একাত্তরে কসাই টিক্কা খানের সঙ্গে বৈঠক করেছিলেন গোলাম আযমরা : জ্বালানি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬ । ৭:১২ অপরাহ্ণ

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন জামায়াতে ইসলামীর তৎকালীন নেতা গোলাম আযমসহ একদল রাজনীতিবিদ ‘কসাই’ খ্যাত জেনারেল টিক্কা খানের সঙ্গে বৈঠক করে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রী তার বক্তব্যে একাত্তরের ইতিহাস তুলে ধরে বলেন, “৭১ এর ২৫ মার্চ পাকিস্তানি সেনাবাহিনী যখন রাজারবাগে পুলিশ হত্যা করে বিভীষিকা তৈরি করেছিল, জাতি যখন দিশেহারা, তখন আমরা মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা শুনে উজ্জীবিত হয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলো, তখন গোলাম আযমসহ কিছু রাজনীতিবিদ টিক্কা খানের সঙ্গে বৈঠক করে বাঙালি দমনে সহায়তার আশ্বাস দিয়েছিলেন।”

তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের ৪ এপ্রিল এবং পরবর্তীতে গোলাম আযম ১২ সদস্যের প্রতিনিধি দল নিয়ে গভর্নর হাউসে টিক্কা খানের সঙ্গে দেখা করেন। তারা শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠন করে মুক্তিকামী বাঙালিদের ওপর অপরাধ চালিয়েছে। এটা ইতিহাসের ধ্রুব সত্য।’

ইকবাল হাসান বলেন, ‘৭১ বাংলাদেশের প্রত্যেকটা মানুষের গর্বের জায়গায়। ৭১ না হলে আমরা আজকে এই পার্লামেন্টে বসতে পারতাম না। ৭১ না হলে আমরা কেউ সংসদ সদস্য হতে পারতাম না। ৭১ না হলে আমরা এই দেশের মন্ত্রী হতে পারতাম না।’

তিনি বলেন, ‘উনারা অনেক সময় বলেন ৪৭ এর বলিদান। উনারা তো ৪৭ কে মানেন নাই। ৭১ কেউ মানেন নাই, ৪৭ কেও মানেননি। কিন্তু আজকে কেন উনারা ৪৭ নিয়ে আসেন আমি বুঝি না।’

দেশের বর্তমান জ্বালানি সংকট প্রসঙ্গে ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘কিছুদিন আগেও পেট্রোল ও বিদ্যুৎ নিয়ে জনমনে উদ্বেগ ছিল। বিরোধী দলের সদস্যরাও এ নিয়ে কথা বলেছিলেন। কিন্তু আল্লাহর রহমতে এখন আর পেট্রোলের লাইন নেই, বিদ্যুতের লোডশেডিংও অনেক কমে গেছে। আমরা সরকারি ও বিরোধী দল মিলে কমিটি করেছি, দেশটাকে উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা নিরলস কাজ করছি।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা আমাকে মিথ্যা মামলায় ৯ বছরের জেল দিয়েছিল। আমি বলেছিলাম, হাসিনার জেলে যাব না। তাই দেশ ছেড়ে চলে গিয়েছিলাম। আল্লাহর হাজার শুকরিয়া, আমাকে জেলে যেতে হয়নি, হাসিনাই দেশ ছেড়ে পালিয়ে গেছে।’

মন্ত্রী বলেন, ‘নাহিদের মতো তরুণরা যখন সংসদে দাঁড়িয়ে কথা বলে, তখন আমার নিজের তরুণ বয়সের আন্দোলনের কথা মনে পড়ে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন তলাবিহীন ঝুড়ির দেশটাকে উন্নয়নের মডেলে পরিণত করেছিলেন, আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বেও আমরা এই দেশটাকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। তারেক রহমান যা বলেন, তা-ই করেন।’

কালের আলো/এসএকে

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন