রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন
রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় নগরীর হেলেনাবাদ সরকারি কলোনি মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ। রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ের যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মূল প্রতিযোগিতা শুরুর আগে প্রধান অতিথি জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। পরে বিভিন্ন ইভেন্টে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আল মামুন এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নুর আখতার জান্নাতুল ফেরদৌস। তিনি শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব তুলে ধরেন।
এ সময় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষা বিভাগের কর্মকর্তা, অভিভাবক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের ক্রীড়া, সংস্কৃতি, জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা ও কাবিং কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়। এতে তাদের আত্মবিশ্বাস, নেতৃত্বের গুণাবলি এবং সৃজনশীল চিন্তাশক্তির বিকাশ ঘটে। বিভাগীয় পর্যায়ে বিজয়ীরা পরবর্তীতে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array