বিসিবি থেকে পদত্যাগের পর মুখ খুললেন আমজাদ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬ । ১০:৩০ পূর্বাহ্ণ

ঈদের ছুটির মাঝেও আলোচনার কেন্দ্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছরের অক্টোবর থেকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আমজাদ হোসেন। হঠাৎ–ই তাকে সরিয়ে বিসিবি মোখছেদুল কামাল বাবুকে বিভাগটির দায়িত্ব দেয়। এরপর গতকাল (সোমবার) বিসিবি পরিচালকের দায়িত্ব থেকে পদত্যাগ করেন আমজাদ।

বিসিবি সভাপতি বরাবর চিঠি দিয়েছেন তিনি। যেখানে ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন আমজাদ হোসেন। রাতে গণমাধ্যমের মুখোমুখি হয়ে  বিস্তারিত জানিয়ে তিনি বলেন, ‘কারণটি পুরোই আমার ব্যক্তিগত। আপনারা জানেন, আমাদের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ১৬ এর ছ-তে (আছে) পরিচালনা পরিষদ চাইলে কোনো স্থায়ী কমিটি চাইলে পুনর্গঠন, পুনর্বিন্যাস করতে পারবে। হয়তো পরিচালনা পরিষদ মনে করেছে, আমি যে কমিটির দায়িত্বে ছিলাম সেটি পুনর্বিন্যাস করার। পরিচালনা পরিষদ যখন মনে করেছে, হয়তোবা আমার সার্ভিস প্রয়োজন হবে না। তারপর থেকেই এই সিদ্ধান্ত নেওয়া।’

যদিও মিডিয়া কমিটি থেকে নিজের বাদ পড়ার কারণ জানেন না আমজাদ, ‘আমাকে তো বলা হয়নি ঠিক কী কারণে (বাদ দেওয়া হয়েছে)। আমাকে বলা হয়েছে এটা বোর্ডের সিদ্ধান্ত, তাদের সিদ্ধান্তের প্রতি আমার সম্মান থাকবে। সেটা আমি মেনে নিয়েছি।’

পরে এনএসসিকে দেওয়া বিসিবির এক চিঠি নিয়ে আমজাদ বলেন, ‘আমি তো বলেছি গত ১০ দিন সম্পূর্ণ সবার সঙ্গে বিচ্ছিন্ন ছিলাম। নির্দিষ্ট করে বললে আমি ওমরাহতে ছিলাম, কারও সঙ্গে কোনো যোগাযোগ করিনি। আমি আসলে বলতে পারব, কী হয়েছে। আমি ওই সময়ে (এনএসসিকে বিসিবি চিঠি) ছিলাম না।’

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন