দেশে গবেষণা ও শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) প্রদত্ত সেবাসমূহ আরও কার্যকরভাবে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। সংস্থাটির মতে, বৈশ্বিক প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় টিকে থাকতে বিডিরেনের সহায়তা অপরিহার্য।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইউজিসি অডিটরিয়ামে বিডিরেন আয়োজিত ‘মিট অ্যান্ড গ্রিট ২০২৬: ইউজিসি-বিডিরেন-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতার মাধ্যমে গবেষণা ও শিক্ষার মানোন্নয়ন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, বিশ্বে নব উদ্ভাবিত বিভিন্ন কোর্সের সঙ্গে সংযোগ স্থাপনে বিডিরেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সঙ্গে বিডিরেনের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা সংশ্লিষ্ট সেবা গ্রহণ করে নিজেদের দক্ষতা ও সক্ষমতা আরও সমৃদ্ধ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, স্বল্পমূল্যে আন্তর্জাতিক জার্নালে প্রবেশাধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও বিডিরেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অস্বচ্ছল শিক্ষার্থীদের কাছে এসব সেবা পৌঁছে দিতে ইউজিসি নিরলসভাবে কাজ করছে। বিডিরেনের সেবা গ্রহণের মাধ্যমে গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ ভূইয়া বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ এখনো গবেষণায় পিছিয়ে রয়েছে। গবেষণার মানোন্নয়নে কার্যকর সহায়তা প্রদানে বিডিরেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিডিরেনের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ তৌরিত বলেন, সেবা প্রদানের ক্ষেত্রে বিডিরেন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো পার্থক্য করে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে বিডিরেনের সেবা সম্প্রসারণের লক্ষ্যে নীতিগত বিষয় নিয়ে ইউজিসির সঙ্গে আলোচনা করা হবে।
অনুষ্ঠানে দেশের ৪০টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৮৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। এতে স্বাগত বক্তব্য প্রদান করেন বিডিরেনের চিফ মার্কেটিং অফিসার এখলাস উদ্দীন আহম্মেদ।
কালের আলো/আরডি/এমডিএইচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬ । ৪:০৮ অপরাহ্ণ