৬ মাস পর জামিনে মুক্ত বাউল শিল্পী আবুল সরকার

গাজীপুর প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ । ৫:১১ অপরাহ্ণ

ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় প্রায় ছয় মাস কারাবাস শেষে জামিনে মুক্তি পেয়েছেন মানিকগঞ্জের বাউল শিল্পী ও পালাকার আবুল সরকার।

সোমবার (১৩ এপ্রিল)  বেলা ১১টা ২০ মিনিটে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে তিনি মুক্তি পান।

কারাগার থেকে বের হয়ে প্রথমে তিনি রিকশায় করে ফটকে আসেন। পরে সাদা রঙের একটি মাইক্রোবাস করে তিনি এলাকা ত্যাগ করেন। এ সময় পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। তবে অসুস্থ থাকায় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জ্যেষ্ঠ জেল সুপার হালিমা খাতুন বলেন, জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছানোর পর যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলা না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

আবুল সরকার মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার চর তিল্লী গ্রামের বাসিন্দা। তিনি মৃত আমজাদ আলীর ছেলে।

গত বছরের ২০ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল। পরদিন ঘিওর বন্দর মসজিদের ইমাম আবদুল্লাহ বাদী হয়ে আবুল সরকারকে আসামি করে ঘিওর থানায় একটি মামলা দায়ের করেন।

ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে সন্ধ্যায় মানিকগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

৬ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের বেঞ্চ আবুল সরকারকে জামিনে মুক্তির আদেশ দেয়।

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লীর বাসিন্দা আবুল সরকার এলাকায় বাউলশিল্পী ‘ছোট আবুল সরকার’ নামে পরিচিত। তিনি কোক স্টুডিও বাংলার জনপ্রিয় গান ‘কথা কইয়ো না’-এর কণ্ঠশিল্পী আলেয়া বেগমের স্বামী।

বাউলশিল্পী আবুল সরকারকে গ্রেপ্তার ও মানিকগঞ্জে বাউলশিল্পী ও অনুসারীদের ওপর হামলার প্রতিবাদে শুরু থেকেই সোচ্চার ছিল বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। তার মুক্তির দাবিতে গত ২৫ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেছিল ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন