বিপন্ন মানবতার পাশে নানামুখী কর্মযজ্ঞে আব্দুস সাত্তার ফাউন্ডেশন

ইব্রাহিম মিঠু, কালের আলো
প্রকাশের সময়: সোমবার, ১৬ মার্চ, ২০২৬ । ২:০৩ অপরাহ্ণ

এক দিন কাজ না করলে মুখে খাবার ওঠে না অনেকের। জীবিকার সন্ধানে সব কিছু উপেক্ষা করে প্রতিনিয়ত বাইরে ছুটতে হয়। নিম্ন আয়ের এসব মানুষকে নানাভাবে সহযোগিতা করে চলেছে

আব্দুস সাত্তার ফাউন্ডেশন। সিরাজগঞ্জের মানুষের কাছে এক নামেই পরিচিত এই ফাউন্ডেশন। নিজের এই ফাউন্ডেশনের ব্যানারে বছরের পর বছর নানাভাবে অসহায় ও বিপন্ন মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন হাজী আব্দুস সাত্তার।

সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির এই পরিচালককে স্থানীয়রা চিনেন ‘দানবীর’ হিসেবে। কবি শক্তি চট্টোপাধ্যায়ের সেই অমর কবিতাখানি ‘তুমি মানুষ হয়ে পাশে দাঁড়াও/মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও’ হৃদয়তন্ত্রিতে গেঁথে খেটে খাওয়া মানুষের হৃদয়ের সঙ্গে হৃদয় যোগ করেছেন এই বিশিষ্ট ব্যবসায়ী। পবিত্র মাহে রমজানের মাসে অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফুটাতে সিরাজগঞ্জ পৌর পার্কের সামনে কয়েকশ অসহায়ের মাঝে খাদ্য সহায়তা হিসেবে কয়েকশ বস্তা চাল তুলে দিয়েছেন।

বছরজুড়েই হাজী আব্দুস সাত্তার নিজের মানবিকতাকে জাগ্রত রেখেছেন। আর এতে খুশি অভাবী ও দরিদ্ররা। তারা বলছেন, ‘নানামুখী জীবনসংগ্রামে মানুষের যখন নাভিশ্বাস ওঠার উপক্রম তখনই বারবার আমাদের পাশে দাঁড়িয়েছেন হাজী আব্দুস সাত্তার। যদিও আত্মতৃপ্তির ঢেঁকুর না তুলে তিনি বলেন, ‘মানুষ মানুষের জন্য। অসহায় মানুষগুলোর কষ্ট ভাগাভাগি করে নেওয়া আমাদের দায়িত্ব। কোনো প্রচারের জন্য নয়, বরং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমার মূল লক্ষ্য। রমজানে কেউ যেন অনাহারে না থাকে সেজন্য আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

কালের আলো/ইএম/এএএন 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন