চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগ ও পদায়ন না পাওয়ায় বিক্ষুব্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগ প্রার্থীরা।
গতকাল (রোববার) শাহবাগে অবস্থান কর্মসূচির পর সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর মিরপুর-২ এর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে নতুন কর্মসূচি শুরু করেছে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। নিয়োগসংক্রান্ত লিখিত ঘোষণা না পাওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণাও দিয়েছেন তারাভ
দেখা যায়, বেলা ১২টার পর থেকেই নিয়োগ প্রার্থীরা বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড ও স্লোগানে জড়ো হতে থাকেন। তখন তাদের ‘দাবি মোদের একটাই, নিয়োগপত্র হাতে চাই’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
আন্দোলনকারীরা জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে লিখিত কোনো নোটিশ বা স্পষ্ট ঘোষণা না পাওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না।
আন্দোলনে অংশ নেওয়া রুনা আক্তার নামের এক আন্দোলনকারী বলেন, “আমরা সব প্রক্রিয়া শেষ করেছি—মেডিকেল, কাগজপত্র জমাসহ সব। তারপরও মাসের পর মাস অপেক্ষা করতে হচ্ছে। এখন আর আশ্বাসে ভরসা নেই, লিখিত সিদ্ধান্ত চাই।”
এর আগে গতকাল (রোববার) শাহবাগে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিনিধিদের সঙ্গে কথা বলে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি। তবে নিয়োগ প্রার্থীরা এই আশ্বাসে সন্তুষ্ট নয়।
গত ৮ ফেব্রুয়ারি চূড়ান্ত সুপারিশের পর প্রয়োজনীয় সব ধাপ সম্পন্ন করেছে তারা। অনেকেই যোগদানের আশায় আগের চাকরি ছেড়েছে। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নিয়োগ প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। এতে প্রায় ১৫ হাজার প্রার্থী অনিশ্চয়তা ও মানসিক চাপে রয়েছে বলে অভিযোগ করেন আন্দোলনকারী সহকারী শিক্ষকরা।
এ অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া আরেক নিয়োগপ্রার্থী সাব্বির আহমেদ বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে দাবি জানাচ্ছি। কিন্তু বারবার সময়ক্ষেপণ করা হচ্ছে। এটা আমাদের সঙ্গে প্রহসনের মতো।’
২০২৫ সালের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ (রাজস্ব খাতভুক্ত) প্রক্রিয়ায় ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্তভাবে সুপারিশ করা হয়। এই নিয়োগের লিখিত পরীক্ষা ২০২৬ সালের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ব্যতীত দেশের ৬১টি জেলায় একযোগে অনুষ্ঠিত হয়। পরে লিখিত পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ২০২৬ সালের ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। চূড়ান্ত নিয়োগ ফলাফল প্রকাশিত হয় চলতি বছরের ৮ ফেব্রুয়ারি।
কালের আলো/এসএকে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ । ৩:০৫ অপরাহ্ণ