খালেদা জিয়ার গাড়িতে হামলার আসামি লাভলুর জামিন বাতিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬ । ৮:৪৭ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলার আসামি নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হল শাখার সাবেক সভাপতি ও বিশ্বিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরের জামিন বাতিলের আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২৭ এপ্রিল) ঢাকার ১৭তম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

এর আগে রোববারই (২৬ এপ্রিল) তাকে জামিন দেন একই আদালত। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. আশরাফুল আমিন জানান, রোববার এক হাজার টাকার মুচলেকায় আদালত আসামির জামিন মঞ্জুর করেন।

তবে গতকাল আসামিপক্ষের আইনজীবীরা জামিননামা সময় মতো আদালতে জমা দিতে পারেননি। আজ সকালে আসামিপক্ষের আইনজীবী এ জামিননামা দাখিল করেন।
আদালত আসামির এ জামিননামা নাকচ করে জামিন বাতিলের নির্দেশ দেন।

এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আই ডোন্ট কেয়ার’ লেখা ফটোকার্ড পোস্ট করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশির।

এ ঘটনার জেরে গত বছরের ১৭ নভেম্বর মধ্যরাতে শিক্ষার্থীরা তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেন। পরে গত ৫ এপ্রিল শাহবাগ থানার ওই মামলায় তাকে আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচারণার জন্য ২০১৫ সালের ২২ এপ্রিল গুলশানের বাসভবন থেকে গাড়িবহর নিয়ে বের হন খালেদা জিয়া। সেদিন বিকেল সাড়ে ৫টার শাহবাগের বাংলামোটর সিগন্যালে পৌঁছালে পরিকল্পিতভাবে তার গাড়িবহরে হামলা করা হয়। ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা তখন গাড়ি ভাঙচুর করে এবং কয়েকজনকে পিটিয়ে আহত করে।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ নভেম্বর শাহবাগ থানায় মামলা করা হয়।

কালের আলো/এসআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন