বিসিবিতে মাথাচাড়া দিচ্ছে ‘নব্য ফ্যাসিস্টরা’, নির্বাচন বানচালের ষড়যন্ত্র দেখছেন ঢাকার ক্লাব সংগঠকরা

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: রবিবার, ২৪ আগস্ট, ২০২৫ । ১০:২৭ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা কমিটির মেয়াদ শেষ হতে আরও দেড় মাস সময় বাকী। এর মধ্যেই নয় মাসে দুইবার সভাপতি পদে পরিবর্তন এসেছে। এখন দায়িত্বে আছেন টাইগারদের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি নিজেও ঘোষণা দিয়েছেন, মেয়াদ শেষে নির্বাচন আয়োজন করে দায়িত্ব হস্তান্তর করবেন। তবে বিসিবি নির্বাচনের পরিবর্তে অ্যাডহক কমিটি গঠনের গুঞ্জনে উদ্বিগ্ন ঢাকার ক্লাব সংগঠকেরা।

রবিবার (২৪ আগস্ট) রাজধানীর বিসিবির মিডিয়া সেন্টারে ‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন’ ব্যানারে সংবাদ সম্মেলন করে ৭৬ ক্লাবের সংগঠকেরা দ্রুত নির্বাচনের দাবি জানান। নতুন এই ক্লাব সংগঠনের আহ্বায়ক ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু সাফ সাফ জানিয়ে দিয়েছেন- ‘কোনো অ্যাডহক কমিটি মেনে নেওয়া হবে না। অক্টোবরের শুরুতেই গঠনতন্ত্র মেনে নির্বাচন দিতে হবে। প্রয়োজনে নতুন পরিচালনা কমিটি পরে সংশোধনী আনবে।’

সংগঠনের সভাপতি ও বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু এবং সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন অভিযোগ করে বলেন, ‘অক্টোবরের প্রথম দিকে বিসিবি নির্বাচন বানচালে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে।’ ঢাকার ক্লাব সংগঠকরা বলেন, ‘সাম্প্রতিক কিছু ঘটনায় দেশের ক্রিকেট সংগঠকদের সম্মানহানি করা হয়েছে।’

সংগঠনের সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন বলেন, বিসিবিতে ‘নব্য ফ্যাসিস্ট’রা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে চক্রান্ত হচ্ছে। সংগঠকদের নানাভাবে অসম্মান করা হচ্ছে।’ পরে এক প্রশ্নের জবাবে সভাপতি রফিকুল ইসলাম বাবু বলেন, বিসিবির নির্বাচন ঘিরে ক্রিকেটকে কলুষিত করার চেষ্টা চলছে। তাঁর দাবি, ‘সাম্প্রতিককালে আমরা জানতে পেরেছি যে অ্যাডহক কমিটি করে বোর্ড পরিচালনার একটি পরিকল্পনা চলছে। এখানে আমি বলব যে, আইসিসির নিয়মে কিংবা বিসিবির যে গঠনতন্ত্র আছে সেখানে কি পরিস্থিতিতে অ্যাডহক কমিটি, সেটা উল্লেখ করা আছে। এ ধরনের কোনো সুযোগ আছে কি না আমার জানা নেই। অ্যাডহক কমিটি করতে কোনো ধরনের পরিবেশ, পরিস্থিতি তৈরি হলে করা যেতে পারে। এখন কি সেই পরিবেশ আছে? অবশ্যই নেই। এখন একটি সুন্দর নির্বাচন দরকার। যারা অ্যাডহক কমিটির পরিকল্পনা করছে তারাই ষড়যন্ত্র করছে, ক্রিকেটকে কলুষিত করার চেষ্টা করছে।’

ক্রিকেট সংগঠকদের কে কীভাবে অসম্মান করল, সে প্রশ্নে রফিকুল ইসলাম বলেন, ‘আমি নাম বলতে চাই না, তবে আপনারা দেখেছেন, একজন সংগঠকের ব্যক্তিগত কিছু বিষয় সামনে এনে তাঁকে অসম্মানিত করা হচ্ছে। তাঁর ক্রিকেট সংগঠক পরিচয়ের সঙ্গে এগুলো মেলানো উচিত নয়। যারা অপপ্রচার চালাচ্ছে, তারা ক্রিকেটের ভালো চায় না।’

তিনি কারও নাম উল্লেখ না করলেও এটা স্পষ্ট সম্প্রতি দেশের ক্রিকেটের ঝানু সংগঠক, ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটি এবং বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনামকে জড়িয়ে স্বার্থান্বেষী একটি পক্ষ তাঁর ব্যক্তিগত ও পারিবারিক বিষয়াদি সামনে নিয়ে নোংরামি শুরু করেছে। টানা দুই যুগ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পৃক্ত এই জ্যেষ্ঠ পরিচালক আসন্ন নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কখনও কোন ইঙ্গিত না দিলেও তাকেই প্রধান প্রতিপক্ষ ধরে সুযোগ-সন্ধানী ওই বিশেষ মহলটি মাহবুব আনাম ও তার স্ত্রীর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বাড়ি কেনার ঘটনাকে পরিকল্পিতভাবে সামনে এনে অপপ্রচার চালায়। অথচ ২০১৬ সালেই তিনি এই ঘটনাটি বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে ডিক্লেয়ার করেন। ক্রিকেটে তাঁর অবদান ও ঢাকার ক্লাব সংগঠকদের মধ্যে তার সুবিশাল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তাকে হেয় প্রতিপন্ন করতে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়তে শুরু করে সেই চেনা পক্ষটি। এতে ক্ষুব্ধ হয়েই আসন্ন বিসিবি নির্বাচনে অংশগ্রহণ না করার আনুষ্ঠানিক সিদ্ধান্ত গণমাধ্যমকে জানিয়ে দেন মাহবুব আনাম।

‘ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজেশন অ্যাসোসিয়েশন’ এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে দক্ষ ক্রিকেট সংগঠক মাহবুব আনামের এমন সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক বোরহানুল হোসেন এক প্রশ্নের উত্তরে বলেন, ‘আমার মনে হয় না, কারোরই ওনার (মাহবুব আনাম) সঙ্গে কাজ করতে কোনো অস্বস্তি আছে। ক্রিকেট সংগঠক হিসেবে ওনার তুলনা হয় না।’

বিসিবির আগামী নির্বাচন বর্তমান গঠনতন্ত্র অনুসারে হতে হবে বলে দাবি ক্লাব সংগঠকদের। তাঁরা বলেন, গঠনতন্ত্রে যদি কোনো পরিবর্তন আনার প্রয়োজন হয়, সেটি পরে বার্ষিক সভা বা বিশেষ সভা ডেকে করতে হবে। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি নিয়ে সংগঠনের সভাপতি রফিকুলের মন্তব্য, ‘অ্যাডহক কমিটিগুলো থেকে যোগ্য অনেকের নাম বাদ দেওয়া হয়েছে। তবে বিসিবির কাউন্সিলর অ্যাডহক কমিটি থেকেই আসতে হবে, এমন বাধ্যবাধকতা নেই। আশা করি, যোগ্যরাই বিসিবির কাউন্সিলর হবেন।’

কালের আলো/আরআই/এমকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন