বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বললেন প্রিন্স, বন্ধ জুটমিল চালুর ঘোষণা ওয়াহাব আকন্দের

ময়মনসিংহ প্রতিবেদক
প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬ । ৬:২১ অপরাহ্ণ

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি শ্রমিক বান্ধব সরকার। সরকার গঠনের মাত্র দুই মাসের মধ্যেই একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বিএনপি যখন জুলাই সনদ এবং রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যদিয়ে এগিয়ে যাচ্ছে, তখন আমাদের এক সময়ের জোটসঙ্গী জামায়াত এবং এনসিপি তা বাঁধাগ্রস্থ করার চেষ্টা করছে। কিন্তু এসব করে কোন লাভ হবে। দেশের জনগণ বিএনপির সঙ্গে আছে, সকল প্রতিকূলতা মোকাবেলা করে তারেক রহমানের নেতৃত্বে আবারও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ।

শুক্রবার (১ মে) বিকাল পৌনে ৫টার দিকে মহান মে দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীর রেলওয়ে চত্বরে জেলা শ্রমিক দল আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে তিনি আরো বলেন, বিগত নির্বাচনে শ্রমিকদের প্রতি বিএনপির দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করছেন সরকার। দেশের বন্ধ কলকারখানা খোলে দিতে সরকার গঠনের মাত্র পনের দিনের মাথায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেছেন। এই কার্যক্রম বাস্তবায়ন করলে শ্রমিক সমাজ উপকৃত হওয়ার পাশাপাশি শক্তিশালী হবে দেশের অর্থনীতির ভিত্তি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ময়মনসিংহের বন্ধ জুটমিল চালু করতে ইতিমধ্যে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। অচিরেই বন্ধ মিলটি চালু করে কোন কালো ছায়া নয়, প্রকৃত শ্রমিকদের কাছে ফিরিয়ে দেওয়া হবে। তিনি আরো বলেন, বন্ধ জুটমিল চালু করতে সংশ্লিষ্ট সকল মহলে দেনদরবার করা হয়েছে। আমাদের এই দাবি পূরণ না হলে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। আশা করছি বিএনপি সরকারের শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের এই দাবি অচিরেই বাস্তবায়ন করবেন।

এ সময় জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম মোহনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ-৫ মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ সিটি করর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, জেলা উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মোতাহার হোসেন তালুকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সমাবেশে মুক্তাগাছা আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবলু বলেন, দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতে গর্ববোধ করেন। তিনি শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ।

বিশেষ অতিথির বক্তব্যে রুকুনোজ্জামান রোকন বলেন, কোন শ্রমিক যদি দিনে ৮ ঘন্টার স্থলে ১০ ঘন্টা কাজ করেন তাহলে তিনি ২ ঘন্টা ওভারটাইম মজুরি পাবেন। বিএনপি সরকার এই নীতি বাস্তবায়নে কাজ করছে। এ সময় শ্রমিকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, তারেক রহমানের প্রতি আস্থা রাখুন, যেকোন সুখে দুঃখে রাজপথের প্রতিটি নেতাকর্মীর পাশে থাকবেন তিনি।

অনুষ্ঠানে জেলা শ্রমিক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। এসময় বিগত আন্দোলন সংগ্রামে মামলা-হামলার শিকার ও নির্যাতিত নেতাকর্মীদের আর্থিক সহায়তা এবং সম্মাননা স্মারক প্রদান করে জেলা শ্রমিক দল। এর আগে এদিন সকাল থেকে দিবসটি উপলক্ষ্যে নগরীর বিভিন্ন স্থানে জেলা প্রশাসন, ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বর্নাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

এদিকে দিবসটি উপলক্ষ্যে মহানগর শ্রমিক দলের সভাপতি শহীদুল ইসলাম এবং সাধারন সম্পাদক আব্দুল মান্নানের নেতৃত্বে বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভা করেছে নেতৃবৃন্দরা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ সদর আসনের সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ সিটি করর্পোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, একেএম মাহাবুবুল আলম প্রমূখ।

কালের আলো/এম/এএইচ

প্রতিষ্ঠাতা সম্পাদক: মো: শামসুল আলম খান | ভারপ্রাপ্ত সম্পাদক: এম. আব্দুল্লাহ আল মামুন খান | কপিরাইট © কালের আলো সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন