প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ । ৪:৩১ অপরাহ্ণ

ঢাকা সেনানিবাসে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার ও সামরিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ করার বিষয়ে আলোচনা হয়েছে।

বুধবার ( ২৯ এপ্রিল) বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এইচ ই সারা কুক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম পিএসসি, জি (অব.)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিকেলে ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে উভয়েই পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুই দেশের মধ্যে বিদ্যমান সামরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও মতবিনিময় করেন উপদেষ্টা ও হাইকমিশনার।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ সময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘকালীন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর থেকেই দুটি দেশের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা চমৎকারভাবে বহমান রয়েছে।

সূত্র জানায়, প্রতিরক্ষা উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনারের বৈঠকে যৌথ সামরিক মহড়া, গোয়েন্দা তথ্য বিনিময়, সেনা সদস্যদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তার বিষয়গুলো গুরুত্ব পায়। আগামী দিনে এ খাতে আরও বিনিয়োগ ও দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা নিয়েও কথা হয়।

ব্রিটিশ হাইকমিশনার সারা কুক বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে অত্যন্ত মূল্যবান উল্লেখ করে বলেন, ‘যুক্তরাজ্য সব সময় বাংলাদেশের নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতায় পাশে থাকতে আগ্রহী।’

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয় সূত্র জানিয়েছে, এ ধরনের নিয়মিত সৌজন্য সাক্ষাৎ ভবিষ্যতে আরও ঘনিষ্ঠ সহযোগিতার পথ তৈরি করবে। এ সময় বৈঠকে সংশ্লিষ্ট উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

কালের আলো/এম/এএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন