ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৪, আহত বহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ । ৯:২০ পূর্বাহ্ণ

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অদূরে সোমবার (২৭ এপ্রিল) দুইটি ট্রেনের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার অদূরে সোমবার (২৭ এপ্রিল) দুইটি ট্রেনের মধ্যে এক ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত এবং কয়েক ডজন যাত্রী আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, জাকার্তার উপকণ্ঠে বেকাসি তিমুর স্টেশনের কাছে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় একটি দূরপাল্লার ট্রেন পেছন থেকে সেটিকে সজোরে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় ট্রেনের কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায় ।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকারীরা ট্রেনের ভেতরে আটকে পড়া যাত্রীদের বের করে আনার চেষ্টা চালাচ্ছেন। অনেককে স্ট্রেচারে করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

রাষ্ট্রীয় রেল পরিচালনাকারী সংস্থা ‘কেএআই’-এর মুখপাত্র অ্যান পুরবা চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন পর্যন্ত ৩৮ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে রেল সংস্থাটি।

কালের আলো/এসাআর/এএএন

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন