বিগত সরকারের ব্যর্থতায় দেশ অনেকটা পিছিয়ে আছে : স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ । ৭:৩০ অপরাহ্ণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকারের ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে। বিগত সরকার সরকারি কোষাগারে কোনো টাকা রেখে যায়নি।

সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দাপার্ক সংলগ্ন লিটল এঞ্জেলস সেমিনারীতে আয়োজিত ‘দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আগামী অর্থবছর থেকে ১৫ মাসের চাহিদা বিবেচনায় রেখে সব ধরনের টিকা ও সরঞ্জামাদি সংগ্রহ করার পরিকল্পনা করছি। সেই সঙ্গে এটাও নিশ্চিত করবো যাতে সবসময় আমাদের হাতে ৬ মাসের টিকা মজুত থাকে এবং কোনো ধরনের সংকট তৈরি না হয়।

মন্ত্রী বলেন, আমাদের বাচ্চাদের পুষ্টির অভাব। শুধু ওষুধ দিয়ে মানুষকে ভালো করা যাবে না, আমাদের নিজেদের ও সচেতন হতে হবে। সবচাইতে বেশি কার্যকর ওষুধ মায়ের দুধ। মায়ের দুধ পান করলে বাচ্চারা বিভিন্ন রোগব্যাধি থেকে মুক্তি পাওয়া সম্ভব। অনেক মায়েরা বিভিন্ন কারণে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করান না। বাচ্চাদের ব্রেস্ট ফিডিং করানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ এম্মানিউলি এবরিউক্স, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেনটিভ ডা. রাজেশ নারওয়াল, স্বাস্থ্য স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির, জেলা সিভিল সার্জন ডা. মশিউর রহমানসহ অন্যান্যরা।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১০০ শয্যায় করার ঘোষণা দেন।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন