খুঁজুন
                               
সোমবার, ২৫ মে, ২০২৬, ১১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
           

প্রধানমন্ত্রীর চলাফেরা, কথাবার্তায় যে চমৎকার সারল্য ও সংযম, তা ইতিহাসে বিরল: উপদেষ্টা মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৭:১৭ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর চলাফেরা, কথাবার্তায় যে চমৎকার সারল্য ও সংযম, তা ইতিহাসে বিরল: উপদেষ্টা মাহদী আমিন

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, তারেক রহমান বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, যাঁর রয়েছে জনগণের নিরঙ্কুশ ম্যান্ডেট। কিন্তু তাঁর পরিচয় শুধু এই ক্ষমতাতেই সীমাবদ্ধ নয়; বরং মূল শক্তি দায়বদ্ধতা, জনসম্পৃক্ততা ও মানবিকতায়। রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায় থেকেও তাঁর চলাফেরা, কথাবার্তা ও বেশভূষায় যে চমৎকার সারল্য, স্বাভাবিকতা ও সংযম প্রকাশ পায়, তা ইতিহাসে বিরল। ভিন্নতা ও প্রাচুর্যকে দূরে রেখে এমন সহজ ও মাটির কাছাকাছি থাকা, এই গুণ তাঁকে অনন্য করে তুলেছে।

শনিবার নিজের ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন।

মাহদী আমিন স্ট্যাটাসে লেখেন, কিছুদিন আগেও আমাদের মনে হতো, দেশের প্রধানমন্ত্রী মানেই খুব দূরের কেউ। যেন অপ্রাপ্য, ভিন্ন এক জগতের মানুষ, যাঁর প্রতিটি কাজে ভিভিআইপি প্রটোকল আর আরোপিত বিভেদের দেয়াল। কিন্তু সেই চিরাচরিত ধারা ভেঙে দিয়ে জনগণের প্রধানমন্ত্রী আজ সাধারণ মানুষের কাতারে নেমে এসেছেন, আমাদের অন্তরের খুব কাছাকাছি এসে দাঁড়িয়েছেন, আলিঙ্গন করেছেন কোটি মানুষের সমস্যা ও বাস্তবতা।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, রাষ্ট্রীয় দায়িত্বের বাইরে তাঁর পারিবারিক জীবনও এক সাধারণ পরিবারের মতোই গড়ে উঠেছে, যেখানে স্ত্রী ও কন্যা সবচেয়ে বড় মানসিক ভরসা ও শক্তি। পরিবারই তাঁর জীবনের স্থিতি ও অনুপ্রেরণার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যা তাঁকে জনজীবনের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত রাখে। তাইতো জনসভায় মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের মাঝেও মায়ের ছবির দিকে তাকিয়ে থাকেন অপলক।

তিনি বলেন, রাষ্ট্রনায়কের পরিচয় ছাপিয়ে, আজ যেন তিনি আমাদের পরিবারেরই একজন। কখনো বাবার মতো নির্ভরতার প্রতীক, কখনো ভাইয়ের মতো আপনজন, কখনো স্বামীর মতো দায়িত্বশীল, আবার কখনো প্রতিবেশীর মতো সহজ ও আন্তরিক। এই আত্মিক সংযোগই তাঁকে গণমানুষের নেতা করে তুলেছে, পরিণত করেছে তৃণমূলের আস্থা ও বিশ্বাসের আশ্রয়স্থলে।

মাহদী আমিন বলেন, বছরের পর বছর ধরে, দশকের পর দশক ধরে, তারেক রহমানের (বর্তমান প্রধানমন্ত্রী) বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালানো হয়েছে; এখনও চলমান রয়েছে। তবু সময়ের প্রতিটি পরীক্ষায়, জীবনের প্রতিটি সংগ্রামে, তিনি নিজের অবস্থান আরও দৃঢ় ও স্পষ্টভাবে প্রতিষ্ঠিত করেছেন। জনগণের আস্থা ও ভালোবাসা তাঁর নেতৃত্বকে বারবার প্রেরণা জুগিয়েছে, আলোকিত করেছে বিএনপির পথচলাকে। নির্বাচনী জয়যাত্রা পেরিয়ে, আজও প্রধানমন্ত্রীকে ঘিরেই আবর্তিত গণতন্ত্র ও আগামীর প্রত্যাশা, সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়ার প্রত্যয়।

প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মাহদী আমিন শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

কালের আলো/এম/এএইচ

ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেফতার

ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৭:৪৬ অপরাহ্ণ
ঝিনাইদহে ছাত্রদলের মামলায় এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেফতার

ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবিরের দায়ের করা হামলা, হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে ঝিনাইদহ সদর থানা পুলিশের একটি টিম তাকে গ্রেফতার করে।

জানা গেছে, এনসিপি নেতা তারেক রেজা রোববার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ফ্যামিলি জোন মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিলনায়তনের সামনে পৌঁছানোর সাথে সাথে এনসিপি নেতা তারেক রেজাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় ঘটনাস্থলে ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদউজ্জামানসহ পুলিশ, সাদা পোশাকে পুলিশের বিশেষ টিম ও গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

সদর থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, হামলা, ভাঙচুর, হত্যার হুমকির অভিযোগে গতকাল (শনিবার) এনসিপি নেতা তারেক রেজা সহ কয়েকজনের নামে মামলা হয়েছে। ঝিনাইদহ সদর থানায় দায়ের করা মামলার আসামি তারেক রেজাকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারেও অভিযান চলমান আছে।

প্রসঙ্গত, গত ২২ মে শুক্রবার ঝিনাইদহ সফরে আসেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ওই দিন জুমার নামাজ শেষে স্থানীয় ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে এনসিপির নেতাকর্মীদের হাতাহাতি, মারামারি ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ছাত্রদলের স্থানীয় ৮ নেতাকর্মীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। ওই মামলার জেরে পরদিন দুপুরে তারেক রেজাসহ ২২ জনকে আসামি করে জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির মামলা করেন। ওই মামলায় আজ সন্ধ্যায় তারেক রেজাকে গ্রেফতার করা হয়।

কালের আলো/এসআর/এএএন

সাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৭:৪০ অপরাহ্ণ
সাংবাদিক গ্রেফতারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বর হত্যাযজ্ঞে মানবতাবিরোধী অপরাধে দুই সাংবাদিক (সাংবাদিক ফারজানা রুপা, মোজাম্মেল হক বাবু) গ্রেফতারের ক্ষেত্রে অ্যামনেস্টির হস্তক্ষেপ করা উচিত নয় বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

রোববার (২৪ মে) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস্থ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর বলেন, দুই সাংবাদিককে (ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়েছে। তদন্ত সংস্থার পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন হতে পারে।

তিনি বলেন, ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এ মামলার তদন্ত করছে। তাদের কাজ করতে দেওয়া উচিত। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বা অন্য কোনো মানবাধিকার সংগঠন কী প্রতিক্রিয়া জানিয়েছে, তা আমরা দেখিনি। আমাদের একটি চলমান বিচারপ্রক্রিয়ায় তাদের হস্তক্ষেপ করা উচিত হবে না। আইনগত সুযোগও নেই।

এ মামলায় আরও কোনো সাংবাদিককে গ্রেফতার দেখানো হবে কিনা-এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, আমাদের তদন্ত চলমান। যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাবে, তাদেরই বিচারের মুখোমুখি করা হবে। তবে অহেতুক কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানির জন্য বিচারের মুখোমুখি করা হবে না।

দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের বিষয়ে জানতে চেয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর বলেন, এ বিষয়ে তার কাছে কোনো ধারণা নেই।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের ৩১ মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে।

সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের প্রসঙ্গ টেনে বলেন, এত বছরেও সাগর-রুনি হত্যার তদন্ত শেষ না হওয়া দুঃখজনক।

চিফ প্রসিকিউটর বলেন, আমি ট্রাইব্যুনালে যোগ দেওয়ার পর ৭টি মামলা পুনরায় তদন্তে পাঠিয়েছি। সেগুলো ঈদের পর চার্জশিট দাখিল করা হবে।

কালের আলো/এসআর/এএএন

হাম উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৪ মে, ২০২৬, ৭:৩৫ অপরাহ্ণ
হাম উপসর্গে আরও ১৬ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরও ১ হাজার ৪৩৪ জন।

গত ২৩ মে সকাল ৮টা থেকে আজ ২৪ মে সকাল ৮টা পর্যন্ত দেশের হাসপাতালগুলোর পাঠানো তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

রোববার (২৪ মে) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হামের উপসর্গে ঢাকায় ১০, রাজশাহীতে ১, সিলেটে ১, বরিশালে ১, ময়মনসিংহে ২ ও রংপুরে ১ জন মারা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৪২ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৮৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার ৫৫৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৬ হাজার ২১৪ শিশু বাড়ি ফিরেছে। এ পর্যন্ত মোট মৃত্যু ৫২৮ শিশুর।

কালের আলো/এসআর/এএএন