ইরানকে সহায়তা করলে চীনা পণ্যে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ । ৮:১১ পূর্বাহ্ণ

ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনা ব্যর্থ হওয়ার পর তিনি এমন হুমকি দেন।

রোববার (১২ এপ্রিল) সিএনএনের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তেহরানকে সামরিক সহায়তা দিলে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী বেইজিংয়ের পণ্যের ওপর ‘বিস্ময়কর’ নতুন শুল্ক আরোপ করা হবে।

বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি চললেও, সাম্প্রতিক সিএনএনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, চীন ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে।

গত শনিবার (১১ এপ্রিল) প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তিনজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নে এ ধরনের তথ্য পাওয়া গেছে।

এ বিষয়ে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য অনুযায়ী চীন ইরানকে সহায়তা করছে’ এ বিষয়টি যদি সত্য হয়, তাহলে বড় সমস্যার মুখে পড়বে চীন।’

এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে চীনে পূর্বনির্ধারিত একটি রাষ্ট্রীয় সফরও স্থগিত করেছেন ট্রাম্প। সফরটি আগামী মাসে হওয়ার কথা ছিল।

কালের আলো/ এসাআর/ এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন