জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ । ৯:৫৯ পূর্বাহ্ণ

জার্মানিতে অবস্থানরত মার্কিন সেনা কমানোর জন্য ‘পর্যালোচনা ও বিশ্লেষণ’ করছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের সেনাদের অন্যতম বৃহৎ বিদেশি ঘাঁটি থেকে সেনা প্রত্যাহারের কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘খুব অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে একটি সিদ্ধান্ত নেওয়া হবে।’

ট্রাম্পের এ ঘোষণা এমন সময়ে এলো, যখন ইরান যুদ্ধকে ঘিরে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মেরৎসের সঙ্গে তার উত্তেজনা বাড়ছে।

মেরৎস অভিযোগ করেছিলেন, ইরানের নেতৃত্বের কাছে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হচ্ছে—এ মন্তব্যের পরই ট্রাম্প তার সমালোচনা করেন ।

এ ছাড়া, ট্রাম্প বারবার জার্মানি ও অন্য ন্যাটো মিত্রদের সমালোচনা করেছেন, কারণ তারা যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরিচালিত ইরান যুদ্ধকে যথেষ্ট সমর্থন দিচ্ছে না।

বিশেষ করে, হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সহায়তার জন্য নিজেদের নৌবাহিনী মোতায়েন না করায় তিনি অসন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, জার্মানি যুক্তরাষ্ট্রের সেনাদের অন্যতম বৃহৎ বিদেশি ঘাঁটি। বর্তমানে সেখানে প্রায় ৩৩ হাজার ৯০০ মার্কিন সেনা অবস্থান করছে।

কালের আলো/এসাআর/ এএএন 

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন