এলপিজি নিয়ে লুকোচুরি

বিশেষ সংবাদদাতা
প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ । ৩:৪১ অপরাহ্ণ

এক লাফে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম ৩৮৭ টাকা বেড়েছে। অথচ সরকার নির্ধারিত এই দরে গ্যাস পাচ্ছেন না ভোক্তারা। উল্টো বিক্রেতাদের একের পর এক অজুহাতে ‘গ্যাস আছে-গ্যাস নেই’ এমন লুকোচুরিতে অসন্তুষ্টির মাত্রা উঠেছে চরমে। ভোক্তাদের কাছ থেকে বাড়তি দাম আদায়ও বন্ধ হচ্ছে না কোনোভাবেই।

দেশে সরবরাহ করা এলপিজির ৯৮ শতাংশই আসছে বেসরকারিভাবে। মাত্র ২ শতাংশ এলপিজি সরকারিভাবে সরবরাহ হচ্ছে। কিন্তু সরকারি এ এলপিজি সাধারণ মানুষের নাগালের বাইরে। এলপিজির ১২ কেজি সিলিন্ডার সবচেয়ে বেশি ব্যবহৃত হয় গৃহস্থালির কাজে। বর্তমানে সরকারি কোম্পানির সরবরাহ করা এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা। দীর্ঘদিন ধরেই এ দাম অপরিবর্তিত রয়েছে।

সবশেষ গত বৃহস্পতিবার ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে এক লাফে ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একই হারে সব সিলিন্ডারের দাম বাড়ার ঘোষণায় মোটাদাগে এক ধাক্কায় প্রতি কেজিতে বাড়ানো হয় ৩২ টাকা ৩০ পয়সা। যদিও সরকার নির্ধারিত বাড়তি দামের সঙ্গে আরও বাড়তি অর্থ দেওয়ার বোঝা থেকে মুক্তি মেলেনি ভোক্তার। সিলিন্ডারপ্রতি গুনতে হচ্ছে অতিরিক্ত আরো ৪০০ থেকে ৫০০ টাকা।

সার্বিক বিষয়ে বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, বর্তমানে পেট্রোল পাম্পগুলোই সামলানো যাচ্ছে না। এ অবস্থায় এলপিজির বাজার মনিটরিং করাটা তাদের জন্য ‘চ্যালেঞ্জিং’। তবে আমদানিকারক ও সরবরাহ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে তারা সামনের দিনে পরিস্থিতি ‘সমন্বয় করার চেষ্টা করবেন।’

জানতে চাইলে ক্যাবের জ্বাালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, মূলত বিইআরসির অদক্ষতা এবং তাদের জবাবদিহিতার অভাবের কারণেই এলপিজি নিয়ে এ নৈরাজ্য চলছে। তারা নিজেরাই নিজেদের আইন লঙ্ঘন করছে। এটা শাস্তিযোগ্য অপরাধ। সেজন্য কারাদন্ডের বিধান পর্যন্ত আছে। কিন্তু কমিশনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না।

এসবের প্রতিকার চেয়ে বিগত সরকারের আমলে কমিশনের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে ক্যাবের পক্ষ থেকে অভিযোগ জমা দেওয়া হয়েছে বলেও জানান এ জ্বাালানি বিশেষজ্ঞ।

কালের আলো/এম/এএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন