শিক্ষায় সবচেয়ে বেশি বিনিয়োগ করবে সরকার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ । ১০:৫৩ অপরাহ্ণ

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান সরকারের সবচেয়ে বড় অঙ্গীকার হচ্ছে শিক্ষাখাতে বিনিয়োগ বৃদ্ধি করা। তিনি জানান, সরকার ধাপে ধাপে শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দ নিশ্চিত করতে কাজ করছে এবং এই খাতে বিনিয়োগই উন্নয়নের প্রধান ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অডিটরিয়ামে ঢাকার কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী এসব বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাখাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে তিনি স্বীকার করেন, হঠাৎ করে বড় অংকের বাজেট গ্রহণ করা বাস্তবসম্মত নয়। এজন্য ধাপে ধাপে সক্ষমতা অনুযায়ী বরাদ্দ গ্রহণ ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, দীর্ঘদিন অপুষ্টিতে থাকা শরীর যেমন হঠাৎ বেশি খাবার গ্রহণ করতে পারে না, তেমনি শিক্ষা ব্যবস্থাও একবারে বড় বাজেট গ্রহণের জন্য প্রস্তুত নয়। তাই পরিকল্পিতভাবে ও পর্যায়ক্রমে বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দেন তিনি।

এছাড়া আগামী বাজেটের পর শিক্ষকদের কল্যাণ ও সুবিধা নিয়ে সরকার গুরুত্বসহকারে ভাববে বলেও জানান শিক্ষামন্ত্রী।

কালের আলো/আরডি/এমডিএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন