নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশে এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরের ভয়াবহতা বেড়েই চলছে। কেড়ে নিচ্ছে শিশু থেকে বৃদ্ধ সবার প্রাণ। বাদ যাচ্ছে না তরুণরাও। চলতি বছরে প্রায়ই ডেঙ্গুতে মৃত্যু ও আক্রান্তের রেকর্ড ভাঙছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি বয়সভিত্তিক রোগী ২১ থেকে ৩০ বছরের মধ্যে। বাংলাদেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর উচ্চহার কর্তৃপক্ষের ব্যর্থতাই প্রমাণ করে। এখানে ডেঙ্গু নিয়ন্ত্রণে নতুনত্ব কিছু নেই। সবকিছু যেন চলছে দায়সারাভাবে। সমস্যার সমাধানে কার্যকর কোনো তৎপরতা নেই।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মশাবাহিত রোগ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় সারাদেশে কেউ মারা যায়নি। তবে এই সময়ের মধ্যে রোগটি নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২১৯ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৪৪ হাজার ৬৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে মোট মৃত্যু হয়েছে ১৮৮ জনের। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৪০ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৯ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৩ জন রয়েছেন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৪২ হাজার ৪৭৮ জন।
সাধারণত বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে। চলতি সেপ্টেম্বর মাসের শুরু থেকেই ডেঙ্গুর সংক্রমণ আগের মাসগুলোর চেয়ে বাড়ছে। এর সঙ্গে বাড়ছে মৃত্যুও। চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে যত আক্রান্ত ও মৃত্যু হয়েছে, তা এ সময়ে আগের কোনো মাসে হয়নি। এ বছর যত আক্রান্ত ও মৃত্যু হয়েছে, তা গত বছরের এ সময়ের চেয়ে বেশি।
চলতি বছর বরিশাল বিভাগে সবচেয়ে বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। বরিশালের মৃত্যুহার শূন্য দশমিক ১৯ শতাংশ। আর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মৃত্যুহার ১ দশমিক ২ শতাংশ। একে অত্যন্ত উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
তবে সার্বিকভাবে মৃত্যুহার এবার কম। গত বছর ডেঙ্গুতে বাংলাদেশে মৃত্যুহার ছিল শূন্য দশমিক ৫৬। এটি ছিল বিশ্বে সর্বোচ্চ। চলতি বছর এ হার শূন্য দশমিক ৩৯। আর এ বছর বিশ্বে সর্বোচ্চ মৃত্যুহার ইন্দোনেশিয়ায়, শূন্য দশমিক ৪৩। মৃত্যুহার কম হলেও গত বছরের চেয়ে রোগীর সংখ্যা তিন গুণ বেশি। মৃত্যুহারে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। ভারতে চলতি বছর মৃত্যুহার শূন্য দশমিক ১০। পাকিস্তান ও নেপালে ডেঙ্গুতে মৃত্যু নেই।
কালের আলো/এমএএইচ/এইচএন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ । ৯:১৬ অপরাহ্ণ