আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নারী ক্রিকেটের উন্নয়নে এক নতুন ইতিহাস রচনা করতে যাচ্ছে। ২০২৬ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে এবার আর্থিক পুরস্কারের কাঠামোয় এসেছে বড় ধরনের পরিবর্তন। প্রথমবারের মতো ১২টি দল অংশ নেওয়ায় টুর্নামেন্ট আরও বড় হচ্ছে, সঙ্গে বেড়েছে মোট প্রাইজমানির অঙ্কও।
আইসিসি ঘোষণা করেছে, আসরের মোট প্রাইজ ফান্ড দাঁড়াবে ৮৭ লাখ ৬৪ হাজার ৬১৫ মার্কিন ডলার। এটি ২০২৪ সালের আসরের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। সে সময় ১০ দলের জন্য মোট প্রাইজমানি ছিল ৭৯ লাখ ৫৮ হাজার ৭৭ ডলার। বাংলাদেশি টাকায় এবারের মোট অঙ্ক প্রায় ১০৭ কোটি ৮০ লাখ টাকা। যা নারী ক্রিকেটের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বড় আর্থিক পুরস্কার।
চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় প্রায় ২৮ কোটি ৭৮ লাখ টাকা)। রানার্স-আপ দলের জন্য নির্ধারিত ১১ লাখ ৭০ হাজার ডলার (প্রায় ১৪ কোটি ৩৯ লাখ টাকা)। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল প্রত্যেকে পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে (প্রতি দলের জন্য প্রায় ৮ কোটি ৩০ লাখ টাকা)।
প্রতিটি গ্রুপ ম্যাচ জয়ের জন্য দলগুলো পাবে ৩১ হাজার ১৫৪ ডলার (প্রায় ৩৮ লাখ ৩১ হাজার টাকা)। এছাড়া ১২টি অংশগ্রহণকারী দলের প্রত্যেকেই নিশ্চিতভাবে পাবে ২ লাখ ৪৭ হাজার ৫০০ ডলার (প্রায় ৩ কোটি ৪ লাখ টাকা)। এই নিশ্চিত অংশ ২০২৪ সালের তুলনায় দ্বিগুণেরও বেশি।
কালের আলো/এসআর/এএএন

স্পোর্টস ডেস্ক
প্রকাশের সময়: সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ । ১০:১৩ অপরাহ্ণ