জামিননামা কারাগারে পৌঁছলেই মুক্ত হবেন শিরীন শারমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ । ৪:০৩ অপরাহ্ণ

সাবেক স্পিকার ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. শিরীন শারমিন চৌধুরীর জামিননামা কারাগারে পৌঁছলেই তিনি মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

রোববার (১২ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে বিচারক জাকির হোসাইন ৫০ হাজার টাকা মুচলেকায় শিরীন শারমিন চৌধুরীর জামিন আবেদন মঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ওমর ফারুক জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত নির্ধারিত শর্তে তার জামিন মঞ্জুর করেছেন এবং শুনানিতে রাষ্ট্রপক্ষ তাদের আইনগত অবস্থান তুলে ধরেছে।

শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী নাজিয়া কিবরিয়া বলেন, আদালত থেকে বেল বন্ড (জামিননামা) কারাগারে পৌঁছালেই তিনি জামিনে মুক্তি পাবেন। তিনি জানান, অন্য কোনো মামলায় সাবেক স্পিকারকে আটকের সম্ভাবনা আপাতত নেই। তিনি ৫০ হাজার টাকা মুচলেকায় জামিন পেয়েছেন এবং মুক্তি পেলে প্রয়োজনীয় চিকিৎসা নেবেন।

বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিনকে গ্রেফতার দেখানো হয়।

এর আগে গত ৭ এপ্রিল শিরীন শারমিনকে আদালতে হাজির করা হলে রিমান্ড আবেদন নাকচ করে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। পরবর্তীতে আজ রোববারের শুনানিতে সেই সিদ্ধান্ত পরিবর্তন করে তার জামিন মঞ্জুর করা হলো।

কালের আলো/জেএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন