বছর ঘুরে ফের দুয়ারে কড়া নাড়ছে বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ মানেই বাঙালির হাজার বছরের সংস্কৃতি আর ঐতিহ্যের নতুন এক উদযাপন। আর এবারের উৎসবের রঙে নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত দেশের সংগীতাঙ্গন। নতুন বছরকে বরণ করে নিতে ঢাকার বিভিন্ন প্রান্তে আয়োজন করা হচ্ছে জমকালো কনসার্ট।
এবারের বৈশাখী আয়োজনে সবচেয়ে বড় চমক নিয়ে আসছে জনপ্রিয় মিউজিক প্ল্যাটফর্ম ‘কোক স্টুডিও বাংলা’। উৎসবের দিন অর্থাৎ ১৪ এপ্রিল বিকেল ৩টা থেকে রাজধানীর ১০০ ফিট মাদানি এভিনিউয়ের ‘কোর্টসাইড’-এ বসতে যাচ্ছে গানের এক জাদুকরী আসর।
কোক স্টুডিও বাংলার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে জানা গেছে, ঢাক-ঢোলের তালে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে এই উন্মুক্ত আয়োজনে অংশ নিতে।
যেহেতু কনসার্টটিতে সবাইকে একসঙ্গে মেতে ওঠার জন্য সাদরে আমন্ত্রণ জানানো হয়েছে, তাই এটিকে একটি ওপেন কনসার্ট হিসেবেই ধারণা করা হচ্ছে।
কোক স্টুডিওর জনপ্রিয় শিল্পী ও মিউজিশিয়ানদের উপস্থিতিতে এবারের বৈশাখ হবে অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি ম্যাজিক্যাল- এমনটাই বার্তা তাদের।
পহেলা বৈশাখের এই আনন্দ শুধু এক জায়গায় সীমাবদ্ধ নেই। জনপ্রিয় ফিউশন ব্যান্ড চিরকুটও এই উৎসবে যোগ দিচ্ছে ভিন্ন মাত্রায়। রক ও লোকসংগীতের অনন্য স্বাদে দর্শকদের মাতাতে এদিন তিনটি পৃথক বিশ্ববিদ্যালয়ে গান শোনাবে ব্যান্ডটি। ১৪ এপ্রিল সকাল ১১টায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্টের আমন্ত্রণে শুরু হবে তাদের প্রথম পরিবেশনা। এরপর বিকেল ৩টায় নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সেখানে পারফর্ম করবে তারা।
কালের আলো/আরডি/এমডিএইচ

বিনোদন ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ । ৯:৪১ পূর্বাহ্ণ