ডেংগু থেকে নগরবাসীকে সুরক্ষা নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ গ্রহণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। এ লক্ষ্যে ‘অপারেশন ক্লিন হোমস, হেলদি লাইভস’ শীর্ষক বিশেষ মশক নিধন ও সচেতনতামূলক প্রচারাভিযানের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড আদর্শ বিদ্যানিকেতন প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এ কথা জানান।
ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, পরিচ্ছন্নকর্মী ও মশককর্মীরা তাদের দায়িত্ব পালন করলেও নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেংগু প্রতিরোধ কার্যক্রম সফল করা সম্ভব নয়।
তিনি আরও জানান, সামনে আরও বড় পরিসরে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। ডিএনসিসির আওতাধীন কোথাও রাস্তাঘাট বা জলাবদ্ধতা সংক্রান্ত সমস্যা থাকলে এলাকাবাসীকে তা দ্রুত জানাতে আহ্বান জানান, যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
প্রচারাভিযানটি আগামী ২১ মে পর্যন্ত চলবে। প্রতিদিন ডিএনসিসির ১০ জন এবং ব্র্যাক-এর ১০ জন মশককর্মী এতে অংশ নেবেন।
উদ্বোধনের পর প্রশাসক আশপাশের বিভিন্ন বাড়িতে ডেংগু বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং স্থানীয়দের করপোরেশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী বলেন, মশা নিয়ন্ত্রণ শুধু সরকারের দায়িত্ব নয়, এ বিষয়ে সব নাগরিককে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সম্মিলিত উদ্যোগই এ সমস্যার কার্যকর সমাধান দিতে পারে।
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান জানান, প্রতি শনিবার মোট ২১টি বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। ডেংগুর বিরুদ্ধে লড়াই শুরু করতে হবে নিজ নিজ বাসা থেকে এবং জনগণের সম্পৃক্ততা ছাড়া কাঙ্ক্ষিত সাফল্য সম্ভব নয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী।
অনুষ্ঠানে বক্তারা ডেংগু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
কালের আলো/এসআর/এএএন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ । ১০:০৮ অপরাহ্ণ