস্তির মধ্যে কার্যকর সংযোগ তৈরি না হলে প্রযুক্তিনির্ভর ব্যবস্থাও কাগজে-কলমে সীমাবদ্ধ থেকে যেতে পারে।
সাফল্যের হিসাব দেবে তুরাগের পানি
তুরাগ একসময় কৃষি, মাছ ধরা ও গৃহস্থালির কাজে গুরুত্বপূর্ণ মিঠাপানির উৎস ছিল। দ্রুত নগরায়ণ ও শিল্পায়নের চাপে নদটির পরিবেশগত ভারসাম্য আজ হুমকির মুখে। এ পরিস্থিতিতে দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা থাকলেও প্রকল্পের সাফল্য নির্ধারিত হওয়া উচিত বাস্তব পরিবর্তনের ভিত্তিতে। ১৭৩ কোটি ৭০ লাখ টাকার এই উদ্যোগে কতটি যন্ত্র বসানো হলো, কতটি অভিযান চালানো হলো কিংবা কত টাকা খরচ হলো—এসবের বাইরেও দেখতে হবে, নদে দূষণ কতটা কমল, পানির গুণগত মান কতটা ফিরল এবং জলজ পরিবেশের উন্নতি হলো কি না।
তুরাগের ভবিষ্যৎ তাই শুধু একটি প্রকল্পের অনুমোদনের ওপর নির্ভর করছে না; নির্ভর করছে দূষণকারীদের বিরুদ্ধে আইনের প্রয়োগ, সরকারি দপ্তরের স্বচ্ছতা এবং ব্যয়ের বিপরীতে পরিমাপযোগ্য ফল নিশ্চিত করার ওপর। শেষ পর্যন্ত এই প্রকল্পের সাফল্যের সবচেয়ে নির্ভরযোগ্য প্রমাণ হবে একটাই—তুরাগের পানিতে দূষণ কমছে কি না।
কালের আলো/টিইকে/এমকে
আপনার মতামত লিখুন
[gs-fb-comments]