সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে (৩৫) অস্ত্র ও গোলাবারুদসহ আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (২১ এপ্রিল) কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর প্রত্যক্ষ নির্দেশনায় সুন্দরবন অঞ্চলে সক্রিয় সব বনদস্যুর বিরুদ্ধে বাংলাদেশ কোস্টগার্ড কঠোর অবস্থানে রয়েছে। এর অংশ হিসেবে কোস্টগার্ডের নেতৃত্বে ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ এবং ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ নামে দুটি বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এই অভিযানের ধারাবাহিক সফলতা হিসেবে তৃতীয়বারের মতো ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান পরিচালনা করে দুর্ধর্ষ ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ডকে আটক করা হয়।
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সুন্দরবন থেকে বাগেরহাটের রামপাল থানাধীন শুকদারা বাজার-সংলগ্ন এলাকায় পরিবারের সঙ্গে সাক্ষাতে যাওয়ার নিমিত্তে তথ্য জানা যায়। গোপন তথ্যের ভিত্তিতে গত সোমবার রাত ১০টায় কোস্টগার্ড বেইস মোংলাকর্তৃক ওই এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড মো. আব্দুস সামাদ মোল্লাকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ডাকাতের তথ্যের ভিত্তিতে, মঙ্গলবার মধ্যরাত ২টায় মোংলা থানাধীন সুন্দরবনের নন্দবালা খাল-সংলগ্ন এলাকা থেকে একটি একনলা বন্দুক, একটি এয়ার গান ও দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাত মো. আব্দুস সামাদ মোল্লা বাগেরহাট জেলার রামপাল থানার বাসিন্দা। সে দীর্ঘদিন যাবৎ ছোট সুমন বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে ডাকাতি করে আসছিল। জব্দকৃত অস্ত্র, গোলাবারুদ ও আটককৃত ডাকাতের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
কালের আলো/আরডি/এমডিএইচ

খুলনা প্রতিবেদক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ । ১০:২২ অপরাহ্ণ