ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও পাঁচবারের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে সংসদে সভাপতি করার প্রস্তাবে সমর্থন জানিয়েছে বিরোধী দল। তবে ‘সরকারি দল এই প্রস্তাবের আগে বিরোধী দলের সঙ্গে আলোচনা করতে পারতো’ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। শুরুতেই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেন এবং গণঅভ্যুত্থানে জড়িতদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা অনুযায়ী স্পিকার হিসেবে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম উত্থাপন করা হয়। সরকারি দলীয় সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রস্তাবকে সমর্থন দেন। সংসদের নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত না হওয়ার পর্যন্ত তিনি আপাতত স্পিকারের দায়িত্ব পালন করছেন।
বিরোধী দলের সমর্থনের পরেও ডা. তাহের সরকারের প্রতি সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেন, একজন সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিকে সভাপতি করার আগে সরকারি দল বিরোধী দলের সঙ্গে আলোচনা করলে সংসদীয় ঐক্য আরও দৃঢ় হতো।
এদিকে প্রথম বৈঠকে সভাপতিত্ব করার দায়িত্ব প্রদান করায় খন্দকার মোশাররফ হোসেন সকল সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
চতুর্থ বারের মতো সরকার গঠন করা বিএনপিকে ও প্রথমবারের মতো বিরোধী দলের দায়িত্ব পালন করা বাংলাদেশ জামায়াতে ইসলামীকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
কালের আলো/এসআর/এএএন

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬ । ১:৪৯ অপরাহ্ণ