বিমানকে নারিতা ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২২ এপ্রিল, ২০২৬ । ৩:২১ অপরাহ্ণ

বোয়িং উড়োজাহাজ ক্রয় সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নারিতা ফ্লাইট চালুর প্রস্তুতি নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর ২০৩৪–৩৫ অর্থবছরের মধ্যে ৪৭টি উড়োজাহাজে উন্নীত করার সম্ভাব্য রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ লক্ষ্যে বোয়িংয়ের উড়োজাহাজ সংযোজনের বিষয়টি পর্যালোচনা করা হয়।

পাশাপাশি আগের সরকারের সময়ে নেওয়া উদ্যোগ নিয়েও সভায় পর্যালোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম বলেন, প্রতিটি উড়োজাহাজ সংযোজনের আগে রুটভিত্তিক আয়-ব্যয়ের আলোকে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন।

তিনি আরও বলেন, সময়োপযোগী ও বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আরও লাভজনক ও যাত্রীবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বোয়িং উড়োজাহাজ সংযোজনের বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়াগুলো এগিয়ে নেওয়ার জন্য কার্যক্রম চলমান রাখতে হবে।

তিনি সরবরাহ প্রক্রিয়ার সময়োপযোগিতা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং বিদ্যমান পরিকল্পনার আলোকে বর্তমান সরকারের সময়কালে নতুন উড়োজাহাজ বহরে অন্তর্ভুক্তির লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

এছাড়া, তিনি ঢাকা–নারিতা রুটে ফ্লাইট পরিচালনা আবারও চালুর লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়ে দিকনির্দেশনা দেন।

সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন