খুঁজুন
                               
, ,
           

নতুন আইজিপিকে স্বত:স্ফূর্ত ভালবাসার স্বাক্ষী পুলিশ সদর দপ্তর

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ৭:০৮ অপরাহ্ণ
নতুন আইজিপিকে স্বত:স্ফূর্ত ভালবাসার স্বাক্ষী পুলিশ সদর দপ্তর

অ্যাক্টিং এডিটর, কালের আলো:

সবে সন্ধ্যা হয়েছে। গণভবনে রাষ্ট্রীয় একটি অনুষ্ঠানে যোগ দেয়ার প্রস্তুতি নিচ্ছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ফুলে ফুলে ভরে গেছে অপেক্ষমান কক্ষ। সেখানো তখনো ভিড়। ফুল নিয়ে নতুন এ পুলিশ প্রধানকে শুভেচ্ছা জানাতে বসে আছেন অনেকেই। রাষ্ট্রীয় অনুষ্ঠান হওয়ায় আইজিপি’র হাতে আবার সময়ও কম।

কিন্তু নিছক ভালবাসার বহি:প্রকাশ ঘটাতেই যারা এতোদূর থেকে এসেছেন কেবলমাত্র শুভেচ্ছা বিনিময় করতে তাদেরই বা হতাশ করেন কী করে? ফলে হাসিমুখে ফুলের তোড়া গ্রহণ করে, ছবি তোলার সুযোগ দিয়ে তবেই বেরিয়ে পড়লেন পুলিশ সদর দপ্তর থেকে। ঝলমলে এমন ঘটনা প্রবাহ সোমবার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যার।

অবশ্য এ দৃশ্যটি একদিনের নয়। পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই শুরু হয়েছে ফুলেল ভালবাসায় সিক্ত হবার পালা। দিনমান পুলিশের নানা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলা, প্রয়োজনীয় দিক নির্দেশনা, যে কোন সমস্যার তাৎক্ষণিক সমাধান দেয়ার পাশাপাশি প্রতিদিনই ফুল হাতে আসা শুভান্যুধায়ীদের শুভেচ্ছাও গ্রহণ করছেন মুগ্ধতা ছড়ানো আচরণে।

নিয়ম-সময় মেনেই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানেও ছুটে চলছেন সমানতালে। পাহাড়সম ব্যস্ততায় দম ফেলারও ফুরসত নেই। আবার কোন বিরক্তি নেই চেহারায়। কর্মগুণে বরাবরই সাফল্যকে সঙ্গী করে পথ চলেছেন। শৈশব থেকে ৩২ বছরের বর্ণাঢ্য চাকরি জীবন, সর্বত্রই কঠিন সব চ্যালেঞ্জেই জিতেছেন বার বার।

হয়তো এসব কারণেই পেশাদার ও পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে ঘিরে এক অভূতপূর্ব প্রাণচাঞ্চল্য আর উচ্ছ্বাসে ভরপুর পুলিশ সদর দপ্তরে। সিভিল সোসাইটি থেকে শুরু করে রাজনীতিক, কর্মকর্তা বা সাধারণ মানুষের স্বত:স্ফূর্ত এমন ভালবাসায় হয়তো পুলিশের এ সর্বোচ্চ কর্মকর্তার হৃদয়েও বয়ে যাচ্ছে অবারিত আনন্দের ফল্গুধারা।

সব পেশার মানুষের এতো আবেগ, এতো ভালবাসা ক’জনেরই বা ভাগ্যে জুটে। আর তাই তো পুলিশ প্রধান হিসেবে তাঁর যোগদানের এক সপ্তাহ পরেও পুলিশ প্রশাসনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত এ সদর দপ্তর এখনো যেন উৎসবেরই আবহ। নিজের অনুভূতি আর মানুষের আবেগের বিবেচনায় এসব দিনগুলো স্মরণীয় আর স্বর্ণালী স্মৃতিতে উজ্জ্বল হয়েই থাকার কথা বর্তমান পুলিশ এ পুলিশ প্রধানের।

পুলিশ সদর দপ্তরে কর্মরত সদস্যরাও বলছেন, ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইজিপি হিসেবে বেছে নেয়ায় পুলিশ কর্মকর্তা থেকে শুরু করে প্রায় সর্বস্তরের মানুষের মধ্যে আনন্দটাই আলাদা। আর এ আনন্দের বহি:প্রকাশ ঘটছে কাজের ফাঁকে ফাঁকে সকাল থেকে রাত ফুলেল ভালোবাসায় সিক্ত হবার মধ্যে দিয়ে।

দেখা গেছে, স্মৃতির সঙ্গে যোগাযোগ রক্ষা করতে প্রায় সবাই মহান মুক্তিযুদ্ধের সুমহান চেতনায় বিশ্বাসী পুলিশ মহাপরিদর্শককে (আইজিপি) শুভেচ্ছা জানানোর মুহুর্তটি ক্যামেরাবন্দী করছেন। ফেসবুকে ফুলেল শুভেচ্ছার ছবিও পোস্ট করছেন।

প্রতিদিনই তাঁর এলাকা চাঁদপুর থেকে আওয়ামী লীগ দলীয় নেতা-কর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঢাকায় আসছেন। তারা ফুল আর মিষ্টি নিয়ে পুলিশ প্রধানকে ভালোবাসায় সিক্ত করছেন। আইজিপি’র দায়িত্ব গ্রহণের আগেও ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী রাজধানীর উত্তরার অফিসার্স কোয়াটার্সের যে বাসাটিতে থাকতেন সেখানেও ফুলেল তোড়া ও মিষ্টি নিয়ে হাজির হতেন অনেকেই।

জানা গেছে, পুলিশের এ সর্বোচ্চ পদটিতে আসার আগে ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর পথের বাঁকে বাঁকে বিছানো ছিল বাধার কাঁটা। এ কাঁটা উপেক্ষা করতে পেরেছেন মূলত নিজের সততা, দেশপ্রেম, কর্মদক্ষতা, প্রজ্ঞা আর বঙ্গবন্ধু কন্যার অফুরান আস্থা-বিশ্বাসের মধ্যে দিয়েই।

পুলিশের প্রতিটি ধাপে ধাপে দৃঢ়, বলিষ্ঠ ও যোগ্য নেতৃত্ব দিয়েছেন তিনি। একইভাবে টানা ৯ বছর সামলেছেন পুলিশের বিশেষ শাখা এসবি। দৃঢ়তা ও সাহসের সঙ্গে এ শাখাকে নেতৃত্ব দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলজীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারের রোজনামচা’র প্রকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন একই সঙ্গে।

শুধু তাই নয়, ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এসবির রেকর্ড রুমে বঙ্গবন্ধুর বিষয়ে ৬৬ হাজার ক্লাসিফাইড গোয়েন্দা তথ্য বিশেষভাবে সংরক্ষণে তাঁর উদ্যোগী ভূমিকায় সন্তুষ্ট বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুজিব পরিবারের সদস্যরা।

একই সময়ে ওই শাখার অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালনকালে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সংস্থার দেয়া গোয়েন্দা তথ্যে জঙ্গিবিরোধী বড় রকমের অভিযান চালিয়ে সাফল্যের মুখ দেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
‘রাউন্ড দ্যা ক্লক’ কাজের মানুষ ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে দক্ষ, বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে এসবিকে নিয়ে গেছেন অন্য রকম এক উচ্চতায়।

নতুন আইজিপি ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অত্যন্ত ধার্মিক। শত কাজের ব্যস্ততার মাঝেও ওয়াক্তমতো তিনি নামাজ আদায় করেন। তাঁর গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, আপসহীন, দৃঢ়চেতা, দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বগুণ পুলিশ বাহিনীকে অন্যরকম এক উচ্চতায় নিয়ে যাবে এমন আশাবাদ শান্তিপ্রিয় দেশের মানুষের।

আরও পড়ুন: সরকার পতনের ‘হাস্যকর’ তত্ত্ব : আইজিপি আগেই বলেছেন ‘গুজবে কান দেবেন না’

আরও পড়ুন: নগরবাসীকে ভীত না হয়ে স্বাভাবিক থাকার পরামর্শ আইজিপির

 

কালের আলো/এএ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন

কালের আলো ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:২০ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন

মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে এলো বাংলাদেশের জন্য গর্বের খবর। বিশ্বের ১৩৩ দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে ৪৬তম ‘কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায়’ হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। একই প্রতিযোগিতায় ৩০ পারা হিফজ বিভাগে তৃতীয় হয়ে বাংলাদেশের সাফল্য আরও উজ্জ্বল করেছেন হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।

বুধবার (১৯ আগস্ট) মক্কার পবিত্র মসজিদুল হারামে বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেওয়া হয়।

হিফজ, তিলাওয়াত ও তাফসিরভিত্তিক আন্তর্জাতিক এ প্রতিযোগিতায় বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন হাফেজ অংশ নেন। প্রতিযোগিতার ৪৬ বছরের ইতিহাসে এবারই সর্বোচ্চ সংখ্যক দেশের প্রতিযোগী অংশ নিয়েছেন বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী। কঠিন প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে তিনি হিফজ বিভাগে বিশ্বসেরার মর্যাদা অর্জন করেন।

মুসলিম তরুণদের কোরআন মুখস্থ করা, এর গভীর মর্মার্থ অনুধাবন এবং কোরআন চর্চায় অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এছাড়া বিশ্বজুড়ে থাকা হাফেজদের সম্মান জানানো এবং তাদের মেধা মূল্যায়নে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক প্রতিযোগিতা বিশেষ ভূমিকা রেখে আসছে।

এবারের আসরে প্রথমবারের মতো নারী প্রতিযোগীদের জন্য পৃথক বিভাগের ব্যবস্থা রাখা হয়েছিল, যার সমাপনী অনুষ্ঠিত হয় মক্কার হিলটন হোটেল অ্যান্ড কনভেনশন হলে। অন্যদিকে পুরুষ বিভাগের সমাপনী ও মূল পুরস্কার বিতরণী উৎসব অনুষ্ঠিত হয় মসজিদুল হারামে।

পাঁচটি বিভাগে অনুষ্ঠিত এবারের প্রতিযোগিতায় মোট পুরস্কারের অর্থমূল্য ছিল ১ কোটি ২ লাখ ৬০ হাজার সৌদি রিয়াল। আয়োজকদের মতে, এটিই প্রতিযোগিতাটির ইতিহাসে সর্বোচ্চ পুরস্কার বাজেট।

কালের আলো/আরডি/এমডিএইচ

১২ ঘণ্টার জন্য প্যারোলে কারামুক্ত দীপু মনি

মুন্সিগঞ্জ প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
১২ ঘণ্টার জন্য প্যারোলে কারামুক্ত দীপু মনি

স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে প্যারোলে মুক্তি পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। মেয়ের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার (২০ আগস্ট) ভোর ৬টার দিকে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ১২ ঘণ্টার জন্য তাকে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশের কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে রাজধানীর কলাবাগানে নেওয়া হচ্ছে তাকে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি প্যারোলে মুক্ত থাকবেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তার সঙ্গে থাকবেন।

এর আগে বুধবার দুপুরে মায়ের সঙ্গে দেখা করেন দীপু মনির মেয়ে তানি দীপাবলী। পরে মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের কাছে চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন তিনি। পরে ১২ ঘণ্টার জন্য আবেদন মঞ্জুর করা হয়।

দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল জানিয়েছেন, মুক্তির পর রাজধানীর কলাবাগানে যাবেন দীপু মনি। সেখানে তার স্বামীর মরদেহ থাকবে। পরবর্তীতে গুলশান আজাদ মসজিদে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

চিকিৎসাসহ তার দেখভালের দায়িত্বে থাকা আপেল খকশি জানান, তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

সুপ্রিম কোর্টের আইনজীবী তৌফিক নেওয়াজ ধ্রুপদি সংগীতেরও চর্চা করতেন। ২০১৯ সালে তিনি স্ট্রোক করেন। সর্বশেষ গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দি স্ত্রী দীপু মনিকে দেখতে তাকে আদালতে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা।

তৌফিক নেওয়াজ অসুস্থ থাকার কথা জানিয়ে গত ২৭ মে দীপু মনিকে সাত দিনের জন্য প্যারোলে মুক্তি দেওয়ার আবেদন করেছিলেন তাদের মেয়ে তানি দীপাবলী। মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কাছে করা ওই আবেদনে পরে আর সাড়া মেলেনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ১৬ দিন পর ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয় দীপু মনিকে। হাইকোর্টে কয়েকটি মামলায় জামিন পেলেও আরও মামলা থাকায় তিনি মুক্তি পাননি। ঢাকা ও মুন্সীগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে আছেন তিনি।

কালের আলো/আরডি/এমডিএইচ

কেনিয়ায় মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ণ
কেনিয়ায় মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনা, নিহত ৭

কেনিয়ায় হেলিকপ্টার দুর্ঘটনায় পাঁচজন মার্কিন নাগরিকসহ ইকুয়েডরের গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মিশেল সেনসি-কন্তুগি ও তার স্ত্রী নিহত হয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে মধ্য কেনিয়ার মাউন্ট ওলোলোকওয়েতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। কেনিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে মোট সাতজন আরোহী ছিলেন।

ইকুয়েডরের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে দেশটির গোয়েন্দা সংস্থার মহাপরিচালক মিশেল সেনসি-কন্তুগি ও তার স্ত্রী রয়েছেন। টেলিভিশন সংস্থা তেলেমুন্দোর নির্বাহী হোসে সুয়ারেজও দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।

এদিকে পাঁচ মার্কিন নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট। এক মুখপাত্র জানান, মার্কিন দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দিচ্ছে।

দুর্ঘটনার পর কেনিয়ার রেড ক্রস জানায়, দুর্গম ভূখণ্ড ও দুর্ঘটনাস্থলে আগুন জ্বলতে থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। তবে উদ্ধার ও অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

ইকুয়েডরের প্রেসিডেন্টের কার্যালয় নিহত গোয়েন্দা প্রধানের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। মর্মান্তিক এ ঘটনায় নিহতদের স্বজন ও প্রিয়জনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কালের আলো/এমএসআইপি