নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ । ৯:০৪ পূর্বাহ্ণ

রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে অজ্ঞাতনামা দুর্বৃত্তদের গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তিনি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্যতম শীর্ষ সন্ত্রাসী টিটন। তার পুরো নাম খন্দকার নাঈম আহমেদ। দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০২৪ সালের ৫ আগষ্টের পর তিনি জামিনে বের হয়ে আর আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিলেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, পুলিশের একাধিক ইউনিট তাকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে আসছিল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত আটটার দিকে নিউমার্কেট ১ নম্বর গেট ও শহীদ শাহ নেওয়াজ হল সংলগ্ন সড়কে টিটনকে গুলি করে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকারী শিক্ষার্থী মো. মেজবাহ বলেন, রাত আটটার দিকে মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত ওই ব্যক্তিকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে সড়কে লুটিয়ে পড়েন। স্থানীয় লোকজন দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা আতঙ্ক ছড়াতে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে মোটরসাইকেলে পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, নিহত ব্যক্তির মাথাসহ শরীরের একাধিক স্থানে গুলির চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালের আলো/ এসাআর/এএএন 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন