রাঙ্গামাটিতে ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬ । ৩:০৩ অপরাহ্ণ

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কে অন্তত ৪০ জন যাত্রী নিয়ে উল্টে যায় বাসটি। ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে পাহাড়ি সড়কে অন্তত ৪০ জন যাত্রী নিয়ে উল্টে পড়েছে একটি বাস। ঈদের ছুটি শেষে চট্টগ্রামে ফিরছিলেন তারা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বাসটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে ছেড়ে আসছিল। ঈদের ছুটি শেষে নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টসে কর্মরতরা চট্টগ্রামে বাসটি ভাড়া করে নিয়ে যাচ্ছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারায়। বাসটিতে ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি সাইফুল ইসলাম শাকিল জানান, বাসটিতে থাকা অনেকেই আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ১২ জনকে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শওকত আকবর খান বলেন, এ ঘটনায় আহত ১৯ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনকে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন