নববর্ষের আগে ইলিশে উত্তাপ

বিশেষ সংবাদদাতা
প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ । ৬:২৪ অপরাহ্ণ

দরজায় কড়া নাড়ছে পহেলা বৈশাখ। বাঙালির প্রাণের এ উৎসবের আগেই উত্তাপ বেড়েছে রাজধানীর ইলিশ বাজারে। মাঝারি সাইজের ইলিশ কিনতে গুণতে হচ্ছে আড়াই হাজার টাকা পর্যন্ত। বড় সাইজের প্রতি কেজি ইলিশের দাম বর্তমানে ৩১ থেকে ৩৫শ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

সরকার প্রতিবছর ইলিশ সংরক্ষণের জন্য বিশেষ উদ্যোগ নেয়। এ বছরের জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে শুরু হয়েছে এবং চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। এছাড়া ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বঙ্গোপসাগর ও সংলগ্ন নদীতে সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ থাকবে। জাটকা সংরক্ষণ ইলিশের প্রজনন ও ভবিষ্যৎ সরবরাহ নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর টাউনহল বাজার, রায়ের বাজার, সাদেক খান কৃষি মার্কেট ও কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, এক কেজির বেশি ওজনের ইলিশ কেজিপ্রতি ২৮০০ থেকে ৪০০০ টাকায় বিক্রি হচ্ছে, যা এক সপ্তাহ আগে ছিল ২২০০ থেকে ২৮০০ টাকা। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২৬০০ থেকে ২৭০০ টাকায়। ৮০০-৯০০ গ্রাম ওজনের ইলিশ ১৮০০ থেকে ২২০০ টাকা এবং ৫০০-৬০০ গ্রাম ইলিশ ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। কোথাও তা ২২০০ টাকাও ছাড়িয়েছে। সরবরাহ কম থাকায় ক্রেতার উপস্থিতিও কম।

ধানমন্ডির রায়ের বাজারে ৫০০-৬০০ গ্রাম ইলিশ ২৫০০-২৭০০ টাকা এবং এক কেজির বেশি ইলিশ ৩২০০ থেকে ৩৭০০ টাকায় বিক্রি হচ্ছে। এখানে মিয়ানমার ও হিমায়িত ইলিশও তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে, তবে সরবরাহ সীমিত। রায়ের বাজারের এক ব্যবসায়ী বলেন, ‘আমরা নিজেরাই বেশি দামে কিনছি। তাই কম দামে বিক্রি করলে লোকসান হবে।’ ক্রেতা আব্দুর রউফ বলেন, ‘ইলিশের দাম এমন পর্যায়ে গেছে যে এখন নিয়মিত কেনা সম্ভব নয়।’

মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১০ ইঞ্চির কম দৈর্ঘ্যের ইলিশকে জাটকা বলা হয়। এই জাটকা ইলিশগুলো বড় হয়ে পূর্ণাঙ্গ ইলিশে পরিণত হয়। বৈশাখ মাসে বাজারে ইলিশের সরবরাহ কম থাকায় মুনাফাখোররা কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দেয়। এতে সাধারণ মানুষ পান্তা-ইলিশ থেকে বঞ্চিত হয়।

বাংলাদেশ জাতীয় মৎস্য গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আনিসুর রহমান জানান, যদি জাটকা সংরক্ষণ কার্যকরভাবে চলে, তাহলে দেশের মানুষ কমপক্ষে চার লাখ মেট্রিক টনের বেশি ইলিশ পেতো।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, সরকারের উদ্যোগে বর্তমানে বছরে ৫ লাখ মেট্রিক টনের বেশি ইলিশ উৎপাদন হচ্ছে। জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি থাকবে। এর ফলে ইলিশের উৎপাদন বাড়বে এবং দাম কমে সাধারণ মানুষের নাগালে আসবে।

কালের আলো/এম/এএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন