দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং ন্যায়বিচার ও সুশাসন নিশ্চিত করাই পুলিশের এক নম্বর এজেন্ডা বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) সদর দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
ব্রিফিংকালে আইজিপি বলেন, ‘দেশের উন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ সৃষ্টির জন্য আইনশৃঙ্খলা রক্ষা করা অপরিহার্য। বিনিয়োগ আকৃষ্ট করতে হলে জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, আর এক্ষেত্রে পুলিশই প্রধান ভূমিকা পালন করে। সেনাবাহিনী, বিজিবিসহ অন্যান্য বাহিনী সহযোগী হিসেবে থাকলেও মাঠপর্যায়ে মূল দায়িত্ব পুলিশেরই।’
গত ৫ আগস্ট পরবর্তী পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সে সময় পুলিশের মনোবল প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল। আমাদের মূল কাজ হলো আইনের সুরক্ষা দেওয়া। পুলিশের হারানো গৌরব পুনরুদ্ধার এবং জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরলস কাজ চলছে। এবারের নির্বাচন ইতিহাসে অন্যতম বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে গণ্য হয়েছে।’
মাদক প্রসঙ্গে আইজিপি বলেন, ‘মাদকের ভয়াবহতা সমাজকে গ্রাস করছে, বিশেষ করে তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। কোনো ধরনের উগ্রবাদ বা মাদক কারবারিকে ছাড় দেওয়া হবে না। মাদক নির্মূল করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।’
দেশে জ্বালানি সংকট এবং কালোবাজারি রোধে পুলিশের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘কালোবাজারির সঙ্গে সমাজের এক শ্রেণির মানুষই জড়িত। শুধু অভিযান চালিয়ে এটি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়; আমাদের নৈতিক চেতনার উন্নয়ন ঘটাতে হবে। তবেই একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে।’
এ সময় পুলিশ সদর দপ্তর, রাজশাহী রেঞ্জ এবং আরএমপি-র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কালের আলো/আরডি/এমডিএইচ

রাজশাহী প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ । ৫:৫৭ অপরাহ্ণ